‘মানুষের সেবা করার স্বপ্ন নিয়েই চিকিৎসাবিদ্যায় ভর্তি হয়েছি। সেই চাওয়াটা এভাবে পূরণ হবে, তা ভাবিনি। একসঙ্গে এত মানুষের সেবা করার সুযোগ পেয়ে আজ আমার মনে হচ্ছে, চিকিৎসাবিদ্যায় পড়া কিছুটা হলেও কাজে লাগাতে পারলাম।’ কথাগুলো বলার সময় নাইম আহমেদের হাত ছিল ট্রলিতে, পায়ে ছিল দৌড়ের গতি। সাভারে এনাম মেডিকেল কলেজ পড়ুয়া এই শিক্ষার্থী তিরবেগে রোগীসহ ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছেন জরুরি বিভাগের দিকে। তাঁর সঙ্গে আছেন সতীর্থ আতিক, সনি ও ফাতেমা। আবার জরুরি বিভাগের সামনে যেতেই দেখা গেল, এখানটায় পেতে রাখা চেয়ারে শুয়ে-বসে আছেন অপেক্ষাকৃত কম আহত ব্যক্তিরা। এসব যন্ত্রণাকাতর মানুষের চিকিৎসাসেবা দিচ্ছেন একদল হবু চিকিৎসক। মাথার ওপর বৈশাখের প্রখর রোদ, শরীর বেয়ে ঘাম ঝরছে দরদর করে, অ্যাপ্রোনে লেগে আছে রক্তের ছোপ ছোপ দাগ। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই কারও। তাঁদের কেউ ব্যস্ত রোগীদের স্যালাইন দিতে, ব্যথানাশক ইনজেকশন ও ট্যাবলেট খাওয়াতে, কেউ বা ব্যস্ত রোগীর হাত-পায়ের ক্ষত পরিষ্কার করে তাতে ব্যান্ডেজ বেঁধে দিতে। ‘চিকিৎসাবিদ্যা এখনো পুরোপুরি রপ্ত করতে পারিনি। তাই বলে কি বসে থাকব?’ আহত এক ব্যক্তিকে পানি পান করাতে করাতে বলছিলেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম বর্ষের শিক্ষার্থী শুভ চক্রবর্তী।অবস্থা এখানে এ রকমই। দাঁড়িয়ে কথা বলার ফুরসত নেই। সবাই ব্যস্ত আর্তমানবতার সেবায়। মানবতা ও সহমর্মিতার এসব দৃশ্যকল্পই বলে দিচ্ছে এমন দুর্যোগে কেউ ঘরে বসে নেই।সাভারের রানা প্লাজা এখন বিভীষিকাময় মৃত্যুকূপ। এখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য লাশ, আর বাঁচার আকুতি নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন অনেকে। মৃত্যুপুরীর খুব কাছে থাকা ওই সব মানুষকে পৃথিবীর আলোয় ফিরিয়ে আনতে জীবন বাজি রেখে কাজ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সংগত কারণে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংখ্যা এখানে বেশি হলেও বসে নেই অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সাভারের কলেজপড়ুয়া সব শিক্ষার্থী তো বটেই, উপরন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও থেকে ছুটে এসেছেন সাভারে। বাড়িয়ে দিয়েছেন সেবার হাত। তাঁরা ফায়ার সার্ভিস, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আর সেনাবাহিনীর উদ্ধারকর্মীদের সহায়তা করছেন।এদিকে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন দোকান ও মার্কেট ঘুরে ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, রক্ত, মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হেলমেট কিনে ছুটে এসেছেন সাভারে। জরুরি অবস্থায় কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীদের অবস্থা, কার কী লাগবে, তা জেনে আবার ঢাকার বন্ধুদের জানিয়ে দিচ্ছেন তাঁরা। ঢাকার বন্ধুরা আবার সেসব জিনিস দ্রুত সংগ্রহ করে ছুটে আসছেন সাভারে। এই দলের ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থী ওয়াসিফ আদনান হক বলেন, ‘ভবনধসে আটকে পড়া লোকদের দরকার অক্সিজেন। আমরা ঢাকা থেকে বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাই সেখানে।’ তাঁদের সঙ্গে কায়সার আনাম, সেতু, সিয়াম, বনশ্রী ভদ্র ও ইসরাত জাহান হতাহত ব্যক্তিদের জন্য খেটে যাচ্ছেন দিন-রাত। যখনই রক্তের দরকার পড়ছে, রক্তদাতা খুঁজে বের করছেন তাঁরা। যাঁরা হতাহত হয়েছেন, তাঁদের আর্থিকভাবে সাহায্যের জন্য বন্ধুদের এ কাজে যুক্ত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এসেছেন মুহিন, তানিম, জাহিন, মিনহাজ, মেহেদি, অভিক, অনিন্দ্য, ব্রজেশসহ আরও অনেক বন্ধু। চিকিৎসার জন্য প্রয়োজনীয় নানা জিনিসপত্র, ওষুধ ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাঁরা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন।সাভার গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একদল শিক্ষার্থীও রাত-দিন একাকার করে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তাঁরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া রোগীকে ফার্স্ট এইড অথবা অক্সিজেন দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছেন। প্রায় অর্ধশত শিক্ষার্থী ব্যস্ত রয়েছেন এই কাজে। তাঁদেরই একজন শেষ বর্ষের শিক্ষার্থী জান্নাতুন নাঈম। এই প্রথম তিনি এ ধরনের মানবিক কাজে অংশ নিয়েছেন। তাই সব কষ্ট হাসিমুখে মেনে নিয়ে বলছিলেন, ‘আমাদের ক্ষুদ্র প্রয়াসে একটি প্রাণও যদি বেঁচে যায়, তার চেয়ে আনন্দের আর কী আছে?’অন্যদিকে, সাভারের এনাম মেডিকেল কলেজের শতাধিক শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসক পালাক্রমে ২৪ ঘণ্টা কাজ করে চলেছেন। ভবনধসের খবর পাওয়ার পরই এনাম মেডিকেল কলেজের সব ক্লাস-পরীক্ষা বন্ধ করা হয়েছে। উদ্ধার হওয়া রোগী হাসপাতালের ফটকে আসা মাত্রই তাঁরা অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যাচ্ছেন। তারপর চিকিৎসার জন্য বিছানায়। অভিজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপত্রে স্যালাইন, ওষুধ, ইনজেকশন, কোথায় কী লাগবে মুহূতেই সব হাজির করছেন তাঁরা। এই দলে আরও আছেন ইশরাত, নাবিলা, অনি, সৌরভ, অনু, নাদিয়া, তানজির, আতিক ও নিপুণ। তাঁদের জিগ্যেস করলাম, কোনো অবসর নেই, ফেসবুকেও আড্ডা নেই, খারাপ লাগছে না? সবার একবাক্যে উত্তর, মোটেই না। তাঁরা দু-এক মিনিটের জন্য মুঠোফোনের নেটে ফেসবুকে যাচ্ছেন ঠিকই, তবে স্ট্যাটাসের বিষয় সাভারের জন্য সাহায্যের আকুতি। বন্ধুরা, অক্সিজেন ফুরিয়ে গেছে, আরও ওষুধ, আরও ইনজেকশন দরকার, তাঁদের জন্য দোয়া করো ইত্যাদি।এখন কথা একটাই, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় অসহায়, তুমি মানুষ হয়ে হাত বাড়িয়ে দাও।