ঘড়িতে স্থানীয় সময় ভোর ঠিক চারটা। প্রাইভেটকারে চেপে বসলাম। চাকা ঘোরা শুরু করল তারও পাঁচ মিনিট পর। গন্তব্য—এ সময়ের বিশ্বের সবচেয়ে আলোচিত এলাকা অ্যাবোটাবাদ, যে এলাকায় বিশ্বের সবচেয়ে আলোচিত ব্যক্তি আল-কায়দার শীর্ষনেতা ওসামা বিন লাদেন যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযানে মারা গেছেন। গোটা বিশ্বের কৌতূহল যখন এই এলাকাকে ঘিরে, তখন একজন সাংবাদিক হয়ে সেই এলাকার এত কাছে গিয়েও একবার ঘুরে না আসাটা ভালো ঠেকছিল না। তাই চোখ বন্ধ করে অসম্ভব একটা ঝুঁকি নিয়েই ফেললাম। ঝুঁকি বলছি, কারণ, আমি ৯ মে যখন ওই এলাকায় যাই, তারও ৪৮ ঘণ্টা আগে পাকিস্তান সরকার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাবোটাবাদে সব বিদেশি গণমাধ্যমের কর্মীর প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞা মাথায় নিয়েই আমি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখীর প্রতিনিধি হয়ে ক্যামেরাসহ সেখানে উপস্থিত হই।অ্যাবোটাবাদের পথেপাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৬০ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকা অ্যাবোটাবাদ। যেতে লাগবে দুই ঘণ্টা। বলে নেওয়া ভালো, ঠিক ওই মুহূর্তে পাকিস্তানে অবস্থানরত আমিই একমাত্র বাংলাদেশি সাংবাদিক নই, আমরা ১০ সদস্যের একটি প্রতিনিধিদল পাকিস্তান সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছি, তবে লাদেন-ইস্যু কভার করার জন্য নয়। পাকিস্তান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম দেখা, বিভিন্ন মুখপাত্রের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক আর কিছুটা ঘোরাঘুরি ছিল আমাদের আট দিনের সফরের শিডিউলে। অ্যাবোটাবাদ যাওয়ার কোনো পরিকল্পনাই সেই শিডিউলে ছিল না। তাই বলা যায়, একেবারে ‘চুরি করে’ আমি সেই এলাকায় যাওয়ার পরিকল্পনা এঁটেছিলাম। বাস্তবায়নও করি একা। গাইড হিসেবে ছিলেন পাকিস্তানের এক বন্ধু ও তাঁর বোন। ইসলামাবাদ থেকে অ্যাবোটাবাদের পুরো পথই আমি একা। ভয়টা মনে চেপে বসেছে, কিন্তু একে বিশেষ আমল দিচ্ছি না। অ্যাবোটাবাদ—নামটার মধ্যেই কেমন অ্যাডভেঞ্চারের গন্ধ! একটা ঘোরের মধ্যেই ছিলাম। আমি যে পাকিস্তান সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছি, তা বেমালুম ভুলে যাই। এভাবে কাউকে না জানিয়ে সেই ঝুঁকিপূর্ণ এলাকায় যাওয়া কতটা যুক্তিযুক্ত তা-ও মাথায় আসছিল না। শুধু মনে হচ্ছিল, আমি একজন সাংবাদিক। আমাকে সেখানে যেতেই হবে। একটা স্টোরি যেভাবেই হোক করতে হবে।গাড়ি চলছে। পুরো পথ পাহাড়ঘেরা। কখনো পাহাড়গুলো খুব কাছে, কখনো দূরে। ভোরের আলো ফুটে গেছে কোন ফাঁকে। সূর্যের লালচে আভা দেখতে দেখতে ভাবছিলাম, যদি সত্যিই ওসামা বিন লাদেন এই এলাকায় থেকে থাকতেন, তাহলে এ পথেই তো তিনি একদিন সেখানে গেছেন! হঠাৎ করেই রাস্তার ধারে দেখলাম, ‘অ্যাবোটাবাদ’ লেখা মাইলফলক। আর বাকি মাত্র ২৪ কিলোমিটার। গাড়ি থামিয়ে ছবি তুললাম। গোটা বিশ্বের গণমাধ্যমের পর্দায় এখন সেই এলাকার ছবি। আমি সেই এলাকাতেই যাচ্ছি! মনে হচ্ছে রাজ্য জয় করতে যাচ্ছি! গাড়ির জানালার কাচ নামিয়ে হ্যান্ডিক্যামে কিছু ফুটেজও নিচ্ছি। রওনা হওয়ার আগে ভেবেছিলাম, পথে পথে নিরাপত্তা বাহিনীর কর্মীরা গাড়ি থামিয়ে নানা প্রশ্ন করবেন— কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কোন দেশের। আরও নানা প্রশ্নের অপেক্ষায় ছিলাম। কিন্তু আশ্চর্যজনকভাবে পথঘাটে নিরাপত্তা বাহিনীর কর্মীদের দেখা মিললেও তাঁদের কোনো প্রশ্নের সম্মুখীন হলাম না। সকাল সাতটার একটু পরেই হঠাৎ দেখলাম, হাতের বাঁয়ে বড় একটা সাইনবোর্ডে; লেখা, ‘ওয়েলকাম অ্যাবোটাবাদ’। মুহূর্তেই চোখ চকচক করে উঠল। কিন্তু চোখ যে চারপাশে শুধু লাদেনের বাড়ি খুঁজছে, যে বাড়ির ছবি গত কদিন ধরে বিবিসি, সিএনএনসহ সব দেশি-বিদেশি চ্যানেলে দেখছি। স্থানীয় কিছু মানুষের কাছে প্রশ্ন করে করে বহুপ্রতীক্ষিত এলাকার খোঁজ নিচ্ছি। হাতে সময় খুব কম। কারণ, সকাল সাড়ে নয়টার মধ্যেই আবার ইসলামাবাদের হোটেলে ফিরতে হবে। ১০টায় পাকিস্তানের পররাষ্ট্র অফিসের মুখপাত্রের সঙ্গে আমাদের বৈঠক। দলের আরেকজন—আরটিভির বিশেষ প্রতিনিধি ঝুমুর বারি—ছাড়া আর কেউই জানেন না যে আমি অ্যাবোটাবাদ এসেছি। অবশেষে মিলিটারি একাডেমির দেখা পেলাম, যার প্রসঙ্গেও কদিন ধরে শুনে আসছি। উত্তেজনা ক্রমেই বাড়ছে। ১৪-১৫ বছর বয়সের একজনকে ডেকে ভাঙা ভাঙা উর্দু-হিন্দিতে জানতে চাইলাম, ওসামাকা ঘার কাহা হ্যায়? (ওসামার ঘর কোথায়?) খুবই কূটনৈতিক ভঙ্গিতে জবাব দিল সে, ‘লোক ক্যাহতে হ্যায় উধারমে,’ অর্থাৎ লোকে বলে ওইখানে। স্থানীয় লোকদের বলে দেওয়া নির্দেশনামতোই এগোচ্ছে আমাদের গাড়ি। চারপাশ দেখে মনে হলো, হয়তো পৌঁছে গেছি সেই বাড়ির কাছাকাছি। পুরোপুরি আবাসিক এলাকা এটি। একতলা আর দোতলা বাড়ি। আমাদের দেশের আবাসিক এলাকার মতোই। পার্থক্য শুধু, এটি পাহাড়ি এলাকা। লাদেনের সেই বাড়ির আগের একটি বাঁকেই গাড়ি থামালেন নিরাপত্তা বাহিনীর কালো পোশাক পরা চার কর্মী। সবাই পাকিস্তানি। এখান দিয়ে গিয়ে প্রায় এক হাজার ২০০ মিটার দূরে যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযানে বিধ্বস্ত ওসামার বাড়ি। গাড়ি থেকে নেমে অনুরোধ করলাম, লাদেনের বাড়িটি দেখতে চাইছি। আমি যে সাংবাদিক তা বললাম না। বললাম, বাংলাদেশ থেকে পাকিস্তানে বেড়াতে এসেছি। একটু দেখতে এলাম সেই বাড়ি। তাঁরা আমাদের এই রাস্তায় ধরে যেতে দিলেন না ঠিকই, তবে বিকল্প রাস্তা বলে দিলেন। তাতেই আমি খুশি। তাঁদের নির্দেশনামতো এবার খুঁজছি পেছনের কাঁচা (মাটির) রাস্তা। সেখান থেকে নাকি খুব তাড়াতাড়ি যাওয়া যাবে। আবার ভয়ে ভয়ে ছুটছি অন্য রাস্তা ধরে। অবশেষে একটা কাঁচা রাস্তার মোড়ে গাড়ি রেখে আমি আর আমার গাইড (পাকিস্তানি) হেঁটে রওনা হলাম সেই বাড়ির কাছেধারে যেতে। খুব সকাল, তাই কাউকে খুব একটা দেখা যাচ্ছে না। দেখলাম, দূরে একটা বাড়ির সামনে কয়েকজন লোক জড়ো হয়ে গল্প করছেন। সেই বাড়ির ছাদে উঠলেই আমার কাজ হয়ে যায়। সাহস করে সেখানে গিয়ে জানালাম আমার চাহিদা। একবাক্যে তাঁদের না-বোধক জবাব। বললেন, ‘এখনই এ জায়গা ছেড়ে চলে যাও।’ আমি চলে এলাম। পরে একটু দূর থেকেই যতটুকু কাজ করা যায়, তা করার চেষ্টা করলাম। ক্যামেরা, বৈশাখী টেলিভিশনের বুম (মাইক্রোফোন) বের করে পিটিসি দিয়ে দিলাম। এরপর এক বালকের সাক্ষাৎকার নিলাম। সে এক মিনিটে সেই রাতে ঠিক কী কী শুনেছে, তা বর্ণনা করল। তারপর একজন বয়স্ক লোকের কাছে জানতে চাইলাম, আসলেই কি ওসামা এই এলাকায় ছিলেন? আপনারা দেখেছেন তাঁকে? এক নিঃশ্বাসে তিনি যা বললেন, তার সারমর্ম হলো, ওসামা বলে আসলে কেউ নেই। যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র এটি। পাকিস্তানি সেনাদের বদনাম করার পাঁয়তারা ইত্যাদি ইত্যাদি। তাঁর কথার মাঝপথেই গ্র্রামের মোড়ল-টাইপের একজন ছুটে এলেন। শুরু করলেন আমাকে হাজারো প্রশ্ন—কোথা থেকে এসেছি, কেন এসেছি, এখানে ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন এসেছি ইত্যাদি। আমি নরম গলায় ‘দুঃখিত’ বলে এলাকা ছাড়ার চেষ্টা করলাম। একপর্যায়ে তিনি হুমকি দিলেন, ‘এক্ষুনি এখান থেকে যাও। তা না হলে ইন্টেলিজেন্সের কাছে ধরিয়ে দেব।’ এই কথাটা শুনে ভয় পেয়ে গেলাম। আর পেছনে তাকাইনি। একদৌড়ে মোড়ে দাঁড়ানো গাড়িতে উঠে চালককে বললাম, ‘সোজা ইসলামাবাদ যাও। কোথাও থামবে না। আমার কাজ শেষ।’ বুদ্ধি করে ক্যাসেটটা অনেক টেনে রাখলাম। অর্থাৎ ফরওয়ার্ড করে রাখলাম। যেন ফুটেজ কেউ চাইলেও খুঁজে না পায়। ‘গুডবাই অ্যাবোটাবাদ’ বলে চলে এলাম।পরে জানতে পারি, আরটিভির সাংবাদিক ঝুমুর বারিও একই সময় সেখানে যান। আমরা দুজন অ্যাবোটাবাদ থাকতেই পাকিস্তান সরকারের কানে চলে আসে, ১০ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদলের দুজন সদস্য অ্যাবোটাবাদ গেছেন। মোস্ট ওয়ান্টেড এলাকা ছেড়ে ইসলামাবাদ ফিরে আসার পর বাকি পাঁচ দিনের পাকিস্তান সফর আরেক নতুন অভিজ্ঞতা!!লেখক: বিশেষ প্রতিনিধি, বৈশাখী টেলিভিশন[email protected]