ওলাঁদের কণ্ঠে নতুন সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের সময় সমাজতন্ত্রী ফ্রাঁসোয়া ওলাঁদের প্রতিশ্রুতি ছিল, তিনি দেশে কর্মসংস্থানের প্রসার ঘটিয়ে বেকারত্বের উদ্বেগজনক হারকে সহনীয় পর্যায়ে নিয়ে আসবেন। তাঁর প্রচারণার মূল স্লোগান ছিল, ‘পরিবর্তন এখনই’। গত ১৫ মে ফ্রান্সের ২৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ওলাঁদ। কিন্তু দায়িত্ব নেওয়ার মাস তিনেক হতে না-হতেই তাঁর মুখে উল্টো সুর! দেশবাসীকে এখন বলছেন ধৈর্য ধরতে।ওলাঁদের দায়িত্ব গ্রহণের পর দিন যত গড়াচ্ছে, ফ্রান্সের আরেক সমাজতন্ত্রী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর সঙ্গে মানুষ তাঁকে মেলানোর চেষ্টা করছে। মিতেরাঁ ১৯৮১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন। অনেক ফরাসি বলতে শুরু করেছে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চলেছেন ওলাঁদ। কারণ, মিতেরাঁর শাসনামলে বহুল প্রচলিত একটি কথা ছিল, ‘ধৈর্য ধরুন, তাড়াহুড়োর কিছু নেই।’ কাজেই গত নির্বাচনে যাঁরা ওলাদের ‘পরিবর্তন এখনই’—এই স্লোগানের ধারক-বাহক ছিলেন, তাঁরা এখন স্বপ্নভঙ্গের আশঙ্কায় ভুগছেন। প্রতিশ্রুতি অনুযায়ী ন্যূনতম বেতন বেড়েছে, কিন্তু একে শ্রমিক ইউনিয়নগুলো ‘তামাশা’ হিসেবেই দেখছে। তাদের হিসাব অনুযায়ী, যে বেতন বাড়ানো হয়েছে কর পরিশোধের পর, তা আগের মাসিক বেতনের চেয়ে কয়েক ইউরোর বেশি হবে না। একজন শ্রমিক তেতো হেসে মন্তব্য করেন, দৈনিক একটা করে বাগেটও (এক ধরনের পাউরুটি) কেনা যাবে না ওই বাড়তি টাকায়। সন্দেহ নেই প্রেসিডেন্ট ওলাঁদকে নিয়ে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা হোঁচট খেতে শুরু করেছে। এর মধ্যে ওলাঁদ পরিকল্পনা করেছেন, অঢেল সম্পদ রয়েছে—এমন সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর বাড়তি কর বসাবেন। তাঁর এই উদ্যোগ খেপিয়ে তুলছে অনেককেই। তাঁদের বক্তব্য, ওলাঁদের পরিকল্পনার কারণে শেষ পর্যন্ত আরও ফরাসি পুঁজি (মূলধন) অন্য দেশে চলে যাবে। কর্মসংস্থানের সুযোগ হবে আরও সীমিত।বিবিসির একজন সাংবাদিক সম্প্রতি ৩০ থেকে ৪০ বছর বয়সী একদল স্থপতির সঙ্গে কথা বলেন। বাইরে থেকে দেখলে মনে হতে পারে, তাঁরা ভালোই আছেন। এই পরিস্থিতিতেও তাঁরা দেশ ছাড়তে চান না। সত্যি বলতে, তাঁদের অনেকেই ওলাঁদকেই ভোট দিয়েছেন। কিন্তু ব্যবসা-বাণিজ্যে উচ্চ করারোপের পরিণতি কী হবে, তা ভেবে ফ্রান্সের অনেক মধ্যবিত্তের মতোই তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন। দেশে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক, তাঁরা অবশ্যই তা চান। কিন্তু একই সঙ্গে চান, প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে সরকারি সহযোগিতায় ফরাসি কোম্পানিগুলো যাতে ভালোভাবে টিকে থাকতে পারে। সমাজের প্রত্যাশা এবং প্রেসিডেন্ট হিসেবে ওলাঁদের করণীয় সম্পর্কে ফরাসি নারী মিউরিয়েলের অভিমত হচ্ছে, মিতেরাঁর অভিজ্ঞতা স্মরণ করা। আশির দশকের শুরুর দিকে ক্ষমতা লাভের পর দুই বছর বামপন্থী নীতিগ্রহণ করেছিলেন প্রেসিডেন্ট মিতেরাঁ। কিন্তু ওই নীতি ফলদায়ক না হওয়ায় দুই বছর পরই উল্টো পথে চলা শুরু করেন তিনি। নীতি বদলে ব্যবসাবান্ধব ভাবমূর্তি তৈরি করেন। মিউরিয়েলের মতে, তাতে তুলনামূলকভাবে পরিস্থিতির উন্নতি হয়েছিল। ওলাঁদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না বলেই ভাবছেন এ নারী। ‘সত্যি আর কোনো বিকল্প নেই। এটি শুধু সময়ের ব্যাপার মাত্র,’ বলেন মিউরিয়েল।ফ্রান্সে কর্মসংস্থানের বেহাল অবস্থার চিত্র খানিকটা হলেও পাওয়া যাবে মধ্যবয়সী নারী অ্যালিসের কথায়। তিনি উত্তর ফ্রান্সের শিল্প এলাকার একটি রুগ্ণ বস্ত্র কারখানায় কাজ করেন। ৩৭ বছর আগে তিনি কারখানাটিতে যোগ দিয়েছিলেন। তখন সেখানে কাজ করতেন প্রায় আট হাজার শ্রমিক। অ্যালেসির বয়স এখন পঞ্চাশের কাছাকাছি। কারখানাটিতে বর্তমানে মাত্র ২০০ শ্রমিক কাজ করেন। অ্যালিস জানান, কারখানা কর্তৃপক্ষ আগের মতো একই পণ্য উৎপাদন করে। কিন্তু উৎপাদনের কাজটি এখন আর ফ্রান্সে হয় না। যেসব দেশে তুলনামূলক সস্তায় শ্রমিক পাওয়া যায়, সেখানেই সেই কাজ করা হয় এখন।অ্যালিসের বক্তব্য, শিল্পের কাজ দেশের বাইরে চলে যাওয়া ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে—রাজনীতিকদের এমন প্রতিশ্রুতির কথা ২০ বছর ধরেই তিনি শুনে আসছেন। কিন্তু এসব শুধু বলার জন্যই বলা হয়।অ্যালিস বিশ্বাস করেন, ওলাঁদের সমাজতন্ত্রী সরকার দেশের শিল্পপ্রতিষ্ঠান ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর যতটা নিয়ন্ত্রণ আরোপ করতে চায়, বাস্তবে ততটা করা সম্ভব হবে না। এ বাস্তবতা পছন্দ না হলেও তিনি মানেন। যেমন, সম্প্রতি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পিজো প্যারিসের বাইরে তাদের একটি কারখানা বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে সরকার তেমন কোনো ভূমিকাই রাখতে পারেনি। পিজোকে সরকার হুমকি দিয়েছিল, কারখানাটি বন্ধ করে দেওয়া হলে রাষ্ট্রীয় অনুদান বন্ধ করে দেওয়া হবে। এর জবাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের এ কাজের শিকার হবে শ্রমিকেরাই। পিজোর ওই কারখানার একজন শ্রমিক জ্যাকি বলেন, ‘এটা হতাশজনক। স্বভাবতই আমরা ক্ষুব্ধ।’ গাড়ি তৈরির ওই কারখানার আরেক শ্রমিক ক্রিস্টিয়ান বলেন, ‘আমরা অলৌকিক কিছু আশা করি না। কিন্তু চাই, ওলাঁদ কিছু একটা করুন। আমরা নিজেদের নিয়ে উদ্বিগ্ন। তবে এর চেয়েও বেশি উদ্বিগ্ন ছেলেমেয়ের ভবিষ্যত নিয়ে।’ মাহফুজার রহমান