ওষুধ পরীক্ষাগারে জনবলসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন রক্ষাকারী ওষুধের মান পরীক্ষার জন্য প্রয়োজন ছয়জন টেকনিশিয়ান (কারিগর)। কিন্তু নেই একজনও। পাঁচজন প্রথম শ্রেণীর কর্মকর্তার মধ্যে আছেন শুধু দুজন। এর মধ্যে একজন অসুস্থতার কারণে নিয়মিত কার্যালয়ে আসতে পারেন না। রসায়নবিদ চতুর্থ শ্রেণীর কয়েকজন কর্মচারীর সহযোগিতায় ওষুধের মান পরীক্ষার কার্যক্রম চালাচ্ছেন।এভাবে প্রয়োজনীয় লোকবলের অভাবে নগরের আগ্রাবাদে অবস্থিত ওষুধ পরীক্ষাগারের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, এই পরীক্ষাগারে প্রতিবছর বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে আসা এক হাজার ২০০ রকমের ওষুধের নমুনা পরীক্ষা করার লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে। সেক্ষেত্রেগত ছয় মাসে ওষুধের নমুনা পরীক্ষা সম্পন্ন করা হয়েছে মাত্র ১৫০ রকমের। এর মধ্যে ছয়টি ওষুধের মান উত্তীর্ণ হয়নি। চট্টগ্রামে ১০টি অ্যালোপ্যাথিক, ৪৮টি ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে।পরীক্ষাগার সূত্র জানায়, দেশে ওষুধ পরীক্ষাগার রয়েছে দুটি। এর একটি নগরের আগ্রাবাদ এলাকায়, অন্যটি ঢাকার মহাখালী এলাকায়। আগ্রাবাদ পরীক্ষাগারের জন্য লোকবল থাকার কথা ২১ জন। তাঁরা হলেন পরিচালক একজন, সহকারী পরিচালক দুজন, রসায়নবিদ ও জীবাণুবিদ একজন করে, ছয়জন কারিগর এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী ১০ জন। এর মধ্যে বর্তমানে একজন পরিচালক, একজন রসায়নবিদ ও আটজন চতুর্থ শ্রেণীর কর্মচারী দায়িত্ব পালন করছেন। রসায়নবিদ মোস্তফা কামাল বলেন, ‘একজন পরিচালক নিযুক্ত থাকলেও অসুস্থতার কারণে তিনি নিয়মিত কার্যালয়ে আসতে পারেন না। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সহযোগিতা নিয়ে জোড়াতালি দিয়ে আমি কোনোরকমে কার্যক্রম চালাচ্ছি। এ পরিস্থিতিতে ওষুধের মান সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’নাম প্রকাশ না করার শর্তে ওষুধ পরীক্ষাগারের একজন কর্মকর্তা বলেন, ‘দেশের বিভিন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে মান পরীক্ষার জন্য ওষুধ তত্ত্বাবধায়কেরা নমুনা সংগ্রহ করে এর এক-তৃতীয়াংশ চট্টগ্রামের পরীক্ষাগারে পাঠানোর কথা। কিন্তু পর্যাপ্ত ওষুধ তত্ত্বাবধায়ক না থাকায় নমুনা সংগ্রহ করে আনা যাচ্ছে না।’ চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক মো. আকতার হোসেন বলেন, ‘গত এক বছরে ঢাকা ও চট্টগ্রামের উভয় পরীক্ষাগারে অন্তত ১৫০ রকমের ওষুধের নমুনা পাঠিয়েছি। এর মধ্যে বেশির ভাগ পাঠানো হয়েছে ঢাকার মহাখালী ওষুধ পরীক্ষাগারে।’ লোকবল না থাকায় চট্টগ্রামের কার্যালয়ে নমুনা কম পাঠানো হয় বলে তিনি জানান। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গত এপ্রিলে সারা দেশে ১৫ জন ওষুধ তত্ত্বাবধায়ক সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি পান। ওষুধ তত্ত্বাবধায়ক হিসেবে নতুন লোক নিয়োগ না দেওয়া পর্যন্ত তাঁদের (সহকারী পরিচালকদের) ওষুধ তত্ত্বাবধায়ক হিসেবে মাঠপর্যায়ে কাজ করার জন্য মহাপরিচালকের দপ্তর থেকে নির্দেশ দেওয়া হলেও তা অনেকে মানছেন না। ফলে যথাযথভাবে ওষুধের বাজার নিয়ন্ত্রণ কিংবা ওষুধের মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা যাচ্ছে না।’২৩ জুন দুপুর ১২টায় আগ্রাবাদে কেন্দ্রীয় ওষুধ পরীক্ষাগার পরিদর্শন করে দেখা যায়, পরিচালকের কক্ষসহ পরীক্ষাগারটির সব কক্ষে তালা ঝুলছে। রসায়নবিদ মোস্তফা জামান বলেন, ‘পরিচালক শহীদুল ইসলাম গুরুতর অসুস্থ। সহকারী পরিচালক পদে আশরাফ হোসেন নামের একজনকে পাঁচ মাস আগে নিয়োগ দেওয়া হলেও তিনি এখানে আসেন না।’ তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে আশরাফ হোসেন জানান, তিনি মহাপরিচালকের নির্দেশে বর্তমানে ফেনী ও নোয়াখালী জেলায় দায়িত্ব পালন করছেন। দেখা যায়, এ দপ্তরের ভান্ডারকক্ষে এইচপিএলসি, ডিজুলেশন টেস্টার, অটোক্ল্যাবসহ ওষুধের মান পরীক্ষার বেশ কিছু যন্ত্রপাতি অব্যবহূত অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এসব যন্ত্রপাতির দাম প্রায় দেড় কোটি টাকা। কারিগর না থাকায় এসব যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে না বলে তাঁরা জানান।