ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পা থেকে মাথা পর্যন্ত শিরশির করে উঠল পিথুর। স্বপ্নার বিড়ালটা পায়ে গা ঘষছে। পিথু বিড়াল সহ্য করতে পারে না, ওর অসহ্য লাগছে। হলে মেয়েরা নিজেরাই থাকতে পারে না, আর বিড়াল নিয়ে আদিখ্যেতা। বিড়ালটা কেমন আদুরে চোখে বহু আশা নিয়ে পিট পিট করে তাকাচ্ছে পিথুর দিকে। দেখেই হেসে ফেলল ও। হঠাৎ করে মনের মেঘ কেটে যেতে শুরু করল। বিড়ালটার মাথায় হাত বুলিয়ে দেয়। পরশু দিনের ওই বিদঘুটে ফাইনাল পরীক্ষা আর আজ বিকেল থেকে হলে কনসার্ট। ‘সারপ্রাইজ গেস্ট’ও আসবে। সব মেয়ে ওখানে, রুমে বসেই মেয়েদের চিৎকার শুনতে পাচ্ছে তারা। কত্ত মজা করবে ওরা। গতবার পিথু হলে ছিল না। আর কী দুর্ভাগ্য। এবার হলে থেকেও যেতে পারছে না। রিক্তা, সোনিয়া রুমে তৈরি হচ্ছে নিচে যাবে বলে। খুট শব্দে বই থেকে মাথা তুলল পিথু। কখন যেন বইয়ের ওপর মাথা রেখেই ঘুমিয়ে গিয়েছিল। চারদিক অন্ধকার। ওরা সবাই চলে গেছে, রুমের লাইট জ্বালানো হয়নি। ভালোই হলো, নিরিবিলি পড়া যাবে। হাত-মুখ ধোয়ার জন্য উঠল ও। নরম কিছুতে পা পড়ে হুমড়ি খেয়ে পড়ল। ‘ফ্যাক’ করে উঠল বিড়ালটা। রুমের আলো জ্বালিয়ে বের হলো ও। এই তলায় মোট ১২টি রুম। দীর্ঘ বারান্দার শেষ প্রান্তে সারি বাঁধা বাথরুম। দরজা খুলেই পিথু হতভম্ব। সারি সারি চেয়ার-টেবিল, আলনা দিয়ে বারান্দা বোঝাই। ‘কোন বেকুবের কাজ? যাব কোনদিক দিয়ে, যত্তসব।’—বলল পিথু। আশপাশে কাউকেই দেখতে পেল না। ফ্লোরে সম্পূর্ণ একা ভেবেই ওর কেমন যেন লাগল। কীভাবে সামনে এগোবে ভাবতে ভাবতেই শেষ প্রান্তের রুমের দরজা খুলে গেল। অস্বস্তি লাগলেও একা নয় ভেবে খুশি হলো পিথু। ‘বোধহয় দু-একজন এখনো কনসার্টে যায়নি। কিন্তু কেউ বের হচ্ছে না কেন?’ হঠাৎ করেই নড়ে উঠল চেয়ার-টেবিল। সরে গেল দুই পাশে। একদম শেষ প্রান্তের রুম থেকে বের হলো একটা মেয়ে। বাঁকা একটা হাসি ঝুলিয়ে সরাসরি পিথুর চোখের দিকে তাকিয়ে আছে মেয়েটা। দূরে হলেও শুধু চকচকে চোখ দুটোই দেখা যাচ্ছে। একটু একটু করে আলোতে এল মেয়েটা। বোঝা যাচ্ছে না কে। নতুন কেউ হবে হয়তো। কিন্তু চেহারাটা পরিচিত বলেই মনে হলো পিথুর। মেয়েটা অন্য রুমের সামনে এসে দাঁড়াতেই নড়ে উঠল দরজাটা। কোনো মানুষ বের না হলেও আবছা ছায়া পড়ল কারও। চোখের ভুল ভাবল পিথু। ঘুম থেকে দাঁড়িয়ে আছে বলেই এমন লাগছে। কিন্তু একে একে সব দরজা থেকেই ছায়া বের হয়ে একসঙ্গে দাঁড়িয়ে রইল। পিথুর মাথাটা ঝিম ঝিম করছে। কেমন সম্মোহিতের মতো স্থির দাঁড়িয়ে সামনে তাকিয়ে আছে ও। পাঁচটা ছায়ামূর্তিসহ সামনে এগিয়ে আসতে থাকে মেয়েটা। আর একটু সামনে আসতেই মেয়েটার হাত দেখতে পায় পিথু। কেমন পোড়া দাগ আর গন্ধ সবখানে। আরে! এ তো? হ্যাঁ, সেই তো। কিন্তু কীভাবে?পাঁচ-ছয় বছর আগে পত্রিকায়-সংবাদে বহুবার এসেছে মেয়েটার ছবি। বৈদ্যুতিক শকে এই ফ্লোরের কোনো এক রুমে মেয়েটা মারা যায়। সুপ্তি আপুর চেহারার সঙ্গে মুখের খুব মিল ছিল তাই মনে আছে। বুকের ভেতর ঢাকের বাড়ি শুনতে পাচ্ছে পিথু। শ্বাস নিতে পারছে না। এসব কী হচ্ছে? পিথু নিশ্চয়ই স্বপ্ন দেখছে। পাঁচ ছায়ামূর্তিসহ এগিয়ে আসছে মেয়েটা। আরও কাছে, কী বীভৎসভাবে পুড়ে গেছে। উফ! দম পাচ্ছে না পিথু। কনসার্টের উদ্দাম চিৎকার ভেসে আসছে কানে। হাত বাড়িয়ে দিয়েছে মেয়েটা একদম সামনে চলে এসেছে। একটা হাত ছুঁতে চাইছে পিথুকে। পাথরের মতো ভারী হয়ে গেছে পা। নড়তে পারছে না, বলতে পারছে না। শুধু মনে হচ্ছে, কিছুতেই ছুঁতে দেবে না ও নিজেকে। ভয়ংকর কিছু একটা ঘটবে তাহলে।হাত বাড়িয়ে পিথুর হাত ধরল মেয়েটা। কবজিতে চেপে বসা হাতে অসহ্য যন্ত্রণা। সব জীবনীশক্তিটুকুকে যেন শুষে নিচ্ছে। হঠাৎ গড়গড় শব্দে চমকে উঠল মেয়েটা। মুখে ভয়ের ছায়া। স্বপ্নার আদুরে বিড়ালটা গড়গড় করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। এক লাফে কামড়ে ধরল মেয়েটার হাত। চিৎকার করে উঠল মেয়েটা, হাতটায় জোরে ঝাঁকি দিল। শূন্যে উঠে গেল বিড়ালটা। ধুপ করে পড়ল নিচে আবারও। এভাবে চলতেই থাকে। একসময় পিথু দেখে বিড়ালটা পুরো থেঁতলে গেছে। নিচ থেকে কারও গলার আওয়াজ ভেসে আসছে। ওপরে এল কয়েকটা মেয়ে। কে একজন চিৎকার করে ওঠে। পিথু দেখে স্বপ্না। ওর বিড়ালটার অবস্থা দেখে কাঁদছে। আর ঘৃণার চোখে তাকিয়ে আছে পিথুর দিকে। ও জানে সবাই ওকেই দুষবে।কিন্তু তারা গেল কোথায়, ওই তো। সিঁড়ি দিয়ে নামছে। কিন্তু মেয়েটার সঙ্গে পাঁচটার বদলে ছয়টা ছায়ামূর্তি কেন? সৈয়দা ফাহমিদা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।