ওষুধ, তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী কানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসএম কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন
বিএসএম কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন

বাংলাদেশের ওষুধ, তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী কানাডা। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়াতে চায় দেশটি। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন ১৮ আগস্ট চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন।
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম, সৈয়দ জামাল আহমেদ, মাহফুজুল হক শাহ, এম এ মোতালেব, জহিরুল ইসলাম চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আনোয়ার শওকত আফসার, মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী, মো. জহুরুল আলম, মো. সিরাজুল ইসলাম ও মো. জাহাঙ্গীর।
কানাডার প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল গ্রেইন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ অশোক সরকার, বিজ্ঞান ও উদ্ভাবন পরিচালক ইলেইন সুপিনিক, বেকিং বিশেষজ্ঞ ইভন্নি সুপিন ও কানাডিয়ান হাইকমিশনের ট্রেড কমিশনার কামাল উদ্দিন।
সভায় চেম্বার সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশের অবকাঠামো ও জ্বালানি খাতে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
এর আগে সকালে খাতুনগঞ্জে ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের কার্যালয় পরিদর্শন করেন কানাডার হাইকমিশনার। এ সময় কানাডা থেকে ভোগ্যপণ্য আমদানিকারক এবং স্থানীয় বাজারে বিপনণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিএসএম কার্যালয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন হাইকমিশানার হিদার ক্রুডেন। সভা সঞ্চালনা করেন বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী। এ সময় কোম্পানির উপদেষ্টা এমদাদুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী উপস্থিত ছিলেন।