
প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর রাফিউল (ছদ্মনাম) ফাইজাকে (ছদ্মনাম) বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর আট বছরের ছেলে সামিউল (ছদ্মনাম) বাবার কাছেই থাকে। বিয়ের পর থেকেই ফাইজা সামিউলকে বেশ ভালোবাসেন। প্রতি রাতে সঙ্গে নিয়ে ঘুমান। সব সময় সামিউলের দৈনন্দিন কাজগুলো তদারকি করেন—এমনভাবে সামিউলের সঙ্গে আচরণ করেন যেন তার বয়স আড়াই-তিন! এত যত্নআত্তি আর মাত্রাতিরিক্ত খবরদারির কারণে সামিউলের মেজাজ-মর্জি পরিবর্তন হতে শুরু করে। সে অল্পতেই রেগে ওঠে, কখনো অবাধ্য হয়।
প্রথম দিকে রাফিউল বিষয়টিকে ইতিবাচক আর প্রশংসার দৃষ্টিতে দেখলেও ইদানীং তিনি বিরক্ত হয়ে যাচ্ছেন। সামিউলের প্রতি ফাইজার এসব আচরণ তাঁর কাছে লোক দেখানো আর সাজানো মনে হতে থাকে। আর এই আচরণগুলো তাঁদের পারস্পরিক সম্পর্ককেও বাধাগ্রস্ত করে তুলছে।
বিবাহবিচ্ছেদ বা সঙ্গী-সঙ্গিনীর মৃত্যুর পর আরেকটি বিয়ে একটি স্বাভাবিক ঘটনা হিসেবে ধরা হয়। আগের স্বামী বা স্ত্রীর সন্তান থাকতে পারে। প্রাচ্য আর পাশ্চাত্য সব দেশের রূপকথায় কিছু চরিত্র দেখতে পাওয়া যায়, যেখানে নতুন মা বা নতুন বাবা (যাদের কাহিনিতে ‘সৎমা’ বা ‘সৎবাবা’ বলা হয়) এই শিশুটিকে যথেষ্ট ভালোবাসবেন না। তার প্রতি রূঢ় আচরণ করবেন, বিদ্বেষমূলক, হিংসাত্মক আচরণ করবেন। এই প্রচলিত ধারণাটি নতুন মা বা নতুন বাবার মনোজগতে প্রভাব ফেলে। তিনি এই সামাজিক ধারণাকে ভুল প্রমাণ করার জন্য অনেক সময় এমন কিছু আচরণ করা শুরু করেন, যা কখনো কখনো সমস্যা তৈরি করে। তাঁরা সন্তানটির প্রতি আদিখ্যেতা দেখানো শুরু করেন। খুব ছোট শিশু না হলেও তাকে সঙ্গে নিয়ে ঘুম পাড়াতে থাকেন, নিজের হাতে খাইয়ে দেন, কষ্ট করে হলেও দামি দামি উপহার কিনে আনেন।

শিশুটির কোনো অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য তাকে শাসন করেন না; বরং আশকারা দেন। এ ধরনের আচরণের পেছনে সাধারণত দুটি কারণ থাকে। প্রথমত, তাঁরা প্রচলিত সামাজিক ধারণাটিকে চ্যালেঞ্জ করেন এবং নিজেকে তথাকথিত ‘সৎমা’ বা ‘সৎবাবার’ তকমা থেকে দূরে রাখতে চান। দ্বিতীয়ত, তিনি তাঁর নতুন স্বামী বা নতুন স্ত্রীর কাছেও নিজেকে সন্তানবৎসল হিসেবে তুলে ধরতে চান; তাঁর মধ্যে কোনো বৈষম্যবোধ নেই, সেটা প্রমাণ করতে চান। কখনো বা দেখা যায়, তিনি সিদ্ধান্ত দিয়ে দেন যে তিনি আর কোনো সন্তান গ্রহণ করবেন না। এই সন্তানটিকেই নিজের মনের মতো করে গড়ে তুলবেন। এই আচরণগুলো বেশির ভাগ সময়ই খানিকটা আরোপিত এবং যথেষ্ট সাবলীল হয় না। ফলে এর প্রভাব পড়ে সন্তানটির ওপর, যিনি করছেন তার ওপর ও তাঁর জীবনসঙ্গীর ওপর।
সন্তানটি তার নতুন মা বা বাবাকে মেনে নিতে গিয়ে দেখে তার প্রতি অহেতুক বেশি যত্ন আর খবরদারি করা হচ্ছে। যত্নের নামে তার নিজস্বতাকে বাধা দেওয়া হচ্ছে। নিজের মতো করে নিজের জগৎকে সে গড়ে তুলতে পারছে না। কখনো সে তার আগের মা বা বাবার সঙ্গে নতুন মা বা বাবাকে তুলনা করতে গিয়ে একধরনের দ্বন্দ্বে পড়ে যায়। এই দ্বন্দ্ব তার মধ্যে মানসিক চাপ তৈরি করে। সন্তানটির মধ্যে চিন্তা আর আচরণের সমস্যা দেখা দেয়।
নতুন মা বা নতুন বাবা যখন এই আদিখ্যেতাপূর্ণ আচরণগুলো করতে থাকেন, তখন মূলত সে নিজের ‘ইগো’কে ডিফেন্স করতে থাকে। ফলে তার মনোজগতে একধরনের টানাপোড়েন তৈরি হয়। সে মানসিক চাপ, আচরণ আর আবেগজনিত সমস্যা বিশেষত বিষণ্নতায় আক্রান্ত হতে পারে।
আরেকদিকে শিশুটির জন্মদাতা বাবা বা মা প্রথম প্রথম বিষয়টিতে খুশি হয়ে ওঠেন। কিন্তু কিছুদিন পর তিনি দেখতে পান তাঁর সঙ্গী তাঁকে সময় দিচ্ছেন না, সব সময় শিশুটিকে নিয়ে ব্যস্ত থাকছেন। ফলে আন্তব্যক্তিক সম্পর্কটি দুর্বল হওয়া শুরু করে দাম্পত্য কলহও হতে পারে।
এ সমস্যা থেকে দূরে থাকতে হলে স্বামী বা স্ত্রীর আগের সন্তানটির সঙ্গে আচরণ হতে হবে সাবলীল আর স্বাভাবিক। রূঢ়তা, বিদ্বেষ তো নয়ই; এমনকি আদিখ্যেতা বা মাত্রাতিরিক্ত যত্ন নেওয়ার প্রয়োজন নেই। মা মানে মা, বাবা মানে বাবা—এটি বিশ্বাস করতে হবে। ‘সৎমা’ বা ‘সৎবাবা’ বলে কিছু রয়েছে—এটি ভুলে যেতে হবে। সেই সঙ্গে তথাকথিত ‘সৎমা’ বা ‘সৎবাবা’ যে ভালো হয় না, সেই প্রচলিত সামাজিক মিথ্যা ধারণাটিকে উপেক্ষা করতে হবে। এই প্রচলিত সামাজিক ভুল ধারণাটিকে চ্যালেঞ্জ করার অর্থ হচ্ছে সেটিকে গুরুত্ব দেওয়া। তাই সেটিকে গুরুত্ব না দিয়ে উপেক্ষা করুন। শিশুর সঙ্গে সাবলীল আর স্বাভাবিক আচরণ করুন। আরোপিত আচরণ সবাইকে সমস্যায় ফেলবে। ‘সৎমা’, ‘সৎবাবা’, ‘নতুন মা’ বা ‘নতুন বাবা’ নয়, সবাই হয়ে উঠুন কেবল ‘মা’ বা ‘বাবা’।
আহমেদ হেলাল
সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা