ওসমানীর স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা সেদিন খুব বকেছিলেন। লেখাপড়ায় কিছু না, শুধু এপাড়া-ওপাড়া ঘুরে বেড়ানো। বল নিয়ে মাঠে মাঠে ছুটোছুটি। ক্লাসের বইয়ের নিচে লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়া। মায়ের এমন নানা অভিযোগে তটস্থ ওসমানী। মাহবুবুল হক ওসমানী। বরিশালের অমৃত লাল দে কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৩.৮০ পেয়েছিলেন তখন। নিজ গ্রামের কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিকে জিপিএ-৪.৩৮ও মাকে তুষ্ট করতে পারেনি।যখন উচ্চমাধ্যমিকের ফল মাকে খুশি করা নয়, বরং উল্টো আরও রাগিয়ে দিল, তখন থেকেই জেদ চাপে তাঁর। এই জেদ মায়ের মন জয়ের জেদ। তারপর সময় আসে ভর্তি পরীক্ষার।মেডিকেলে সুযোগ না পাওয়াতে ব্যর্থ হয় সে চেষ্টা। ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একধরনের দুর্বলতা ছিল তাঁর। এই দুর্বলতার মূল কারণ তাঁর গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কেউ না থাকা। অবশেষে বরিশাল সদরের কড়াপুর গ্রামের সেই দুরন্ত ছেলেটি খুলনার ফার্মেসি বিষয় ছেড়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। মা তাতেও খুশি নন। এরপর সময় গড়ায়।বিশ্ববিদ্যালয়ে ভর্তির চার বছর পরের ঘটনা। ওসমানী ছিলেন গ্রামের বাড়িতে। ওসমানী বলেন, ‘সেদিন ঠিক কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। মুঠোফোনের শব্দে ঘুম ভেঙে যায়। এক সহপাঠীর ফোন। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। স্বপ্ন দেখছি না তো? প্রথম শ্রেণীতে প্রথম হয়েছি!’ এই খবর শোনামাত্র তিনি ছুটে গেলেন মায়ের কাছে। মায়ের পায়ের ধুলো নিলেন তিনি। মা তো অবাক। কী হলো আবার! মাকে স্নাতকে প্রথম হওয়ার খবর দিলেন ওসমানী। আর তখন? তখন মা কোনো কথাই বললেন না। ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন। ওসমানীও সেদিন কেঁদেছিলেন। যতটা না নিজের ভালো ফলের জন্য, তার চেয়ে বেশি মাকে ফলের খবরে তৃপ্ত করতে পেরে। বাবা শমসের আলী লুকিয়ে চোখের জল মোছেন ছেলের সাফল্যে।এভাবেই নিজের স্বপ্নপূরণের কথা বললেন মাহবুবুল হক ওসমানী।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন তিনি। শতকরা ৬৩ ভাগ নম্বর পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম। বরিশালের প্রত্যন্ত এক গ্রামের মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তাঁর। তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী বাবা-মায়ের চাকরিস্থলও ওই গ্রামে। স্কুল আর কলেজের চৌকাঠ মাড়িয়ে স্বপ্নডানায় ভর করে একদিন এসে পা রাখেন রাজধানীর বুকে। শরীরে তখনো গাঁয়ের সোঁদা গন্ধ। অদম্য মনোবলের কারণে ওসমানীর সে স্বপ্নঘুড়িটা ঠিকই আপন পথ খুঁজে নেয়।‘স্নাতক প্রথম বছরে একবার হলের গণরুমে উঠেছিলাম। ছোট্ট এক রুমে আমরা ১৮-২০ জন। ঘুমানোর উপায় নেই। বাধ্য হয়ে হলের মসজিদেও ঘুমিয়েছি অনেক দিন। সকালে নেতারা এসে জোর করে নিয়ে যেতেন মিছিলে। এরপর মেসে চলে যাই।’ এভাবেই হলের অভিজ্ঞতা বর্ণনা করলেন তিনি। প্রথম বছর থেকেই বাসায় ছাত্র পড়াতেন। কোচিং সেন্টারেও পড়াতেন। তবে ক্লাস করতেন নিয়মিতভাবে।প্রথম বছরের পরীক্ষার ফল আশাব্যঞ্জক হয়নি। অবস্থান তৃতীয়। তবে ভেঙে পড়েননি। চেষ্টা চালিয়ে গেছেন। দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলে ঠিকই প্রথম হন। এরপর সাংবাদিক হিসেবে চাকরি নেন একটি এফএম রেডিওতে। তৃতীয় বর্ষেও একই ফল—প্রথম। এরপর চতুর্থ বর্ষে এসে পড়ালেখায় হয়ে ওঠেন দারুণ মনোযোগী। পরীক্ষার আগে চাকরিটাও ছেড়ে দেন। নিয়মিত ক্লাস, প্রতিদিনের ক্লাসের পড়া প্রতিদিনই শেষ করা—এভাবেই এগিয়ে চলেন ওসমানী। অবশেষে তার সুফল হিসেবে প্রাতিষ্ঠানিক সনদে যোগ হয় স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার গৌরব। এ ফলের জন্য ইতিমধ্যেই অর্জন করেছেন অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার, ঢাকা ব্যাংক বৃত্তি, নভেরা দীপিতা পুরস্কার ও ডিনস অ্যাওয়ার্ড। এ ছাড়া প্রথম হওয়ার সুবাদেই পরবর্তী সমাবর্তনে পাবেন রাষ্ট্রপতি পদক।বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক তাঁকে সাধ্যমতো লেখাপড়ার ব্যাপারে পরামর্শ ও উৎসাহ দিয়েছেন—তাঁদের বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চান ওসমানী। স্কুলের শিক্ষক মাসুদ রানার অনুপ্রেরণা এখনো তাঁকে তাড়িত করে সারাক্ষণ। ওসমানীর এখন একটাই লক্ষ্য, স্নাতকোত্তর পরীক্ষাতেই প্রথম শ্রেণীতে প্রথম হওয়া।