ওষুধ নেই, খালি হাতে ফিরছেন রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ২৭ কমিউনিটি ক্লিনিকের ওষুধ বরাদ্দ দুই মাস ধরে বন্ধ। চিকিৎসা নিতে আসা রোগীরা ফিরছে খালি হাতে। এ ছাড়া ওষুধ না থাকায় কমেছে রোগীর সংখ্যাও।
গত বুধবার বেলা ১১টায় উপজেলার জাগিরাঘোনা কমিউনিটি ক্লিনিকে সরেজমিনে দেখা যায়, ক্লিনিক খোলা। রোগী আছে হাতে গোনা কয়েকজন।
কথা হয় সেবা নিতে আসা জাগিরাঘোনার বাসিন্দা রিদুয়ানুল করিমের (৪২) সঙ্গে। তিনি বলেন, ‘আমি এসেছি জ্বর আর কাশির সমস্যা নিয়ে। আগে এসে ওষুধ পেয়েছি, কিন্তু এবার পাইনি।’
স্ত্রীকে নিয়ে আসা নুরে হোসেন (২৭) নামের আরেক ব্যক্তি বলেন, ‘আমরা গরিব মানুষ। দোকান থেকে ওষুধ কেনার সামর্থ্য নেই। এই ক্লিনিকই একমাত্র ভরসা।’
ক্লিনিকে দায়িত্বরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সাদেকুর রহমান বলেন, ওষুধ দেওয়া বন্ধ থাকায় ক্লিনিকে রোগী আসা কমেছে। তিনি জানান, আগে প্রতি মাসে গড়ে ৫০০ রোগীকে সেবা দেওয়া হতো। দুই মাস ধরে সেই সংখ্যা দঁাড়িয়েছে ৮০ থেকে ১০০।
একই অবস্থা কায়দাবাদ, পানিরছড়া, মুন্সিরডেইল, জোড়াপুকুর, নয়াপাড়াসহ ২৬ ক্লিনিকের।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, মাতারবাড়ী ইউনিয়নে চারটি, ধলঘাটায় এক, কালারমারছড়ায় চার, শাপলাপুরে দুই, হোয়ানকে পাঁচ, বড় মহেশখালীতে পাঁচ, ছোট মহেশখালীতে দুই, কুতুবজোমে তিন ও পৌরসভায় একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। পুরোদমে চিকিৎসাসেবা চলছে ক্লিনিকগুলোয়। আর প্রতিটি ক্লিনিকে রোগীদের জন্য তিন মাসে ওষুধপথ্যের দুটি কিটবক্স দেওয়া হয়। ওই কিটবক্সে ২৯ ধরনের ওষুধ থাকে। এগুলো রোগীদের মধ্যে বিনা মূল্যে বিতরণ করা হয়। কিন্তু গত অক্টোবর মাস থেকে ক্লিনিকে ওষুধ দেওয়া বন্ধ আছে।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুচিন্ত চৌধুরী বলেন, ক্লিনিকে ওষুধ বরাদ্দ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কয়েকবার লেখালেখি করেও কোনো কাজ হয়নি। ফলে কমিউনিটি ক্লিনিকে ওষুধ পাচ্ছে না রোগীরা।