ওষুধের কৌটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার ভালোবাসার অনেকটা অংশজুড়ে আছেন দাদি। রাতে যখন তাঁকে জড়িয়ে ধরে ঘুমাতাম, তখন উষ্ণতার মমতায় কোথায় যেন হারিয়ে যেতাম। তাঁর মুখে উচ্চারিত প্রতিটি শব্দ আজও কানের কাছে ভেসে বেড়ায়। খুব মনোযোগ দিয়ে লক্ষ করতাম তাঁকে। দাদি তাঁর আলমারির চাবিটা খুব যত্ন করে রাখতেন, যেন সেটা সব সময় নজরবন্দী থাকে। সেই ছোট্ট আমিও বুঝতাম, আলমারির ভেতরের কয়েকটা তাক আর দুইটা ড্রয়ারের ভেতর তাঁর একটা নিজস্ব জগৎ আছে। একবার চাবি হারিয়ে সে কী খোঁজাখুঁজি! ব্যাপারটা নিয়ে দাদার সঙ্গে সমস্যাও হয়েছিল। আমি মনে মনে হাসতাম। আলমারি কেন তালাবন্ধ করে রাখতে হয়, সেটা বোঝার বয়স তখনো হয়নি।

দাদা মারা যাওয়ার পর দাদি ধবধবে সাদা শাড়ি পরতে শুরু করলেন। তত দিনে তাঁর সব চুল কাশফুলের মতো সাদা হয়ে গেছে। সাদা চুলের মানুষকে সাদা শাড়ি পরলে এত সুন্দর দেখায়, আমি মুগ্ধ হয়ে দেখতাম তাঁকে। কম বয়সীরাও আমার দাদির কাছে হারিয়ে যেত। আমিও হারিয়ে যেতাম তাঁর সাদা ব্যক্তিত্বের কাছে, সৌন্দর্যের কাছে।

একদিন খেয়াল করলাম, দাদির সেই চাবির জায়গা দখল করেছে ওষুধের কৌটা। চ্যাপ্টা সাদা একটা কৌটা। সেখানে ক্যাপসুল আর ট্যাবলেটগুলো বন্ধুর মতো পাশাপাশি দাঁড়িয়ে। উদাসী দাদি আমার কোথায় যেন হারিয়ে থাকতেন আকাশের দিকে তাকিয়ে। ফিরে আসতেন ওষুধের কৌটা খোলার সময় হলে।

এখন অনেক বছর পর, এখানে–সেখানে পড়ে থাকা আমার ওষুধগুলো গুছিয়ে রাখার জন্য দাদির কৌটার মতো একটা কৌটা কিনেছি। খাবার টেবিলে সবাই যখন পছন্দের খাবার খায়, আমি তখন ওষুধ খাই। এখন বুঝি, কেন দাদি যত্ন করে গুছিয়ে রাখতেন ওষুধের কৌটা।