ওরা

জ্যামে আটকে থাকার সময়টাও আজ ভালো লাগছে নিলয়ের। সিএনজির চালক মামা নেমে খুঁজতে গেছেন এত দীর্ঘ জ্যামের কারণ। চট করে একবার পাশে বসে থাকা টিয়াকে দেখে নিলয়। নিলয়ের এই ঘন ঘন তার দিকে তাকানোর বিষয়টা বুঝতে পেরে ঠোঁট টিপে হাসে টিয়া।
ফেসবুকে পরিচয় নিলয় আর টিয়ার। হাই-হ্যালো আর আপনি পেরিয়ে সম্পর্কটা তুমিতে এসে ঠেকার পর আজ অন্তর্জালের বাইরে প্রথম দেখা দুজনার। তারপর টিয়ার প্রিয় রেস্টুরেন্টের উদ্দেশে এই সিএনজি যাত্রা এবং জ্যাম।
—‘ঢাকা দেন।’
আচমকা কানের পাশে এ কথা শুনে চমকে টিয়ার মুখ থেকে দৃষ্টি কণ্ঠস্বরের মালিকের দিকে ফেরায় নিলয়। ছেলেটার বয়স পাঁচ-ছয় হবে। পরনে শুধু ময়লা একটা হাফপ্যান্ট। ফোকলা মুখে একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। ভাবখানা এমন যেন এই হাসিতে গলে পকেট থেকে কিছু খসাবে নিলয়। কিন্তু এসবে অভ্যস্ত নিলয় ‘যা’ বলে একটা মৃদু ধমক ছাড়া আর কিছু দেয় না ছেলেটাকে। নিলয়ের ধমক শুনে মুখ কালো করে ছেলেটা। তবে হাসিতে উদ্ভাসিত হয় টিয়ার মুখ। ‘ও মা, কী কিউট!’ বলে নিজের ব্যাগে হাত ঢোকায় টিয়া। নিলয় বাধা দেয় টিয়াকে। বলে, ওকে কিছু দিয়ো না তো। এরা পরিবার ধরেই ভিক্ষুক। ওই দেখো।
পাশের প্রাইভেট কারের কাছে দাঁড়ানো এক মহিলাকে দেখায় নিলয়। মহিলা ওই গাড়ির যাত্রীদের বলে চলেছেন, ‘বিশ্বাস করেন, আমরা ফকির না। পানিতে আমাগে বাড়িঘর সব তলায়ে গেছে। এখন এই ছোড ছাওয়ালডারে নিয়ে কনে যাব কন?’ ছোড ছাওয়াল বলে তাদের সিএনজির পাশে দাঁড়ানো ছেলেটাকে ইশারায় দেখান মহিলা।
এটা দেখে টিয়া বলে, কিছু দিচ্ছি না তো। কথা পুরো শেষ না করেই ব্যাগ থেকে হাত বের করে সে। তার হাতে দামি একটা মোবাইল। এবার অসমাপ্ত কথা শেষ করে টিয়া। বলে, শুধু কয়েকটা ছবি তুলে রাখব।
বাচ্চাটার দিকে মোবাইল তাক করতেই তার মুখে আবার ফোকলা হাসিটা ফিরে আসে। বিভিন্নভাবে কয়েকটা ছবি তোলে টিয়া। তারপর বলে, হয়ে গেছে বাবু। এবার যাও।
—‘১০ টাকা দেন।’ বাচ্চাটা অনড়।
—এই বয়সেই ১০ টাকা চিনে ফেলেছে! যা ভাগ! এবার বেশ শক্ত করেই ধমকায় নিলয়।
এই সব ধমক যেন কিছু নয় ছেলেটার কাছে। সে সিএনজির দরজা মুঠো করে ধরে হুমকি দেয় নিলয়কে, ‘যদি উইঠে আসি নে!’
নিলয় অবাক হয় এই হুমকি শুনে। টিয়া হাসে শব্দ করে। সিএনজিচালক মামা এসে খবর দেন জ্যাম ছোটার। ছেলেটাকে সিএনজির দরজা ধরে থাকতে দেখে তাড়া করেন। ছেলেটা ছুটে মায়ের পাশে গিয়ে রাগী চোখে তাকিয়ে থাকে নিলয়ের দিকে।
রেস্টুরেন্টে খাবারের জন্য অপেক্ষা করতে করতে জানালার বাইরে দিয়ে রাস্তার দিকে তাকিয়ে অবাক হয় নিলয়। রাস্তার পাশে দাঁড়িয়ে রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে সেই ছেলেটা। ওদের পিছু নিয়ে এখানে চলে এসেছে। চোখ কচলে আবার তাকায় নিলয়। নেই। নিলয়কে এ রকম করতে দেখে কারণ জানতে চায় টিয়া। ‘না, কিছু না’ বলে হাসার চেষ্টা করে নিলয়। আবার তাকায় রাস্তার দিকে। আছে। তবে এবার একা নয়। ছেলেটার সঙ্গে তার মতো আরও কয়েকজন দাঁড়িয়ে আছে সারি বেঁধে। টেবিলে খাবার সাজিয়ে দিয়ে যায় ওয়েটার। ও, ওরা যদি উঠে আসতে শুরু করে তাহলে কী হবে? এই ভাবনায় দামি দামি সব খাবারে কোনো স্বাদ পায় না নিলয়।