ওষুধের দোকানে শ্রম আইন বাস্তবায়নের দাবি
শ্রম আইনের বিধান অনুযায়ী নিয়োগপত্র দেওয়া, দৈনিক কাজের সময় আট ঘণ্টা কার্যকর, সাপ্তাহিক ছুটি দেড় দিন করা এবং নিম্নতম মজুরিহার নির্ধারণের মাধ্যমে শ্রম আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন চট্টগ্রাম ওষুধ ব্যবসায়ী কর্মচারী ইউনিয়নের নেতারা। ২৩ মে নগরের হাজারী লেনের একটি সামাজিককেন্দ্রে অনুষ্ঠিত সভায় এসব দাবি জানানো হয়। দাবি না মানলে আগামী ৩ ও ৪ জুলাই কর্মবিরতি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। সংগঠনের সভাপতি সুধীর কান্তি দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বুলবুল আচার্য্য, কনক দাশ, দোলন কান্তি দাশ, স্বপন ঘোষ, পলাশ চৌধুরী, শংকর বিশ্বাস প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, ২০০৬ সালের শ্রম আইনের তোয়াক্কা না করে ওষুধের দোকানের কর্মচারীদের একটানা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শ্রম দিতে বাধ্য করা হচ্ছে। এ ব্যাপারে তাঁরা শ্রম অধিদপ্তরের দোকান পরিদর্শকের ভূমিকার সমালোচনা করেন। বিজ্ঞপ্তি।