ওরা এখন জানে নিজেকে রক্ষা করতে হয় কী করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রস্তাবটাকে তেমন গুরুত্ব দিতে চায়নি। ছাত্রীরা আবার মার্শাল আর্ট শিখবে কী? বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে পরিচিত শিক্ষক, বন্ধুদের সহায়তায় নারীর প্রতি সহিংসতা বন্ধে আত্মরক্ষার কৌশলের গুরুত্ব বোঝাতে থাকেন তাঁরা। একসময় এক–দুটি করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজি হয়ে যায়। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে যাত্রা শুরু করে ‘ছবিঘর’। সবার আগে সাভার বালিকা উচ্চবিদ্যালয়ে ৭০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় তারা।

তারপর থেকে নিয়মিতই চলছে প্রশিক্ষণ। এখন পর্যন্ত সাভারের ১৪টি স্কুল ও কলেজের প্রায় আট হাজার ছাত্রীকে তায়কোয়ান্দো শিখিয়েছে ‘ছবিঘর’। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সংগঠনটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ব্ল্যাকবেল্ট তানজিল তাবাসসুম। তাঁর সঙ্গে থাকেন সুমাইয়া ইভা ও ফারজানা ইসলাম।

স্কুলের ছাত্রীদের আত্মরক্ষার কৌশল শেখায় সাভারের সংগঠন ছবিঘর
ছবি: সংগৃহীত

নিজেকে রক্ষার আত্মবিশ্বাস

প্রশিক্ষণ নেওয়ার পর যেকোনো ধরনের নিপীড়ন থেকে নিজেদের রক্ষার বিষয়ে শিক্ষার্থীরা এখন বেশ আত্মবিশ্বাসী। রেডিও কলোনি মডেল স্কুলের শিক্ষার্থী ফাতেমা আক্তার জানাল, আগে চলতি পথে নানাভাবে সে উত্ত্যক্তের শিকার হতো। বাসে বিভিন্ন সময় বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। বিষয়গুলো এত অস্বস্তিকর যে কাউকে বলা যেত না। আবার প্রতিবাদ করার সাহসও হতো না। তবে প্রশিক্ষণ নেওয়ার পর আত্মবিশ্বাস বেড়েছে। তাঁদের শেখানো কৌশলে নিজেকে রক্ষা করার উপায় জেনেছে। এখন অন্যের ওপর আর নির্ভর করতে হবে না।

কাঠগড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মিম আক্তারও এখন বেশ সাহসী। সে বলে, ‘মেয়েদের উত্ত্যক্ত করার বিভিন্ন ঘটনা শোনার পর রাস্তায় চলতে গেলে নিজেকে খুব অসহায় মনে হতো। ভয়ে ভয়েই পথ চলতাম। এখন জানি কেউ আমাকে পেছন থেকে ধরলে বা উত্ত্যক্ত করলে কীভাবে নিজেকে রক্ষা করতে হয়। পুরোপুরি পারব কি না জানি না, তবে কৌশল শেখার পর মনে সাহস বেড়েছে।’

প্রশিক্ষণ নেওয়ার পর শিক্ষার্থীরা এখন বেশ আত্মবিশ্বাসী
ছবি: সংগৃহীত

ছবিঘরের উদ্যোগকে সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিক্ষকেরা। কাঠগড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক তরিকুল ইসলাম বলেন, প্রতিনিয়তই নানাভাবে নিগ্রহের শিকার হচ্ছেন নারীরা। আর এর শুরুটা হয় শৈশব থেকে। নিজেকে রক্ষার কৌশল জানা থাকলে তাদের মধ্যে আত্মবিশ্বাস যেমন গড়ে উঠবে, তেমনি প্রতিবাদের সাহসও তৈরি হবে।

ছবিঘরের প্রতিষ্ঠাতা প্রিন্স ঘোষ জানালেন, নারী শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতেই তায়কোয়ান্দো প্রশিক্ষণের উদ্যোগ। পর্যায়ক্রমে সাভারের সব স্কুল ও কলেজের ছাত্রীদের এ প্রশিক্ষণ দেওয়া হবে।