ওরা কী ভাবছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও অনেকের মতোই আমারও বাংলাদেশের তরুণসমাজকে মূল্যায়ন করার ব্যাপারে কিছু গড়বড় ছিল। ফেসবুকে দেখতাম, বেশির ভাগ তরুণের প্রোফাইলে পলিটিক্যাল ভিউস ঘরে লেখা, ‘আমি রাজনীতি ঘৃণা করি’। দেখতাম, কোনো সামাজিক বা রাজনৈতিক বিষয়ের চেয়ে রনবীর কাপুরের চুলের স্টাইল নিয়ে তারা বেশি আগ্রহী। শুনতাম, তারা বাংলা, ইংরেজি মিশিয়ে অদ্ভুত এক ভাষায় কথা বলছে। জটিলকে বড় করে বলছে জটিল আবার জিজ্ঞেসকে ছোট করে বলছে জিগু। বুঝতাম না, ওরা কীভাবে চিন্তা করে এবং যেকোনো অবুঝ মানুষের মতো ধরেই নিতাম যে ওরা চিন্তাই করে না।

বিভিন্ন ঘটনার কারণে গত এক বছরে আমার সেই ভুল ভাঙল। তার মধ্যে কিছু ঘটনা অনেক বড় আবার কিছু ঘটনা ঘরোয়া অথবা দাপ্তরিক। রানা প্লাজার দুর্ঘটনার পর দেখলাম এই তরুণসমাজ গিয়ে দিনের পর দিন অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠে আনা লাশ নিয়ে কাজ করছে। যেখানে আধা ঘণ্টা থেকে গন্ধে আমার বমি হয়ে যাওয়ার জোগাড়, রাতে ঘুম শেষ—সেখানে দেখলাম কলেজপড়ুয়ারা দিনের পর দিন মৃতদেহ নিয়ে কাজ করছে, মৃত ব্যক্তিদের পরিবার খুঁজতে নিজেদের ঘুম নষ্ট করে ফেলছে।

আমি একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করি। তরুণদের আকৃষ্ট করার ব্যাপারে আমরা এখন খুব আগ্রহী। এই লক্ষ্যে একটার পর একটা হালকা মেজাজের বিজ্ঞাপন বানিয়েই যাচ্ছি। কোনো দৃঢ় আবেগ দেখাতে হলেই বুড়াদের নিয়ে গল্প ভাবি। আসল আবেগের জায়গা থেকে কেউ ‘জটিল’ ভাবে ‘বিলা’ খেতে পারে এটা আমরা ভাবতেই পারি না। দেশকে নিয়ে কেউ ‘প্যাড়া’ খেতে পারে, সমাজকে নিয়ে ‘পেইন’ পেতে পারে এই উপলব্ধি আমাদের বুড়াদের মধ্যে প্রায় শূন্য। আমরা খুব আরামের সঙ্গে ধরে নিয়েছি যে এমটিভি স্টাইলে কথা বলে দেখে তরুণদের পুরা জীবনটাই একটা মিউজিক ভিডিও।

বুড়ারা কী ভাবছে, তাতে কী আসে যায়? হয়তোবা অনেক কিছু। সমাজ হিসেবে আমরা এখনো অনেক ট্র্যাডিশনাল। বড়রা আমাদের কী মনে করে, এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মা-বাবা ভালো বললে আমরা বল পাই, আত্মবিশ্বাস পাই। খারাপ বললে নিজেদের দোষী মনে হয়, ক্ষুদ্র মনে হয়। আত্মবিশ্বাসের সংকট হয়তো আমাদের তরুণসমাজের সবচেয়ে বড় সমস্যা। দিনের পর দিন যদি তাদের আমরা ছোট করতে থাকি, তাহলে আর কি আশা করা যায়? ওদের নিজস্ব ভাষা, পোশাক-আশাক এসব নিয়ে বেশি গবেষণা না করে, ওদের অভাবনীয় সম্ভাবনার ওপর যদি আমরা মনোনিবেশ করতে পারি, তাহলে আমাদের তরুণসমাজ আরও অনেক ভালো কিছু করবে, যা আমরা কল্পনাও করতে পারি না। এটা আমার বিশ্বাস।

যে মানুষটা দিনের পর দিন চল্লিশের সঙ্গে ঠেলাঠেলি করে যাচ্ছেন, তাঁর তারুণ্য নিয়ে লেখার কতটা যোগ্যতা আছে আমার সন্দেহ। তার পরও মাস্কারা দিয়ে দাড়ি কালো করে তরুণদের সঙ্গে টেলিভিশনে প্রেম এবং বন্ধুত্বের অভিনয় করি বলেই হয়তো আমাকে এ বিষয়ে লিখতে বলা হয়েছে। সে কারণে আমি যারপরনাই ধন্য। কোনো ভ্রমের জন্য তরুণসমাজের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।