ওষুধ প্রশাসনের কাজকর্মে স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ প্রশাসন চট্টগ্রাম কার্যালয়ের কাজকর্মে চরম স্থবিরতা বিরাজ করছে। সরকারি গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটি তিন বছর ধরে জনবল ও যানবাহন-সংকটে ধুঁকছে। ফলে ড্রাগ সনদবিহীন ওষুধের দোকান, অবৈধভাবে ওষুধ বিপণন ও সংরক্ষণ এবং নিষিদ্ধ ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও রাঙামাটি এ চার জেলার সামগ্রিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করে ওষুধ প্রশাসন। দপ্তরে চারজন ওষুধ তত্ত্বাবধায়ক এবং সাতজন কর্মচারী থাকার কথা। কিন্তু বর্তমানে আছেন একজন তত্ত্বাবধায়ক ও পাঁচজন কর্মচারী। ওষুধ তত্ত্বাবধায়কদের জন্য সরকারি গাড়ি থাকার কথা থাকলেও চট্টগ্রামে সেরকম কোনো যানবাহন সুবিধা নেই। ফলে চট্টগ্রামসহ চার জেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা ড্রাগ সনদবিহীন ওষুধের দোকান, অবৈধভাবে ওষুধ বিপণন ও সংরক্ষণ এবং নিষিদ্ধ ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না ওষুধ প্রশাসন। সংকটের কথা স্বীকার করে ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক আকতার হোসেন বলেন, ‘তিন বছর আগেও এ দপ্তরে দুইজন ওষুধ তত্ত্বাবধায়ক ছিলেন। বর্তমানে আমিসহ এখানে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছয়জন। বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাওয়ার জন্য যানবাহন সুবিধা নেই। ফলে প্রশাসনের কার্যক্রম গতি পাচ্ছে না।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ড্রাগ সনদবিহীন ওষুধ বিক্রির প্রতিষ্ঠান, অবৈধভাবে ওষুধ সংরক্ষণ ও বিপণন কিংবা নিষিদ্ধ ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অধ্যাদেশে ড্রাগ অ্যাক্ট অন্তর্ভুক্ত না করায় ওষুধ প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মতো কোনো অভিযানও পরিচালনা করতে পারছে না।’ জানা যায়, মহানগরসহ চট্টগ্রাম জেলায় ওষুধ বিক্রয়ের প্রতিষ্ঠান রয়েছে প্রায় আট হাজার। নাম প্রকাশ না করে ওষুধ প্রশাসন চট্টগ্রাম কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, চট্টগ্রাম মহানগরের হাজারিগলি, জামালখান, চকবাজার ও চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতাল এলাকায় পাঁচ শতাধিক ড্রাগ সনদবিহীন ওষুধ বিক্রির প্রতিষ্ঠান রয়েছে। চট্টগ্রাম শহরে ওষুধ বিক্রির অবৈধ প্রতিষ্ঠান থাকার কথা স্বীকার করে ওষুধ তত্ত্বাবধায়ক বলেন, ‘গত এক বছরে অন্তত ২৫০ ড্রাগ সনদবিহীন প্রতিষ্ঠান চিহ্নিত করে আমরা নোটিশ দিয়েছি। পরে এসব প্রতিষ্ঠান ড্রাগ সনদের আওতায় এসেছে।’ এদিকে চট্টগ্রাম ওষুধ প্রশাসনে লোকবল সংকটের সুযোগে কিছু অসাধু ওষুধ ব্যবসায়ী অবৈধ ওষুধের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এসব ব্যবসায়ী পাইকারী ও খুচরা হারে ভারতীয় নিষিদ্ধ ওষুধ বিক্রি করছেন। এ রকম অবৈধ ব্যবসা বেশি চলছে নগরের ওষুধ বাজার খ্যাত হাজারিগলি ও চমেক হাসপাতালের আশপাশের এলাকায়। এ ছাড়া কিছু কথিত চিকিৎসক নগরের দেওয়ানহাট, বহদ্দারহাট, ষোলশহর দুই নম্বর গেটসহ জেলার বিভিন্ন এলাকায় এলাকায় ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসার নামে কথিত ‘হারবাল সেন্টার’ গড়ে তুলে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করছেন। সম্প্রতি, চট্টগ্রামের ড্রাগ প্রশাসন এ ধরনের ১৩টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে। তবে চট্টগ্রাম ড্রাগ সমিতির সভাপতি সমীর কান্তি সিকদার হাজারিগলি ও চমেক হাসপাতাল এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ ও নিষিদ্ধ ভারতীয় ওষুধ বিপণন ও সংরক্ষণ করার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘যে ধরনের ভারতীয় ওষুধ গোপনে আমাদের বাজারে বিক্রি হতো সে রকম ওষুধ এখন বাংলাদেশে তৈরি হচ্ছে। ফলে গোপনে ভারতীয় ওষুধ বিক্রি হচ্ছে এমন অভিযোগ ভিত্তিহীন।’