ওর সঙ্গে হঠাৎ দেখা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগে সম্পর্ক ছিল এমন কারও সঙ্গে হঠাৎ দেখা হলে স্বাভাবিক আচরণ করাই ভালো। মডেল: নিহাল, নুসরাত ও মিজু। ছবি: অধুনা
আগে সম্পর্ক ছিল এমন কারও সঙ্গে হঠাৎ দেখা হলে স্বাভাবিক আচরণ করাই ভালো। মডেল: নিহাল, নুসরাত ও মিজু। ছবি: অধুনা

পারমিতা ও জাহিদের বিয়ে হয়েছে ছয় মাস। সুখের সংসার। দুজনই চাকরিজীবী। তাই অনেক ক্ষেত্রে একে অপরকে ঠিকভাবে সময় দেওয়া হয়ে ওঠে না। একদিন তাঁরা একসঙ্গে দুপুরে খেতে গেলেন ভালো একটা রেস্তোরাঁয়। সেখানে গিয়েই পারমিতার দেখা হয় হাসিবের সঙ্গে। বিয়ের আগে পারমিতা ও হাসিবের সম্পর্ক ছিল৷ সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর পরিচয় হয় জাহিদের সঙ্গে এবং তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। পারমিতা ও হাসিব দুজন দুজনকে দেখে অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান৷ কী করবেন বুঝে উঠতে পারেন না।
অনেকের জীবনেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়৷ বর্তমান সঙ্গীকে নিয়ে কোথাও যাচ্ছেন, তখনই হয়তো দেখা হলো সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে৷ এমন অবস্থায় কী করা উচিত? কী কী উচিত নয়—এ নিয়ে একটা দ্বিধা সৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই এক শহরে বাস করতে গেলে একে অপরের সঙ্গে কোথাও না কোথাও দেখা হওয়াটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে যে পরিস্থিতি সৃষ্টি হয় তা অনেকটাই কঠিন। কারণ, অতীত সবাই ভুলতে চায়৷ অতীতের কোনো কিছু বর্তমানে আসুক সেটা কেউ চায় না। কিন্তু এমন পরিস্থিতি তো বলে-কয়ে আসে না। তবে এমন পরিস্থিতির মুখোমুখি হলে স্বাভাবিকভাবেই সবকিছু সামাল দেওয়া উচিত।
এমন পরিস্থিতিতে অনেকেই কী করবেন বুঝে উঠতে পারেন না। মুখ ঘুরিয়ে চলে যাবেন? নাকি আগ বাড়িয়ে কথা বলবেন? বর্তমান সঙ্গীকেই-বা কী বলবেন? এই প্রশ্নগুলো বারবার ঘুরপাক খেতে থাকে। তবে মনে রাখা উচিত, জীবনে চলার পথে অনেক কিছুই হয় এবং সেগুলো সামলে ওঠাটাই আসল। এ ক্ষেত্রে সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে দেখা হলে অস্বাভাবিক আচরণ না করে স্বাভাবিক থাকাটাই শ্রেয়। হয়তো অনেকে মনে করেন দেখা হলে মুখ ঘুরিয়ে চলে যাওয়াটাই ভালো। কিন্তু এমন আচরণ না করে স্বাভাবিকভাবে কথা বলুন। তাঁর সঙ্গে প্রয়োজনীয় কুশল বিনিময় করুন৷ যদি কোনো তিক্ততার কারণে সম্পর্ক নষ্ট হয়, সেগুলো না মনে করে স্বাভাবিক কথা বলুন। পুরোনো কথা, পুরোনো স্মৃতি মনে করে আবেগপ্রবণ হবেন না। এতে বর্তমান সঙ্গীর সামনে একটা অন্য রকম পরিস্থিতি তৈরি হয়। কোনো কথায় বা আচরণে বাড়তি আগ্রহ যেন প্রকাশ না পায় সেটি মাথায় রাখতে হবে।
সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা হলো একধরনের আলাদা মনোযোগ দেওয়া, কথায় কথায় পুরোনো বিষয়গুলো চলে আসে—এমনটাও হতে পারে। এ ক্ষেত্রে পুরোনো বিষয় বা আগের কথাগুলো না বলাই উচিত। অর্থাৎ তাঁর সঙ্গে আলাদা করে কোনো সময়, আলাদা করে কোনো কথা না বলাটাই উচিত। দেখা যায়, বর্তমান সঙ্গী পাশে থাকলে অনেকে মুখ ঘুরিয়ে নেন বা না চেনার ভান করেন৷ খারাপ ব্যবহার করে ফেলেন, এটাও ঠিক না৷ এ ধরনের পরিস্থিতিতে যতটা সম্ভব স্বাভাবিক থাকাটাই ভালো। তবে অতিরিক্ত আবেগ না দেখানো বা আবেগের ব্যাপারটা প্রশ্রয় না দেওয়াই উচিত। বর্তমান সঙ্গীকে অবশ্যই সাবেক প্রেমিক-প্রেমিকার ব্যাপারটা খুলে বলবেন৷ তাঁকে কিছুটা হলেও পুরোনো সম্পর্কের ব্যাপারে ধারণা দেবেন, এতে করে নিজেদের ভেতর কোনো সমস্যা থাকবে না৷ হঠাৎ করে সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে দেখা হলেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে না। বর্তমান সঙ্গীকে পরিচয় করিয়ে দেন সাবেক প্রেমিকের সঙ্গে, সাবেক প্রেমিকের কাছে তুলে ধরুন আপনাদের ভালো থাকার কথাগুলো। তবে অতীতের সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা থাকলে তা এড়িয়ে চলাটাই ভালো।

ডা. মেখলা সরকার : অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা