ওরা ছয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাদিবা, নাফিজা, আনাছ, উসাম, উসাদ আর নাফিজ। ছয়জনের এই দলে সবচেয়ে কম বয়সী কে? দেখে মনে হলো, নাফিজই হবে সেই জন। প্রমাদ গুনতে হলো নিজেদের আন্দাজের বহর দেখে! কাকাতুয়ার মতো এমন বুলি আওড়ায় ছেলেটা, শুনলে হতবাক হতে হয়! গাম্ভীর্য পরিমাপের মাপকাঠি থাকলে সে-ই সম্ভবত সবার উপরে থাকত। আমরা ওদের জন্য অপেক্ষা করছিলাম বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) একটা কক্ষে। দরজাটা খুলে যেতেই মনে হলো এক ঝাঁক টিয়াপাখি উড়ে এল ঘরটায়! প্রথমেই তাদের জিজ্ঞাসা, ‘তোমাদের মোবাইলে গেম আছে?’ অবশ্যই আছে, বলেই মুঠোফোনটা বাড়িয়ে দেওয়া হলো তাদের দিকে। ব্যস, মুহূর্তেই মুঠোফোনটা ঘিরে যেন উৎসব জমিয়ে ফেলল তারা। ব্যতিক্রম ওই নাফিজ! মুখে বিশেষ গাম্ভীর্য ফুটিয়ে, টেবিলের ওপর আয়েশি ভঙ্গিতে পা তুলে দিয়ে আকাশ-পাতাল কী যেন ভাবতে বসল সে। কাছে যেতেই মাথায় হাত দিয়ে, মুখে বিরক্তিভাব ফুটিয়ে অনুযোগ তুলল, ‘জানো, উসাদ আজ আমার মাথায় চুইংগাম লাগিয়ে দিয়েছিল!’ সর্বনাশ! তারপর? মুখে এক চিলতে হাসি তার, ‘কী আর! নারকেল তেল আছে না! নারকেল তেল দিয়ে তুলেছি। দেখো না, মাথায় তেল।’ নাফিজের মাথার পেছন দিকটায় হাত দিতেই নারকেল তেলের খনি আবিষ্কার করলাম আমরা।আমরা এ-ও আবিষ্কার করলাম, ছোট্ট এই শিশুরা জানে না জীবনের কী অদ্ভুত একটা সময় পার করছে তারা! পাঠক, নিশ্চয়ই ভুলে যাননি এই শিশুদের কথা। ২০০৬ সালের ঘটনা। পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমানের বাসা থেকে উদ্ধার করা হয় সাত শিশুকে। আনিসুর ও তাঁর স্ত্রী আনোয়ারার দাবি ছিল, এই সন্তান তাঁদের। এমনকি এ-ও দাবি করেছিলেন, তাঁরা সবাই একসঙ্গে জন্মেছে! কিন্তু পরে ডিএনএ পরীক্ষায় দেখা যায়, সবকিছুই ছিল মিথ্যা। সাতজনের কেউই একে অন্যের ভাই-বোনও নয়। তখন উদ্ধারকৃত সাতজনের নিরাপত্তার কথা ভেবে বিশেষ পদক্ষেপ নেন আদালত। সাত শিশুর হেফাজতের দায়িত্ব তুলে দেওয়া হয় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির হাতে। ২০০৮ সালের ৬ আগস্ট নতুন ঠিকানা খুঁজে পায় এই শিশুরা। যাদের মধ্যে একজন না-ফেরার দেশে চলে গেছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে, নাম ছিল তার নাফিয়া।বয়স কত হবে তাদের? নথিপত্র ঘাঁটলেন বিএনডব্লিউএলএর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার নাজমা সুলতানা। সেখানে দেখা গেল, ২০০৮ সালে ওদের বয়স ছিল আনুমানিক আড়াই বছর। তার মানে এখন ওদের বয়স দাঁড়ায় আনুমানিক ছয় বা সাড়ে ছয়ের মতো। তবে ওদের কর্মকাণ্ডের সঙ্গে যে বয়সের হিসাব মেলে না একদম! উসাম ছেলেটার কথাই ধরা যাক। মুঠোফোনটা হাতে পাওয়ার পর থেকে কেমন কেমন করে যেন সে ঠিকই গেমস বের করে ফেলেছে! এবং অন্যদের চেয়ে গেমার হিসেবে সে যে এলেমদার, তার প্রমাণ পাওয়া গেল গেম শেষে সবার মুখের মানচিত্র দেখে। সবচেয়ে বেশি পয়েন্ট বাগিয়েছে উসামই। ওর যাবতীয় আগ্রহও মনে হলো খেলাধুলাকেন্দ্রিক, ‘খেলাধুলা করতে আমার বেশি ভালো লাগে। ক্রিকেট খেলতে ভালো লাগে, ফুটবল খেলতে ভালো লাগে। মোবাইলে গেম খেলতেও খু-উ-উ-উ-ব ভালো লাগে।’ তো বড় হয়ে কী হতে চাও তুমি? উসামের মুখে বড় হাসি, ‘রকেটের পাইলট হতে চাই।’ এই ফাঁকে একটা গান শোনাল নাফিজা। তার গানটাও অবশ্য চাওয়া পাওয়া বিষয়ক, ‘কাছে আসা হলো/ভালোবাসা হলো/তারপর কী হবে বলো না?...’ হাসি গোপন করা বেশ কঠিন হলো আমাদের জন্য!তিড়িং বিড়িং গঙ্গা ফড়িং!ছয়জনের এই দলটা আছে এখন বিএনডব্লিউএলএর একটি আশ্রয়কেন্দ্রে। নিরাপত্তার খাতিরে আশ্রয়কেন্দ্রটির অবস্থানের কথা অনুল্লেখই রাখতে চাইছে কর্তৃপক্ষ। সেখানে ওদের পড়াশোনা করান সংস্থাটির রিক্রিয়েটিভ টিচার কাকলী বড়ুয়া। ছয় শিশুর মতে, ‘সবচেয়ে ভালো গল্প বলেন কাকলী আন্টি।’ শিশুদের মুখে তাঁর প্রশংসা, শিশুদের নিয়ে কী বলেন তিনি? ‘ওরা সবাই এখন নার্সারিতে পড়ছে। আমাদের এখানে খেলাধুলা ও আনন্দের মধ্য দিয়ে পড়াশোনা করানো হয়। তো ওরা সবাই বেশ ভালো করছে। সবাই বাংলা ও ইংরেজিতে নিজেদের নাম লিখতে পারে।’ কথার ফাঁকে ওদের এক ধরনের অলিখিত পরীক্ষাও নিয়ে ফেললাম আমরা! কাকলীর কথার প্রমাণ মিলল খাতা-কলমে। ছয়জনই গোটা গোটা অক্ষরে লিখে দিল নিজেদের নাম। তবে ছয়জনের মধ্যে ‘বিরুদ্ধ স্রোতের যাত্রী’ হলো ওই নাফিজই! বাঁ হাতে লিখল সে। ক্রিকেটের মাঠেও নাকি বাঁ হাতেই ব্যাট করে ছেলেটা। ফিরে যাই কাকলীর কাছে, ‘ওরা আমাদের এখানে সব ধরনের সুযোগ-সুবিধাই পাচ্ছে, যা আর দশটা বাচ্চাও পায়। খেলাধুলার অনেক সরঞ্জাম, মাঠ—সবই আছে। আনন্দেই থাকে ওরা। ছবি আঁকতে ভালোবাসে। কার্টুনের পোকা একেকটা। আর ওদের “বড় মা-র” (বিএনডব্লিউএলএর নির্বাহী পরিচালক সালমা আলী) কাছে তো আবদারের শেষ নেই।’ ছবি আঁকার কথা শুনে খাতা-কলম নিয়ে বসে পড়ল উসাদ। বড় একটা মাঠে ছোট্ট একটা ছেলে ফুটবল খেলছে—এমন একটা ছবি এঁকে দেখাল আমাদের। চিত্রশিল্পী উসামের শখ হলো পড়াশোনা, কেবল বই পড়তে চায় সে। তবে তাঁর স্বপ্নটা একটু অন্য রকম, ‘চার চাকার পাইলট হব আমি।’ চার চাকার পাইলট? এটা আবার কেমন জিনিস! ব্যাখ্যা মিলল তার কাছেই, ‘আরে বোঝো না! চার চাকা পাইলট মানে উড়োজাহাজের ড্রাইভার! এই কারণেই তো আমি খালি উড়োজাহাজের ছবি আঁকি।’মুখে সারাক্ষণ এক চিলতে হাসি লেগে থাকে মেয়েটার। নাম নাদিবা। দাঁত পড়েছে সদ্যই, সেটা ঢেকে রাখার আবার প্রাণান্ত চেষ্টা। সবাই যখন বলছে কার কী প্রিয়, সে বলে, ‘বাঁশি বাজাতে ভালো লাগে আমার। পুতুল খেলতেও ভালো লাগে, ক্রিকেট খেলতেও ভালো লাগে। আর ভালো লাগে টেলিফোন।’ টেলিফোনের প্রসঙ্গ উঠতেই লক্ষ করা গেল বিশেষ উদ্দেশ্য সাধনে আনাছ ছেলেটা জটলা থেকে আলাদা হচ্ছে। আড়চোখে খেয়াল করে দেখা গেল, টেবিলে রাখা টেলিফোনের বোতামে নিবিষ্ট মনে চেপে যাচ্ছে সে। তারপর ওপাশ থেকে কাল্পনিক কেউ একজন ফোন ধরতেই তার ঝাড়ি, ‘ফোন ধরতে এত দেরি হয় কেন?’ বোঝা গেল ঝানু অভিনেতা সে। চেহারা-সুরতও তেমনটাই বলে। পাট করে আঁচড়ানো চুল। মুখে দুষ্টু হাসি। এবার আমাদের আন্দাজ দশে দশ নম্বর পেল, অভিনেতা আনাছ জানাল, ‘শাকিব খান, জিৎ আর হূতিকের ছবি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বড় হয়ে একটা মোটরবাইক কিনব আমি। তারপর ভোঁ ভোঁ করে চালাব।’ নাফিজ বরাবরই ব্যতিক্রম, ‘বীণ বাজাতে ভালো লাগে আমার। অবশ্য যে বীণে সাপ আসে না, সেই রকম বীণ বাজাতে চাই।’ আনাছের ফোড়ন, ‘ইস্! বীণ তুই দেখেছিস কখনো?’ নাফিজ উদাস উদাস চোখে জানালার ওপাশের আকাশ দেখতে লাগল। এসবে ফোড়ন সে গায়েই মাখে না!এলেম আমি কোথা থেকেতৌহিদা খন্দকার, বিএনডব্লিউএলএর পরিচালক। এই ছয় ছেলেমেয়ে বলতে গেলে তাঁর চোখের সামনেই বেড়ে উঠছে। মনে পড়ে তাঁর শুরুর দিকের কথা, ‘শুরুতে ওরা যখন আমাদের হেফাজতে এল, তখন ওদের স্বাস্থ্য খুবই খারাপ ছিল! অপুষ্টিতে ভুগছিল প্রায় সবাই। পরে আমরা ওদের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে নিয়ে গিয়েছি, ওষুধপত্রের ব্যবস্থা করেছি। এখন ওরা সব ধরনের মৌলিক অধিকারও পাচ্ছে আমাদের কাছ থেকে। কেবল ওদের স্বাস্থ্যই নয়, মানসিক স্বাস্থ্যও ভালো থাকছে কি না তা আমরা নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছি।’ পাশাপাশি এই শিশুরা আইনগত সহযোগিতাও পাচ্ছে সংস্থাটির কাছ থেকেই। কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে ওদের জন্য? ‘এটা আসলে এখন বলা মুশকিল। বিচারকাজ চলছে। গত ১৮ এপ্রিল অবশ্য একটা মামলার রায় হয়েছে। সেখানে শিশু পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে রাখার দায়ে সাবেক ডিআইজি আনিসুর রহমান ও তাঁর স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। আনিসুর রহমান এখন পলাতক, তাঁর স্ত্রী আছেন কারাগারে।’ সে-ই গিয়েছে সবার আগে চলেআর দশটা শিশুর মতো মা-বাবার আদর থেকে বঞ্চিত ওরা ছয়জন। পুরো নাম নেই কারোরই। ডাকনামটাই সম্বল। সম্ভবত, নামগুলো সাবেক ডিআইজি আনিসুর রহমান বা তার স্ত্রীর দেওয়া। মা-বাবার কথা মনে পড়ে না ওদের? নাজমা সুলতানা বললেন, ‘মা-বাবা সম্পর্কে কিছু জানতে চায় না ওরা। আমরাও বিষয়টি ওদের সামনে তুলি না কখনো।’ নিজেদের মধ্যে ওদের সম্পর্কটা কেমন? এক ধরনের জবাব মেলে নাফিজা মেয়েটি খেলতে খেলতে ব্যথা পেতেই! উসাদ বলে উঠল, ‘উসাম, তোর বোন ব্যথা পেয়েছে!’ সম্পর্কের বন্ধন ভাই-বোনের মতোই হোক, কিংবা হোক বন্ধুসুলভ, ওদের ভেতরের টানটা আমরা ঠিকই অনুভব করি। ছয়জনের কণ্ঠে একই সুর, ‘আমরা কখনোই আলাদা থাকতে চাই না! একসঙ্গে থাকতে আমাদের অনেক ভালো লাগে। আমাদের অনেক বন্ধুও আছে।’ তারপর ওরা কোরাসে গড়গড় করে বলে যেতে লাগল বন্ধুদের নাম! আরেকটা নামের কথা এসে গেল অবধারিতভাবেই—নাফিয়া! ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মেয়েটা আরেক ঠিকানা খুঁজে পেয়েছে ২০০৯ সালে। নাফিয়ার কথা নাকি মনে পড়ে ওদের। ওর কথা মনে করেই কি না উসামের চোখে শূন্যতা দেখি আমরা। বাকি সবাই খানিকক্ষণের জন্য নীরব। এমন নীরবতা বড্ড বেমানান ঠেকে ঘরটাতে। মাথার ওপর ঘুরতে থাকা ফ্যান শো শো আওয়াজ তোলে। ভাবুক নাফিজ কী যেন ভাবে! হঠাৎ ও উচ্চারণ করতে থাকে, ‘টুইংকল, টুইংকল, লিটল স্টার, হাউ আই ওনডার হোয়াট ইউ আর। আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই।’