খবরটা শুনে প্রথমে কেউ সস্তা ট্যাবলয়েডের মুখরোচক গল্প বলে মনে করে থাকলে তাদের খুব একটা দোষ দেওয়া যায় না। রুশ-মার্কিন মাখামাখির একটি-দুটি গুপ্তচর নয়, আস্ত এক চক্র আবিষ্কারের ঘটনা খানিকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই। রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে ১০ ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে এখন চলছে নানামুখী বিশ্লেষণ। অনেকেই বলছেন, একসময়ের শীর্ষ প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়নের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার জন্যই গ্রেপ্তারের এ ঘটনা ঘটানো হয়েছে। কেউ কেউ বলছেন, এটি দুই দেশের সম্পর্কে কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু বেশির ভাগ বিশ্লেষকই একে হালকা করে দেখছেন। তাঁদের মতে, এ ঘটনার প্রভাব হবে যৎসামান্য। সম্ভাব্য প্রভাব কমবেশি যা-ই হোক, একটা প্রশ্ন কিন্তু উঁকি দিচ্ছেই (ঘটনা সত্যি হলে), স্নায়ুযুদ্ধের অবসানের এত বছর পরও কি দেশ দুটোর পরস্পরের প্রতি সন্দেহ-অবিশ্বাস দূর হয়নি? এখনো কি তারা পরস্পরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালিয়ে যাচ্ছে?যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে অভ্যন্তরীণ গোয়েন্দা বাহিনী এফবিআই আটক করে ওই ১০ ব্যক্তিকে। এ ‘চক্রের’ সঙ্গে জড়িত থাকার সন্দেহে সাইপ্রাসে গ্রেপ্তার করা হয় আরও একজনকে।স্পর্শকাতর কিছু বিষয়ে মতান্তর রয়ে যাওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক দৃশ্যত এখন সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। মাত্র কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র সফর করেছেন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তখন দুই প্রেসিডেন্টের ‘বার্গার ডিপ্লোমেসি’ প্রচারমাধ্যমের কল্যাণে বেশ ভালো সাড়া ফেলে। সব প্রটোকল বাদ দিয়ে এক লিমুজিনে চেপে দুই প্রেসিডেন্ট কি না গিয়েছিলেন ফাস্টফুড রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ করতে। দুই ঘনিষ্ঠ বন্ধুর মতোই বার্গার খেতে খেতে গুরুতর সব বিষয়ে আলাপ করেন তাঁরা। এ ঘটনাটিকে পর্যবেক্ষকেরা বর্ণনা করেছেন স্বতঃস্ফূর্ত উষ্ণতার বহিঃপ্রকাশ বলেই। বুশ আমলের শৈত্য কাটিয়ে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার সংলাপ-প্রক্রিয়াও জোরদার হয়েছে। এর পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের বিশেষ উদ্যোগ। যাঁরা এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তাঁরা তুলে ধরছেন এ বিষয়টিই। কথিত ১০ গুপ্তচরকে গ্রেপ্তারের জের ধরে দুই দেশের সম্পর্ক আবারও শীতল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। তাঁদের মতে, পরিকল্পিতভাবেই এ গ্রেপ্তারের ঘটনা ঘটানো হয়েছে। কারণ রুশ-মার্কিন সুসম্পর্কের বিষয়টি অনেকেই মেনে নিতে পারছেন না। যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে চক্রটি সে দেশে গত বছর দশেক ধরে সক্রিয় ছিল। লক্ষণীয় বিষয় হলো, নব্বইয়ের দশকের শুরুতে স্নায়ুযুদ্ধের অবসানের পর রুশ-মার্কিন যে উষ্ণতার সূচনা হয় তা ২০০০ সাল পর্যন্ত অটুট ছিল। এরপর বরং কিছু বিষয় নিয়ে টানাপোড়েন শুরু হয় আবার। তার অর্থ— ঘটনা সত্যি হলে— ভালোরকম হূদ্যতা চলছে এমন সময়ই ওই গুপ্তচররা যুক্তরাষ্ট্রে কাজ শুরু করে!অবশ্য এমন অনেক উদাহরণ পাওয়া যাবে যখন রাজনীতিবিদেরা সামনে এক কাজ করছেন আর একই সময়ে গোয়েন্দা সংস্থা চালিয়ে যাচ্ছে তাদের নিজের ধান্দা। ১৯৯০-এর দশকে রাশিয়াতে পশ্চিমিদের অবাধ যাতায়াত শুরু হওয়ায় সেখানেও পাশ্চাত্যের অসংখ্য ব্যবসায়ী, গবেষক ও পর্যটকের আড়ালে যে বেশ কিছু চরও ঢোকেনি তার নিশ্চয়তা কে দেবে!গুপ্তচর গ্রেপ্তারের ঘটনার পর দুই দেশের পক্ষ থেকেই বলা হয়েছে, এ কারণে সম্পর্ক-উন্নয়ন-প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না। কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকই এ বক্তব্যকে স্রেফ ‘কূটনৈতিক শিষ্টাচার’ হিসেবে বর্ণনা করেছেন। কার্নেগি সেন্টারের প্রধান স্যাম গ্রিন বলেছেন, রাশিয়া এই গ্রেপ্তারের জবাব দেবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। একজন রুশ রাজনৈতিক বিশ্লেষকের মতে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় এমন কিছু মানুষ আছেন, যাঁরা দুই দেশের সম্পর্কের উন্নয়ন চান না। মস্কো-ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নে ওবামার চেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থা অধুনালুপ্ত কেজিবির সাবেক এক কর্মকর্তা বলেছেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে রাশিয়ার একটি নেতিবাচক ভাবমূর্তিই প্রচার পেয়েছে। অনেক মার্কিনিই ভাববেন, রাশিয়াকে এখনো বিশ্বাস করা যায় না। তারা স্নায়ুযুদ্ধের সময়ের মতোই গোয়েন্দাবৃত্তি অব্যাহত রেখেছে।একসময়ের দুই তিক্ত বৈরীর মধ্যে গুপ্তচরবৃত্তির মতো পুরোনো প্রসঙ্গটি আবার ওঠায় অনেকেই উদ্বিগ্ন। তাঁরা বলছেন, তাহলে কি স্নায়ুযুদ্ধের সময়কার পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়ার দিন ফিরে আসছে? জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফরেন সার্ভিসের আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক চার্লস কুপচানের মতে, ‘গুপ্তচর-চক্রের’ সদস্য গ্রেপ্তারের এই ঘটনাটি ঘটেছে খুবই নাজুক একটা সময়ে; ঠিক যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃস্থাপন ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করার মাঝপথে রয়েছে ওয়াশিংটন ও মস্কো। এখনো বিভিন্ন দেশ পরস্পরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ত্যাগ করেনি বলে মনে করেন অনেক বিশ্লেষক। এ মতের সঙ্গে অনেকটাই একমত অধ্যাপক কুপচান। তিনি বলেন, ব্যাপারটা ভালো-মন্দ যা-ই হোক, গুপ্তচরবৃত্তি এখনো আন্তর্জাতিক রাজনীতির স্থায়ী অঙ্গ হিসেবেই রয়ে গেছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের রাশিয়ান স্টাডিজের ফেলো জেফ্রি ম্যানকফ মনে করেন, খুব সম্ভবত গুপ্তচর গ্রেপ্তারের ঘটনার প্রভাব হবে খুবই সীমিত মাত্রার। ঘটনাটি ‘অপ্রত্যাশিত’ সময়ে ঘটলেও সম্ভবত অল্প কিছুদিনের জন্য অভিযোগ পাল্টা-অভিযোগের খেলা চলে পর্বটির অবসান হবে।ম্যানকফের সহকর্মী ওয়াশিংটনের রাশিয়াবিষয়ক শীর্ষস্থানীয় বিশ্লেষক স্তেফান সেস্তানোভিচও মনে করেন, গুপ্তচর গ্রেপ্তারের ঘটনার প্রভাব হবে সীমিত।রুশ ভাষ্যকারদের বিশ্লেষণও মার্কিন বিশ্লেষকদের থেকে খুব একটা আলাদা নয়। কার্নেগি মস্কো সেন্টারের পরিচালক দিমিত্রি ত্রেনিনও বলেন, সম্পর্কের অনেক উন্নয়ন হয়েছে বলে তিনি আশা করছেন, ঘটনার প্রভাব থাকবে খুব সামান্য সময়ের জন্য। ত্রেনিন অবশ্য এও বলেন, উভয় পক্ষই এখনো প্রয়োজনের তুলনায় অনেক বেশি স্নায়ুযুদ্ধের সময়কার অবকাঠামো ধরে রেখেছে।গুপ্তচর গ্রেপ্তারের খবরটি ঘোষণার সময় নিয়ে ত্রেনিনের একটি নিজস্ব উপলব্ধি রয়েছে। এ গ্রেপ্তারের সুবিধাভোগী হিসেবে দুটি পক্ষকে চিহ্নিত করেছেন তিনি। ত্রেনিনের মতে, প্রথম পক্ষ হলো যুক্তরাষ্ট্রের ভেতরে যারা দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনঃস্থাপিত হওয়ায় অখুশি। তাদের অভিযোগ, দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার হওয়ায় রাশিয়াই বেশি ফায়দা লুটছে। তারা সম্পর্কের উন্নতির গতিকে ধীর করে দিতে চায়।দ্বিতীয় পক্ষটি হচ্ছে গোয়েন্দা সংস্থা এফবিআই। তারা নিউইয়র্কের টাইমস স্কয়ারে বোমা পাতা ও বড়দিনে যুক্তরাষ্ট্রগামী বিমান উড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনার পর নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের মতোই পরিস্থিতি রাশিয়াতেও। চার্লস কুপচান বলেন, রাশিয়া যখন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য এগিয়ে এল, তখন রাশিয়ার নিরাপত্তা, প্রতিরক্ষা ও বিদেশনীতি বিভাগের অনেক আমলা গড়িমসি শুরু করেন। নারাজ আমলাতন্ত্রকে পেছনে ফেলে প্রেসিডেন্ট মেদভেদেভ এখন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বলে মনে হচ্ছে।গুপ্তচর-চক্রের সদস্যদের গ্রেপ্তারের পর রুশ-মার্কিন কূটনৈতিক সম্পর্কের বিষয়টি সামনে চলে এসেছে। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস রাশিয়ার বিদেশনীতিকে ‘স্কিৎজোফ্রেনিক’ হিসেবে বর্ণনা করেছিলেন। ইরানের পরমাণু কর্মসূচির প্রতি মস্কোর ‘পরস্পরবিরোধী’ দৃষ্টিভঙ্গির প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। দিমিত্রি ত্রেনিনকে জিজ্ঞেস করা হয়, ওবামা প্রশাসন সম্পর্কে রাশিয়ার দৃষ্টিভঙ্গিকেও কি এভাবে বর্ণনা করা যথাযথ হবে? জবাবে তিনি বলেন, ‘সামগ্রিকভাবে বিবেচনা করলে দেখা যাবে, রুশ-মার্কিন সম্পর্ক কিছুটা হলেও স্কিৎজোফ্রেনিক।’ কিন্তু যে বিষয়টি ত্রেনিনকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করেছে তা হলো, অতীতের কিছু বিষয় ‘অনাহূতভাবে’ ফিরে আসা। গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠায় সত্যিই কি বিস্মিত হওয়া উচিত—এ প্রশ্নের কিছুটা কৌশলী জবাব দিয়েছেন ত্রেনিন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, রাশিয়ায় অনেক দিন ধরেই মার্কিন গোয়েন্দারা অবস্থান করছেন। এবং তাঁরা অনেক দিনই থাকবেন।’ গোয়েন্দাবৃত্তির অভিযোগে এই গ্রেপ্তারের ঘটনা ‘অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছে রাশিয়ার গণমাধ্যম। রুশ দৈনিক কোমেরসন্ত পত্রিকায় বলা হয়, যুক্তরাষ্ট্রে রাশিয়ার পক্ষে গোয়েন্দাগিরির ঘটনা ‘একেবারেই অবাস্তব ও অপ্রয়োজনীয়’। অনেক রুশ পত্রিকার মতে, এ ঘটনা রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগকে ব্যাহত করবে। জনপ্রিয় ট্যাবলয়েড টিভয়ই দেন লিখেছে, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির নাটক সাজিয়ে প্রেসিডেন্ট ওবামাকে ছোট করেছেন।’ মোসাকোভস্কির মতে, ‘এটা ধারণা করা যৌক্তিক যে, রাশিয়ার গুপ্তচর গ্রেপ্তার নাটকের মূল লক্ষ্য প্রেসিডেন্ট ওবামা। তাঁর অমঙ্গল চায় এমন অনেক লোক যুক্তরাষ্ট্রে আছে। এ ঘটনায় গোয়েন্দাগিরির চেয়ে রাজনৈতিক বিবেচনাই ছিল বেশি।’