>পেশাগত, শিক্ষাগত বা অন্য কোনো কারণে যাঁরা মায়ের কাছ থেকে দূরে থাকেন তাঁদের জন্যই ছিল মা দিবসের এ আয়োজন। অধুনায় ছাপা কুপনে মাকে নিয়ে পাঁচটি পঙ্ক্তি লিখতে বলা হয়েছিল সন্তানকে। সারা দেশ থেকে অসংখ্য সন্তান অংশ নিয়েছেন এই আয়োজনে। তাঁদের মধ্য থেকে লটারি করে বিজয়ী হয়েছেন ১২ জন। মা দিবসে সেই সন্তানদের পক্ষ থেকে প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার বন্ধুরা গিয়েছেন তাঁদের মায়ের কাছে। ফুল, মিষ্টি, শাড়ি আর নানা ধরনের উপহারের সঙ্গে নিয়ে গেছেন মাকে উদ্দেশ করে লেখা সন্তানের সেই ভালোবাসার পঙ্ক্তিমালা। মায়েদের জন্য এটা ছিল বিস্ময়। সেই ১২ মায়ের এবং সন্তানদের অনুভূতি নিয়েই এ আয়োজন।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে থাকেন আনোয়ারা বেগম। তাঁর মেয়ে লিপি ইমরান থাকেন ঢাকায়। অধুনা পাতায় প্রকাশিত কুপনে লিপি ইমরান মাকে নিয়ে লিখেছিলেন পাঁচটি পঙ্ক্তি। মা দিবসের সকালে টাঙ্গাইল বন্ধুসভার বন্ধুরা রওনা হন পাঁচগাঁও গ্রামের উদ্দেশে। টাঙ্গাইল শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পাঁচগাঁও গ্রামে পৌঁছে জানা গেল মা আনোয়ারা বেগম বাড়ি নেই। অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই চিকিৎসার জন্য কয়েক দিন আগে ঢাকায় গেছেন। ফিরতে দেরি হবে বেশ কয়েক দিন।
কী আর করা আনোয়ারা বেগমের ছেলে আতিকুর রহমানের হাতেই তুলে দেওয়া হলো লিপি ইমরানের লেখা পঙ্ক্তিমালা, ফুল ও শুভেচ্ছা উপহার। আতিকুর মুঠোফোনে কথা বলিয়ে দিলেন আনোয়ারা বেগমের সঙ্গে। ওপাশে ফোন ধরেই আনোয়ারা বেগম জানতে চান তাঁর মেয়ে কী লিখেছে তাঁকে নিয়ে। পড়ে শোনানো হলো পঙ্ক্তিমালা। বললেন, ‘বাবা, একসময় ছেলেমেয়েরা ছোট ছিল, আমি ওদের যত্ন করতাম, এখন আমার বয়স হয়েছে। রোগ-বালাইয়ে ভরা আমার দেহ। আমি এখন শিশু হয়ে গেছি। ওরাই এখন আমার যত্ন করে। সন্তানেরা কখনো মায়ের চোখে ভুল করে না। ওরা কষ্ট পেলে তা দেখে মায়ের কষ্টটা হয় বহুগুণ।’