ওষুধ কোম্পানির প্রতিনিধির মোটরসাইকেলে এলেন চিকিত্সক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬০ বছরের বৃদ্ধা ফিরোজা বেগম অসুস্থ দুই নাতি মো. হানিফ (৬) ও আসমাউল হুসনাকে (৪) নিয়ে এসেছেন প্রায় ১০ কিলোমিটার দূরের ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে সকাল আটটায়। ১০টা পর্যন্ত অপেক্ষা করেও চিকিত্সকের দেখা পাননি তিনি। দুই হাতে আগলে রেখেছেন দুই শিশুকে। একজনের প্রচণ্ড জ্বর, আরেকজনের হাত-পা ছেয়ে গেছে খোস-পাঁচড়ায়। বৃদ্ধা নিজেও অসুস্থ। সাংবাদিক পরিচয় পেয়ে ফিরোজা বেগম বড় গলায় বললেন, ‘অবাজি ডাক্তর হত্যে আইব দে। আঁইত আর ন পারির।’ (বাবা চিকিত্সক কখন আসবেন, আমি তো আর পারছি না।)দুই ঘণ্টা পর টোকেন দাতা ফিরোজা বেগমের নাম লিখতে দেখে যেন আকাশের চাঁদ হাতে পেলেন তিনি!পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া গ্রামের শাহিনা বেগম (২৫) দেড় মাসের মেয়েকে নিয়ে দেড় ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। ঠান্ডায় জ্বর হয়েছে মেয়ের। ‘মনে হয় নিউমোনিয়া হয়েছে।’ বললেন শাহিনা। গত বুধবার সরেজমিনে দেখা যায়, সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত বহির্বিভাগে চিকিত্সকের অপেক্ষায় ছিলেন শতাধিক নারী-পুরুষ। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে দু-একজন চিকিত্সককে দেখা যায়। রোগীদের অভিযোগ, দুই-একজন চিকিত্সক কার্যালয় চলাকালীন বাসা বা চেম্বারে রোগী দেখেন। পৌনে ১০টার দিকে চিকিত্সক মোহাম্মদুল হক ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির মোটরসাইকেলে করে এলেন হাসপাতাল সংলগ্ন বাসায়। নয়টা পাঁচ মিনিটে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মাহবুবুল আলম নিজের কক্ষে বসা। সঙ্গে ছিলেন চিকিত্সক সোলতান আহমদ সিরাজী ও তোফাজ্জল হোসেন। এ সময় হাসপাতালের অন্তর্বিভাগে রোগী দেখছিলেন আতা ইলাহী। প্রায় এক ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করে বহির্বিভাগে দুইজন চিকিত্সকের দেখা পাওয়া যায়। ফরিদা খাতুন (৩০), লায়লা বেগম (৪৫), হুমায়রা বেগম (৪০), তেজা প্রু (৬০), ছৈয়দ আলম (৫৫) এসেছেন দূরের এলাকা থেকে। তাঁদের কেউ নিজে অসুস্থ। কেউ সন্তান কিংবা স্বজন নিয়ে এসেছেন। দুই-তিন ঘণ্টা অপেক্ষা করেও তাঁরা চিকিত্সাসেবা পাননি। চিকিত্সক সোলতান আহমদ সিরাজী ও তোফাজ্জল হোসেন জানান, ‘সভা থাকায় আসতে একটু দেরি হয়েছে।’ সকাল পৌনে ১০টায় হাসপাতালের অন্তর্বিভাগের, মহিলা ওয়ার্ডের ১২ নম্বর শয্যায় নিউমোনিয়ায় ছটফট করছিল দেড় বছর বয়সী তৈয়বা মণি। তৈয়বাকে পাঁচ দিন আগে ভর্তি করা হয়েছে। কিন্তু অবস্থার তেমন উন্নতি নেই। বরইতলী ইউনিয়নের পহরচাঁদা থেকে এসেছেন নূর জাহান (৫৫)। জ্বর ও ডায়রিয়া নিয়ে ভর্তি আছেন তিনি। তাঁর অভিযোগ সেবিকারা ভালো ব্যবহার করেন না।এসব অভিযোগের ব্যাপারে টিএইচও মাহবুবুল আলম বলেন, জনবলসংকটের কারণে যথাযথ চিকিত্সা দেওয়া যাচ্ছে না। ২০ জন চিকিত্সকের পদ থাকলেও আছেন ১০ জন। সেবিকাদের দুর্ব্যবহার সম্পর্কে তিনি বলেন, ‘একজন সেবিকার পক্ষে ৭০-৮০ জন রোগী সামাল দেওয়া খুবই কঠিন। তাই হয়তো কেউ কেউ অসন্তুষ্ট হন।’