ওষুধের দাম বাড়ছেই
‘বাচ্চার ঠান্ডা লাগায় চিকিৎসক নরসল ড্রপ দেওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী ওষুধটি কিনতে গিয়ে বিপাকে পড়ি। কয়েকটি ওষুধের দোকানে খোঁজ করার পর একটিতে পাওয়া গেল। দোকানদার জানালেন সরবরাহ নেই বলে বাড়তি দামে কিনতে হয়েছে। তাই বাড়তি দাম দিতে হবে। শেষে ২৫ টাকা দামের স্যালাইন ওয়াটার ড্রপটি বাধ্য হয়ে কিনলাম ৩৫ টাকায়।’ফয়’স লেক এলাকার বাসিন্দা মো. স্বপন এভাবেই ওষুধের দাম বাড়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, কয়েক মাস ধরে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম বেড়েছে। সরবরাহ নেই এমন অজুহাত দেখিয়ে বেশ কিছু ওষুধ বাড়তি দামে বিক্রি করছেন দোকানিরা।জীবন রক্ষাকারী ওষুধের দাম দিন দিনই বাড়ছে। কিছু কিছু ওষুধের দাম সম্প্রতি উৎপাদনকারী প্রতিষ্ঠান বাড়িয়েছে। তবে দাম বাড়ানো হয়নি এমন সব ওষুধও বাড়তি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি ওষুধের দাম বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।ওষুধের বাজার ঘুরে ও উৎপাদনকারী প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ ওষুধ কোম্পানি তাঁদের উৎপাদিত কয়েকটি ওষুধের দাম বাড়িয়েছে। উচ্চরক্তচাপ, হূদেরাগ, অম্লনাশক, ব্যথানাশক ও শিশুখাদ্যের দাম বেড়েছে।বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের নিউসেপটিন আর, প্রোসেপটিন, প্রোসান, এমডোকল-৫, স্কয়ারের নিউটেক, এনজিওলক, এন্টাসিড, কমপ্রিড, ইনসেপটার ওসারটিল, কনসোকেন, রেনেটার এনজিলন, মেক্সপ্রো, এরিস্টোফার্মার মিটাকার্ড, ওমেপ, লুমেরন-১৫০ ইত্যাদি ওষুধের দাম বেড়েছে বলে জানিয়েছেন ওষুধ বিক্রেতারা। এ ছাড়া আরও কিছু কোম্পানির ওষুধের দাম বাড়তে পারে বলে জানা গেছে। খুচরা বিক্রেতারা জানান, স্কয়ারের নিউটেক ট্যাবলেট কিছুদিন আগেও দুই টাকা দরে বিক্রি হতো। এখন প্রতিটি ট্যাবলেট বিক্রি হচ্ছে আড়াই টাকায়। একইভাবে বেক্সিমকোর টোফেন এক মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেট দেড় টাকা থেকে বেড়ে হয়েছে দুই টাকা। বেড়েছে টোফেন সিরাপের দামও। ইনসেপটার রক্তচাপের ওষুধ ওসারটিল-৫০ মিলিগ্রামের প্রতিটি ট্যাবলেট ছয় টাকা থেকে বেড়ে হয়েছে আট টাকা। মেডি কর্নার নামে জামালখান লেইনের একটি ওষুধের দোকানের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর বলেন, ‘রক্তচাপ, ব্যথানাশক ও গ্যাসট্রিকের ওষুধের দাম বিভিন্ন কোম্পানি বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া কিছু কিছু ওষুধের দাম বাড়ানো হচ্ছে কৃত্রিম সংকট সৃষ্টি করে। কিছু পাইকারি বিক্রেতা এতে জড়িত।’খোঁজ নিয়ে জানা গেছে, নগরের পাইকারি ওষুধ বিপণিকেন্দ্র হাজারি গলির কিছু পাইকারি বিক্রেতা কৃত্রিম সংকট সৃষ্টি করে ওষুধের দাম বাড়াচ্ছেন। এসব ওষুধের মধ্যে কমপ্রিড, এনজিলক প্লাস, নিউরি-বি, বেক্সট্রাম, ডায়ারল উল্লেখযোগ্য। এ প্রসঙ্গে জানতে চাইলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চট্টগ্রামের আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা মো. কায়কোবাদ বলেন, ‘আমাদের কোম্পানি ৮ থেকে ১০টি ওষুধের দাম বাড়িয়েছে। তবে মানুষের দুর্ভোগ সৃষ্টি হওয়ার মতো বাড়েনি।’কায়কোবাদ আরও বলেন, কোম্পানি না বাড়ালেও মাঝেমধ্যে কিছু কিছু ওষুধের সরবরাহ কমিয়ে দিয়ে সংকট সৃষ্টি করেন কিছু ব্যবসায়ী। তাঁরা নিজ থেকে ওই সব ওষুধের দাম বাড়িয়ে দেন।গতকাল সোমবার বাংলাদেশ ‘ঔষধ শিল্প সমিতি’ প্রথম আলোসহ বিভিন্ন দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে ওষুধের দাম বাড়ার বিষয়টি ব্যাখ্যা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে যত ওষুধ আছে তার পাঁচ শতাংশেরও দাম বাড়েনি। ডলার, জ্বালানি ও কাঁচামালের দাম বাড়ায় কিছু সংখ্যক ওষুধের দাম বাড়াতে হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।