ওরা দুজনই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবার দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল হাড্ডাহাড্ডি। মাত্র তিন ভোটে আওয়ামী লীগ প্রার্থী ও তিনবারের নির্বাচিত আবু জাফর চৌধুরীকে হারিয়ে জামায়াত-বিএনপি সমর্থিত প্রার্থী ইকবাল হাফিজ যুবরাজ কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবার দুজনের একজনও নেই। তাঁদের অকাল মৃত্যুতে পূর্বমাদারবাড়ি ওয়ার্ডে ভোটের হাওয়ায় শোকের ছায়া পড়েছে। এটিই এখন এলাকার আলোচনার প্রধান বিষয়। উত্তর ও দক্ষিণ নালাপাড়া, কামাল গেট, নছুমালুম লেন, দারোগাহাট সড়ক, স্ট্র্যান্ড রোড, সদরঘাট সড়ক, মাঝিরঘাট সড়কসহ পূর্বমাদারবাড়ির বিভিন্ন এলাকার চায়ের দোকান থেকে শুরু করে অলিগলির আড্ডায় নির্বাচনী আলোচনায় বার বার উঠে আসছে সাবেক দুই কাউন্সিলরের নাম। কেউ বলছেন, আবু জাফর বেঁচে থাকলে এবার বিপুল ভোটে জিততেন। আবার কেউ বলছেন, যুবরাজ থাকলে ঠিকই দেখিয়ে দিতেন নির্বাচন কীভাবে করতে হয়। নতুন কাউন্সিলর প্রার্থীরা আগের দুই কাউন্সিলরের কাছের মানুষ হিসেবে পরিচিত লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করছেন বলে জানা যায়। এবার কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ আবদুল করিম, সালাউদ্দীন ইবনে আহমদ, জহির আহম্মদ চৌধুরী, মাজহারুল ইসলাম চৌধুরী, মো. মসিউল আলম, মো. আবু সিদ্দিক, মো. রমজান আলী, মো. এরশাদ উল্লাহ কোরেশী, মাহবুবুল হক ও মো. কাউছার হোসেন।কামাল গেটের আবদুল মমিন জানান, ‘গত নির্বাচনটি এখনো স্বপ্ন মনে হয়। আবু জাফর তো প্রায় জিতেই গিয়েছিলেন! তারপর কী থেকে কী হলো। এখনো ভুলতে পারিনি সেই দিনগুলোর কথা।’আইস ফ্যাক্টরি সড়কের সানা উল্লাহ জানান, ‘আওয়ামী লীগের প্রার্থী বেশি হলে ভোটের রাজনীতিতে বিএনপি-জামায়াত প্রার্থী জিতে যাবে—এটা তো সহজ হিসাব। গত নির্বাচনে তা-ই তো দেখেছিলাম।’ইকবাল হাফিজ যুবরাজের ভক্তদের ধারণা, তিনি ওয়ার্ডের সুষম উন্নয়নে সচেষ্ট ছিলেন। বিশেষ করে মাদকের বিস্তার ও অসামাজিক কার্যকলাপ বন্ধের উদ্যোগ নিয়েছিলেন। নছুমালুম লেনের ভোটার নূর উদ্দিন। তিনি জানান, ‘এখন কাউন্সিলর পদে অনেকের নাম শুনছি। দেখেশুনে যোগ্য প্রার্থীকেই ভোট দেব এবার।’নালাপাড়ার নুরুদ্দীন সেলিম জানান, ‘আসলে প্রথমবার এসেই যুবরাজ চমক দেখিয়েছিলেন। দলীয় কারণে নয়, ভালো মানুষ বলেই তিনি ভোট পেয়েছিলেন।’ কাউন্সিলর প্রার্থী জহির আহম্মদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আবু জাফর চৌধুরী ও ইকবাল হাফিজ যুবরাজের অকালে চলে যাওয়াটা শোকের। আমি সেই শোককে শক্তিতে পরিণত করতে চাই। তাঁদের অসমাপ্ত কাজ শেষ করতে চাই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার নির্বাচন করার অভিজ্ঞতা আছে। এখন অনেকে প্রার্থী হয়েছেন—এটা ঠিক। তবে কারও মনোনয়ন বাতিল হতে পারে, কেউ কেউ প্রত্যাহার করবেন। তারপর ভোটের হিসাব পরিষ্কার হবে।’