
‘রকিবের (ছদ্মনাম) সঙ্গে এত কী কথা? কতবার বলেছি “খারাপ” ছেলেদের সঙ্গে মিশবে না।’
‘তোমার রেজাল্ট আর ভালো হবে কীভাবে? থাকো তো সব সময় “ফেল্টুসদের” সঙ্গে।’
‘রিমা (ছদ্মনাম) মেয়েটা “বাজে”, ওর সঙ্গে এত কিসের মাখামাখি?’
‘সব সময় ক্লাসের “ভালো” ছেলেদের সঙ্গে মিশবে।’
উঠতি বয়েসের ছেলেমেয়েদের প্রতি বাবা-মায়েদের এসব নির্দেশ, অনুযোগ বা নির্দেশ নতুন কিছু নয়।
একধরনের শঙ্কা থেকে তৈরি হলেও সন্তানের বন্ধু নির্ধারণ বা নিয়ন্ত্রণ করার বাবা-মায়ের এই প্রবণতা আসলে কতখানি গ্রহণযোগ্য অথবা যুক্তিযুক্ত?
ব্যক্তির মানসিক বিকাশে, সামাজিক দক্ষতা তৈরিতে কৈশোরে বন্ধুত্বের ভূমিকার কোনো বিকল্প নেই। একটা বিষয় মনে রাখা প্রয়োজন, ছোটবেলা থেকে যার যত বেশি ধরনের ছেলেমেয়েদের সঙ্গে বন্ধুত্ব বা মেলামেশা থাকবে, জীবনের সঙ্গে সংশ্লিষ্টতা তার তত বেশি হবে। সামাজিকভাবে সে তত দক্ষ হবে। অন্যকে বোঝার ক্ষমতা, সমস্যা মোকাবিলা করা অথবা নানা ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রেই শুধু নয়, আত্মবিশ্বাস বা নিজের সম্পর্কে ধারণা তৈরিতেও কৈশোর বয়সে সমবয়সী ছেলেমেয়েদের সঙ্গে মেলামেশার এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছেলেবেলায় তৈরি হওয়া প্রয়োজনীয় এসব দক্ষতা কাজে লাগে সারা জীবন।
বেশির ভাগ বাবা-মায়ের কাছে ‘ভালো ছেলে, ভালো মেয়ের’ সংজ্ঞা হলো যারা পড়ালেখায় ভালো, বাবা-মায়ের একান্ত বাধ্য বা শান্ত প্রকৃতির। আমাদের সবারই মনে রাখা প্রয়োজন, কোনো মানুষের ক্ষেত্রেই ‘খারাপ’ বা ‘ভালো’ এই দুই ভাগে ভাগ করে ফেলার কোনো সুযোগ নেই।
প্রতিটি মানুষের মধ্যেই ভালো-মন্দ দুই ধরনের বৈশিষ্ট্যই নানাভাবে কমবেশি থাকে। তা ছাড়া পড়ালেখা কম করলে বা একটু দুষ্টু প্রকৃতির বা বহির্মুখী হলেই যে কেউ খারাপ হবে এমনও কোনো কথা নেই। পড়াশোনায় পিছিয়ে পড়া বা একটু বহির্মুখী ছেলেমেয়েদের মধ্যেও এমন অনেক মানবিক গুণাবলি (ভালো আচরণ, পরোপকারী মনোভাব, মমত্ববোধ, স্বার্থহীনতা, ইত্যাদি) বা অন্যান্য সামাজিক দক্ষতা অথবা সচেতনতা থাকতে পারে, যা আপনার সন্তান শিখতে পারে।
যদি প্রশ্ন করা হয় কোন ধরনের ছেলেমেয়েদের সঙ্গে সন্তানদের মিশতে দেওয়া উচিত? উত্তর হবে শুধু বিশেষ একধরনের বন্ধুদের বদলে নানা ধরনের, নানা বৈশিষ্ট্যের সব ছেলেমেয়েদের সঙ্গে মিশতে উৎসাহ দেওয়া উচিত। এতে ছেলেবেলা থেকেই মানুষ সম্পর্কে একধরনের সামগ্রিক দৃষ্টিভঙ্গি তৈরি হতে সাহায্য করে। যেকোনো মানুষের সঙ্গে মিশতে পারার সহজাত দক্ষতা তৈরি হয়। বড় হওয়ার পর জীবনের নানা জটিলতা মোকাবিলা করতে, যেকোনো পরিস্থিতি সামলাতে, জীবনের চলার পথে সঠিক মানুষ নির্বাচনে এর কোনো জুড়ি নেই।
বন্ধুদের সঙ্গে মিশে ছেলেমেয়েদের ‘ভুল’ পথে চলে যাওয়ার যে শঙ্কা মা-বাবার মনে থাকে, তা-ও অবশ্য অমূলক নয়। তবে গবেষণায় দেখা যায়, যেসব সন্তানদের বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক দৃঢ় বা খোলামেলা থাকে, তারা সাধারণত পরিবারের মূল্যবোধের খুব বেশি বাইরে যায় না। সম্পর্ক দৃঢ় মানে চাওয়ার সঙ্গে সঙ্গেই সব দিয়ে দেওয়া বা আদরের মাখামাখি নয়। এ ক্ষেত্রে সন্তানের সঙ্গে গুণগত সময় কাটানো, একসঙ্গে গল্প করা, সিনেমা দেখা, বন্ধুদের নিয়ে কথা বলা, ঘুরতে যাওয়া ইত্যাদি সন্তানের সঙ্গে বাবা-মায়ের বন্ধন গভীর করে।
কী করবেন, কী করবেন না
* কোনো অবস্থাতেই বন্ধুদের সম্পর্কে কোনো নেতিবাচক বা অসম্মান করে কোনো মন্তব্য করবেন না। এ বয়সে বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলে এ ধরনের মন্তব্য আপনার সঙ্গে সন্তানের অহেতুক দূরত্ব বা আপনার প্রতি বিরূপ মনোভাব তৈরি করবে।
* সন্তান কার সঙ্গে মিশবে বা মিশবে না, সেটা জোর করে চাপিয়ে দেবেন না। এতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাধাগ্রস্ত হয়। কোনো নির্দিষ্ট বন্ধুকে নিয়ে আশঙ্কা হলে প্রথমেই বাধা না দিয়ে বিষয়টি নজরে রাখুন।
* সন্তানদের শুধু একটি বিশেষ শ্রেণির ছেলেমেয়ের সঙ্গে মিশতে দেওয়ার পরিবর্তে সব ধরনের বাচ্চাদের সঙ্গে মিশতে উৎসাহ দিন। নানা ধরনের ছেলেমেয়ের সঙ্গে বন্ধুত্ব মানুষ সম্পর্কে একধরনের সামগ্রিক ধারণা তৈরিতে সাহায্য করবে, মন মুক্তভাবে বেড়ে উঠবে।
* সন্তানের বন্ধুদের পড়ালেখা, চরিত্র, পরিবার, ধর্ম, আর্থসামাজিক অবস্থান ইত্যাদি নিয়ে অসম্মানজনক কথা বলা থেকে বিরত থাকুন। এসব আচরণ মানবিক দৃষ্টিভঙ্গি তৈরিতে বাধা দেয় এবং একধরনের কূপমণ্ডুকতা তৈরি করে।
* বন্ধুদের ব্যাপারে গোপন নজরদারি করবেন না। সন্তান কাদের সঙ্গে মেশে এটা জানার সবচেয়ে ভালো উপায় হলো আপনার বাসার দরজা তাদের জন্য খোলা রাখুন। মাঝেমধ্যে বাসায় তাদের আমন্ত্রণ জানান। তাদের সঙ্গে কথা বলুন, তাদের সম্পর্কে জানুন।
* ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুদের সঙ্গে যোগাযোগের পরিবর্তে বন্ধুদের সঙ্গে সরাসরি সময় কাটাতে বা মিশতে উৎসাহ দিন।
* বিপরীত লিঙ্গের সঙ্গে মিশতে বাধা দেবেন না। বরং ছেলেমেয়েদের সঙ্গে স্বাভাবিক বন্ধুত্ব করতে দিন। ছোটবেলা থেকেই ছেলেমেয়েদের পরস্পরের সঙ্গে স্বাভাবিক মেলামেশা পরবর্তী সময়ে বিপরীত লিঙ্গের প্রতি ‘অনাবশ্যক’ কৌতূহল কমিয়ে দেয়।
* জীবনে সফল হওয়ার মানে কিন্তু ব্যাপক। এর মানে শুধু পেশাগত জীবনে সুউচ্চ অবস্থানে গিয়ে অনেক অর্থ উপার্জন নয়। পেশাগত সফলতার পাশাপাশি প্রয়োজন পারিবারিক জীবন ও সম্পর্কে সফলতা, সামাজিক জীবনে সফলতা এবং আত্মিক সফলতা। ছোটবেলার বন্ধুত্বের নানা অভিজ্ঞতার মাধ্যমে যে পরিপক্বতা ও প্রাথমিক জীবনবোধ তৈরি হয়, জীবনের সার্বিক সফলতায় তার ভূমিকা অসামান্য।
সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা