ওরহান পামুকের খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ রাতের ইস্তাম্বুল সফর আমাদের শেষ হয়ে আসে। পরদিন রাতে আমরা যাব কায়রো। কিন্তু ওরহান পামুকের সঙ্গে দেখা না করে ইস্তাম্বুল ছাড়া কি ঠিক হবে? তাঁকে পাই কোথায়? তাঁর বই ইস্তাম্বুল কেনা হয়েছিল অনেক আগে, পড়া হয়নি। ইস্তাম্বুল সফরে আসার সময় হাতব্যাগে বইটা রেখেও ছিলাম। প্লেনে বেশিক্ষণ পড়াও যায় না। অল্প-বিস্তর যতটুকু পড়েছি খুব ভালো লেগেছে। তার শৈশবের ইস্তাম্বুল গল্প, অটোমান সাম্রাজ্যের দুঃশাসনের কাহিনি—সবকিছুই চমৎকার।এই লোকটার প্রতি আগ্রহ আমার অন্য কারণে। তাঁর বইতে পড়েছি, তিনি স্থাপত্যবিদ্যা পড়তে ভর্তি হয়েছিলেন এখানে। স্থপতি বোধ হয় হননি, কিংবা হলেও অন্য বিষয় নিয়ে পরে পড়েছেন। এখন আমেরিকার বোস্টন শহরে থাকেন। লেখালেখি করেন। নোবেল পুরস্কার পাওয়ার পর ইস্তাম্বুলি এই লেখকের এখন বিশ্বজোড়া নাম।সুলতানামেতের রাস্তার পাশে অনেকগুলো বইয়ের দোকান। বেশির ভাগই ইস্তাম্বুল নিয়ে। পর্যটকদের পছন্দ হবে এমন বই। সেখানকার এক দোকানিকে জিজ্ঞেস করি, আচ্ছা, ওরহান পামুককে কি আপনি চেনেন? আপনাদের দেশের নোবেলজয়ী লেখক।লোকটি খুব সহজ করে বলল, ‘চিনব না কেন? আমাদের দোকানেও তো মাঝে মাঝে আসেন।’তাই নাকি!তাহলে ওরহান পামুক খুবই সহজলভ্য। আমি বলি, তাঁর ঠিকানা ও ফোন নম্বর দিন। আমি তাঁর সঙ্গে দেখা করব।দোকানি আবারও তাচ্ছিল্য করে বলেন, ‘হাজিয়া সোফিয়ার সামনে কাল সকালে চলে আসেন। ওনার নতুন বই বিক্রি হচ্ছে, নিজেই অটোগ্রাফ দিয়ে বই বিক্রি করছেন। কথা বলতেও পারবেন, সমস্যা নেই।’যেই কথা, সেই কাজ।সেদিন আমাদের আর কোনো কাজ নেই। ইস্তাম্বুলের শেষ দিনটা আমরা ওরহান পামুকের সঙ্গে কাটাতে চাই। হাজিয়া সোফিয়ার সামনে সত্যি সত্যি একটা বইয়ের স্টল চোখে পড়ল। আগেও এখানে এসেছি, কিন্তু এমন দোকান দেখিনি। এমনিতে ছোট ছোট কিওস্ক আছে এখানে-সেখানে, কিন্তু শুধু বই বিক্রির মতো কোনো আয়োজন কোথাও নেই। এবারে দেখলাম নতুন কিছু।একটা আট ফুট বাই আট ফুটের স্টল। তার তিন দিক খোলা। মাঝখানে ৩০-৩৫ বছর বয়সী ফরসা এক তরুণ বসে আছেন। পেছনে অপর একজন। মাত্র দুজন লোক স্টলে বসা। বেশ কিছু ট্যুরিস্ট তাঁর সামনে। তিনি বইয়ের ওপর সই করছেন আর বিক্রি করছেন। সারা স্টল গোলাপ ফুলের নকশায় ভরা। চারদিকে একটিমাত্র বইয়ের পোস্টার। বইটির নাম দি মিসিং রোজ। লেখক হিসেবে নাম আছে সরদার ওজকান। তবে কি আমরা ভুল ঠিকানায় এসেছি?আমরা দি মিসিং রোজ-এর লেখককে জিজ্ঞাসা করি, এখানে কি ওরহান পামুক বসেন?সরদার ওজকান কিছুটা বিচলিত। বললেন, তিনি কাল ছিলেন, আজ চলে গেছেন আমেরিকায়। আজ থেকে আমি আছি আগামী সাত দিন। আমার বইটা দেখতে পারেন।আমরা তাই বই ওল্টাই।ওমা, এ তো দেখি অনেক বিখ্যাত লেখক! মাত্র এক মাস আগে তাঁর এ বইটি প্রথম বাজারে আসে এবং এই এক মাসে এখন পর্যন্ত পৃথিবীর ২৭টি ভাষায় তাঁর বইয়ের অনুবাদ বেরিয়ে গেছে! আমার ক্যামেরা ট্রাইপডে বসে যায়। আমি শুরু করি আলাপচারিতা।সরদার ওজকানের জন্ম এই তুর্কিস্তানেই, ১৯৭৫ সালে। পড়াশোনা আমেরিকায়। পেনসিলভানিয়ার লেহিগ বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন আর মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করে তিনি সিদ্ধান্ত নেন সবকিছু ছেড়ে তিনি ঔপন্যাসিক হিসেবে জীবিকা নির্বাহ করবেন। ২০০২ সাল থেকে তিনি একজন পেশাদার লেখক। তাঁর প্রথম উপন্যাসের নাম দি মিসিং রোজ। সরদারকে বলি, বাংলা ভাষার কোনো লেখকের নাম কি জানেন?‘জানি, টেগর। আমি তাঁর বেশ কিছু লেখা পড়েছি।’বাংলা ভাষায় কিন্তু ওরহান পামুকের বই অনুবাদ হয়েছে, আপনি কি মনে করেন, আপনার কোনো বইও বাংলায় অনূদিত হবে?‘অবশ্যই হবে।’কে করবে? কারও সঙ্গে কি যোগাযোগ হয়েছে?‘তুমি করবে? পারবে না?’ বলেই হো হো করে হেসে ওঠেন।সরদারের বইয়ের দোকানে অনেক ভিড়। বুঝতে পারি, আমাদের বিদায় নিতে হবে।আমি ক্যামেরা বন্ধ করে কাঁধে ঝোলালাম। এমন সময় সরদার তাঁর একটা বই বাড়িয়ে দিলেন। আমি দাম দেওয়ার জন্য পকেটে হাত দিয়েছি, বিনয় করে লেখক বললেন, ‘লাগবে না, এটা আমার উপহার।’ আমি হাতে নিয়ে বলি, তাহলে সই করে দাও। তিনি লিখলেন, ‘অ্যাজ এ রিমেমব্রেন্স ফর ইউর ভিজিট টু ইস্তাম্বুল...ফর মি. শাকুর...উইশিং ইউ এ নাইস জার্নি থ্রো দি রোজ গার্ডেন—সরদার ওজকান’।