ওরা জানে তোয়ালে কোথায় যায়!

হোটেলের বিছানায় বুঝি ঘুম মাখানো থাকে! ধবধবে পরিষ্কার আর তুলতুলে নরম বিছানায় গা এলিয়ে দিলেই সেখানে ধরা দেন ঘুমের দেবী! তা সে দীর্ঘ ভ্রমণের ক্লান্তির পরই হোক কিংবা কর্মব্যস্ত লম্বা একটা দিনের শেষে। কী আছে হোটেলের বিছানা-বালিশে-তোয়ালেতে? সম্ভব হলে সবাই যেন আস্ত বিছানাখানাই বাড়ি নিয়ে যেতেন। তা যায় না বলেই হয়তো অনেকে ‘মনের ভুলে’ হোটেলের তোয়ালেখানা স্যুটকেসে ভরে বাড়ি নিয়ে যান। কিন্তু হাল জামানার হোটেল ম্যানেজাররা জানেন তোয়ালেগুলো কোথায় যায়! বিস্তারিত হাফিংটন পোস্ট অবলম্বনে।
হোটেলের তোয়ালের প্রতি অতিথিদের এই বিশেষ পক্ষপাতে দুনিয়ার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত তেমন কোনো ফারাক নেই। যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী দুনিয়াজুড়ে হোটেলগুলোতে সবচেয়ে বেশি চুরি যাওয়া জিনিসটির নাম তোয়ালে। আমরা অনেকেই হয়তো এই প্রতিবেদনের যথার্থতা সম্পর্কে অনুমান করতে পারি।
কিন্তু অনেকেই যা জানেন না তা হলো—আধুনিক হোটেলগুলো জানে, কখন কোনো অতিথি তোয়ালে চুরি করছেন বা সেই তোয়ালেটা কোথায় নিয়ে যাচ্ছেন! বোতামের মতো আকারের ছোট্ট একটা ট্র্যাকিং চিপস এ জন্য দায়ী। অনেক হোটেলেরই প্রতিটি তোয়ালে, প্রতিটি বিছানার চাদরে আজকাল এই ছোট্ট বোতামটি লাগানো থাকে। আর ওই বোতামটা ট্র্যাক করেই ম্যানেজাররা বুঝতে পারেন তাঁদের চাদর-তোয়ালেগুলো কখন কোথায় আছে।
যুক্তরাষ্ট্রের লিনেন টেকনোলজি ট্র্যাকিং এমন প্রযুক্তি সরবরাহ করা একটা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি দেশটির প্রায় দুই হাজার হোটেলে এই প্রযুক্তি সরবরাহ করেছে। প্রথমদিকে কেবল হোটেলের মধ্যেই ধোপাখানা, ওপরে-নিচে, এই ঘর থেকে সেই ঘর পর্যন্তই এসব ট্র্যাক করতেন ম্যানেজাররা। পরে প্রযুক্তিটিকে আরও উন্নত করা হয়। ফলে এখন হোটেলের কোন রুম থেকে কোন অতিথি তোয়ালে-টোয়ালে নিয়ে হোটেলের বাইরে বেরিয়ে যাচ্ছেন, তাও বলে দিতে পারেন তাঁরা।
লিনেন টেকনোলজি ট্র্যাকিংয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম সারবিন হাফিংটন পোস্টকে জানান, হোটেল কর্তৃপক্ষ এসব চুরি যাওয়া তোয়ালের জন্য অতিথিদের কাছ থেকে অর্থ আদায় না করলেও বা কোনো জরিমানা না করলেও তাঁরা অতিথিদের চিহ্নিত করে রাখেন। সারবিনের অনুমান, যুক্তরাষ্ট্রে সাধারণ হোটেলগুলো প্রতি মাসে গড়ে তাদের ১০ থেকে ২০ শতাংশ তোয়ালে হারায়।