ওরা একদল খুদে বনরক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল বেঁধে মাঝেমধ্যেই ওরা বনে যায়। কেবল ঘুরে বেড়াতে নয় বরং বনের গাছপালা, পশু পাখির অবস্থা দেখতে। অবৈধভাবে গাছকাটা অথবা বন্যপ্রাণী হত্যার কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে জানায় বন বিভাগকে। পাশাপাশি সহপাঠী ও এলাকাবাসীদের বন রক্ষার প্রয়োজনীয়তাও বোঝায়।এ কাজে রীতিমতো প্রশিক্ষণ নিয়েছে ওরা। নিয়মিত বৈঠক হয় বন ভািগের কর্মকর্তাদের সঙ্গে। কাপ্তাইয়ের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮০ জন শিক্ষার্থী বন বাঁচাতে এভাবেই বন বিভাগের সঙ্গে কাজ করে যাচ্ছে। এই শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে বন সংরক্ষণ ক্লাব। ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত সমন্বিত রক্ষিত এলাকা সহব্যবস্থাপনা কমিটি বা আইপ্যাক প্রকল্পের আওতায় ২০১০ সালে বন সংরক্ষণ ক্লাব গড়ে তোলা হয়।কাপ্তাই, সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া, চকরিয়াসহ যেসব এলাকায় আইপ্যাকের প্রকল্প চালু আছে সেসব এলাকায় এই ক্লাব গঠিত হয়েছে। বন সংরক্ষণ ক্লাবে শিক্ষার্থী ছাড়াও সাংবাদিক শিক্ষক, জনপ্রতিনিধিসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরাও আছেন।সম্প্রতি কাপ্তাইয়ে বিভিন্ন এলাকার বন সংরক্ষণ ক্লাবের সদস্যরা এক হয়েছিলেন। আইপ্যাকের আয়োজনে এই কর্মশালায় শিক্ষার্থীদের সামনে বন সংরক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। কর্মশালায় আসা শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত। ছোট কাঁধে এতসব দায়িত্ব মোটেও ভারি লাগছিল না তাদের। ছোটরা কেবল পড়াশোনা করবে কিন্তু সমাজের আর কোনো উপকারে লাগবে না এটা মানতে নারাজ ক্লাবের সদস্যরা। পড়ালেখার পাশাপাশি এই দায়িত্বটাও ঠিকভাবে পালন করতে বদ্ধ পরিকর তারা।কথা হয় কর্মশালায় আসা কাপ্তাইয়ের নুরুল হুদা কাদেরি বিদ্যালয়ের শিক্ষার্থী পিয়াল বড়ুয়া ও শহীন আক্তারের সঙ্গে। বন সংরক্ষণ ক্লাবের হয়ে এ পর্যন্ত দু-তিনবার কাপ্তাই জাতীয় উদ্যানে গিয়েছে তারা। এ মাসে আরও একবার যাওয়ার পরিকল্পনা আছে। কিছু দিন আগে বনে গিয়ে কয়েকজন লোককে দা হাতে ঘুরতে গিয়ে দেখে তারা। আর যায় কোথায়—সবাই মিলে লোকগুলোকে ঘিরে ধরে সঙ্গে সঙ্গে জেরা শুরু করল। ‘গাছ কাটতে এসেছেন? বন বিভাগের অনুমতি আছে?’—এমন সব প্রশ্নের মুখে পালিয়ে বাঁচল লোকগুলো। এভাবে বনে কোনো অবৈধ কার্যক্রম ও বন ধ্বংসের তথ্য পেলে খুদে বন রক্ষকেরা সঙ্গে সঙ্গে জানায় বন বিভাগকে।রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া বন সংরক্ষণ ক্লাবের সদস্য আবু সাইদ বলেন, গত তিন বছর আগের তুলনায় বন এখন অনেক সমৃদ্ধ। বিভিন্ন এলাকায় বন সংরক্ষণ ক্লাবের সদস্যরা সক্রিয় আছে বলে এটি সম্ভব হয়েছে।কাপ্তাই পাল্প উড বাগানের বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলামের কাছ থেকেও এমন তথ্য পাওয়া গেল। তিনি জানান, বন সংরক্ষণ ক্লাব সক্রিয় হওয়ার পর গত দুবছরে বনে অবৈধ কার্যকলাপ অনেকটাই কমেছে। বন বিভাগের তাদের সহযোগিতা করছে সব-সময়। শিক্ষার্থীরা বন পরিদর্শনে গেলে বন বিভাগের লোকজন তাদের সঙ্গে থাকেন ও নিরাপত্তা নিশ্চিত করেন।আইপ্যাক কাপ্তাই অঞ্চলের কর্মকর্তা নিখিলেশ চাকমা বলেন, ‘বন রক্ষায় বন বিভাগের পাশাপাশি বন সংরক্ষণ ক্লাবের সদস্যরাও স্বেচ্ছায় কাজ করছেন। এতে পরবর্তী প্রজন্মের মাঝে বন রক্ষায় দায়বদ্ধতা তৈরি হচ্ছে।’ আইপ্যাক কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা রিমা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কেবল কাপ্তাইয়ে নয় বন রক্ষায় আইপ্যাক যেখানেই কাজ করছে সেখানে আমরা এমন ক্লাব করছি। এতে স্থানীয় লোকজনও বন রক্ষায় অংশ নিতে পারছেন।’ কাপ্তাই সহব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মাকসুদুর রহমান জানান, বন সংরক্ষণ ক্লাবের উদ্যোগে কাপ্তাইয়ে এ পর্যন্ত ছয়টি কর্মশালা হয়েছে। এ ছাড়া বন রক্ষায় সচেতনতা বাড়াতে নাটক মঞ্চায়ন, ছবি আঁকা প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।