ওরা কেন কয়েদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েদির সাজে কুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়জীবনের শেষ দিন উদ্‌যাপনের জন্য কুয়েটের (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আলাদা খ্যাতি আছে। এখানকার ঐতিহ্যই হলো, একেকটি বিভাগ নানা রকম আয়োজনের মধ্য দিয়ে নিজেদের মতো করে বিদায় উৎসব করে। প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা আলাদা আলাদা দিনে নেচে, গেয়ে শেষ ক্লাস উদ্‌যাপন করে। একেক বিভাগের থাকে একেক রকম থিম। বিভিন্ন রকম পোশাক এই দিনের মূল আকর্ষণ। মধ্যপ্রাচ্যের পোশাকে বিদায়ী আয়োজন করে এর আগে আলোচনায় এসেছিল আমাদের শিক্ষার্থীরা।

এ বছরও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আমাদের, অর্থাৎ যন্ত্রকৌশল বিভাগের ব্যতিক্রমী আয়োজনের ছবি। ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়জীবনের শেষ ক্লাস উদ্‌যাপনের আয়োজন করেছিলাম আমরা। করোনার কারণে দীর্ঘদিন আমাদের ঘরবন্দী জীবন কাটাতে হয়েছে। তাই একাডেমিক কার্যক্রমেও কিছুটা পিছিয়ে পড়েছিলাম। এই ঘরবন্দী পরিস্থিতিকেই আমরা কারাগার হিসেবে উপস্থাপন করতে চেয়েছি। বিদায়ী অনুষ্ঠানেও তাই আমাদের পোশাক ছিল কয়েদিদের সাদা-কালো পোশাক। এই পোশাক পরেই আমরা শেষ ক্লাসে উপস্থিত হয়েছিলাম। আমাদের এই কার্যক্রমের নামকরণ করা হয়েছিল ‘মেকার (মেকানিক্যাল বিভাগ) কারামুক্তি’।

কয়েদি সেজে শিক্ষার্থীদের ফটোসেশন
ছবি: সংগৃহীত

আমরা যন্ত্রকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীরা এবার সকাল ১০টায় বের হয়ে প্রতিটি হলের সামনে গিয়ে গানের তালে নেচে–গেয়ে র‌্যালি করি। একটি নির্ধারিত স্থানে তৈরি করায় হয় হাজতখানা। এই রূপক হাজতের পেছনে দাঁড়িয়ে আমরা নানা রকম ছবি তুলেছি। কয়েদি নম্বরের জায়গায় স্থান পেয়েছিল শিক্ষার্থীদের রোল নম্বর।

একসময় আমরা ক্যাম্পাসের ‘দুর্বার বাংলা’য় একত্র হই। আমাদেরই সহপাঠী ফয়সাল আহমেদকে আমরা বানিয়েছিলাম জেলার। লাঠি হাতে, বাঁশি বাজিয়ে সে শিক্ষার্থীদের (পড়ুন কয়েদিদের) সুশৃঙ্খল রাখার চেষ্টা করছিল। এরপর ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আমরা ছবি তুলি। সবচেয়ে মজার ছিল মধ্যাহ্নভোজের আয়োজন। বেলা একটায় আমরা কয়েদিদের মতো করেই লাইন ধরে খাবারের জন্য দাঁড়াই। জেলখানার মতো করেই খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়। অনেকেই মজা করে ‘তাড়াতাড়ি ভাত দে’ বলে শোরগোল করছিল।

মেন্যুতেও ছিল না কোনো দামি খাবার। স্রেফ ভাত, ডাল, আলুভর্তা ও বেগুনভাজি। সব শিক্ষার্থী মিলে ‘শিক্ষার্থী কল্যাণ কেন্দ্র’র নিচতলায় বসে খাবার খাই। পরে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কাবাডি, মোরগলড়াই ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সবশেষে কেক কেটে টানা হয় অনুষ্ঠানের সমাপ্তি।

বাকি বিভাগগুলোও পিছিয়ে ছিল না। তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের আয়োজনও ছিল বেশ আকর্ষণীয়। তাঁদের ‘কফিন ড্যান্স’-এর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছে। ল্যাব, কুইজ, থিসিসসহ সব একাডেমিক পরীক্ষাগুলোকে প্রতীকী রূপে কফিনে ভরে বিদায় দিয়েছে তারা। এ ছাড়া লেদার প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা তামিল ছবি মারি ২-এর নায়ক ধানুশের পোশাক অনুকরণ করে রঙিন শার্ট ও ধুতি পরেছিল। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা পরেছিল শাড়ি ও পাঞ্জাবি। বাকি বিভাগগুলোরও ছিল নানা রকম আয়োজন।

তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের ’কফিন ড্যান্স’
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়জীবনের শেষ দিনগুলো বড্ড অদ্ভুত। বন্ধু, সিনিয়র, জুনিয়রদের এ সময় মনে হয় পরিবারের চেয়েও আপন। বহুদিন পরও যখন এই আপন মানুষগুলোর সঙ্গে দেখা হবে, নিশ্চয়ই আমাদের আলাপে-আড্ডায় উঠে আসবে এই এক দিনের কয়েদজীবন। তখনো আমাদের হাসিটা এখনকার মতো উচ্ছল থাকবে কি না, কে জানে!