ওসামার পেছনে সত্যিকারের র‌্যাম্বো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশায় নির্মাণশ্রমিক। বয়স ৫২। একমাথা ঝাঁকড়া চুলে পাগলাটে চেহারা। কিডনির অবস্থা এতই খারাপ যে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়। এই লোক কিনা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আফগান সীমান্তের দুর্গম পাহাড়ে এসেছে ওসামা বিন লাদেনের খোঁজে! পাকিস্তান পুলিশ যে পাগল সন্দেহে বিশেষজ্ঞ দিয়ে লোকটার মাথা পরীক্ষা করাবে, তাতে আর আশ্চর্য কি।শুধু খোঁজাই নয়, ওসামাকে দেখারও দাবি করেছেন গ্যারি ব্রুকস ফকনার। তার ভাই পেশায় ডাক্তার স্কট বলেছেন, গ্যারি তাঁকে জানিয়েছেন যে গত দুবারের সফরে তিনি পাহাড়ের গুহায় সাদা রঙের আলখাল্লা পরা দাড়িওয়ালা এক লোককে ওয়াকিটকি দিয়ে কথা বলতে দেখেছেন। ১৮ হাজার ফুট উঁচু ওই পাহাড় ছিল পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে। ভাইয়ের বিস্তারিত বর্ণনা শুনে স্কটের ধারণা হয় যে তিনি ওসামাকেই দেখেছেন।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা গ্যারি ফকনার। তবে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন কলোরাডোয়। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সম্প্রতি আফগান সীমান্তের কাছে চিত্রল এলাকা থেকে তাঁকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্যারি জানান, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে ধরতেই ওই এলাকায় যান তিনি। ওসামা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তা স্পষ্ট নয়। আজকের বিশ্বের ‘একমাত্র পরাশক্তি’ যুক্তরাষ্ট্র তাঁকে খুঁজছে কয়েক বছর ধরে। নিউইয়র্কের ‘টুইন টাওয়ারে’ হামলার কারণে যুক্তরাষ্ট্রের কাছে তিনি ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি। কিন্তু ওসামা কোথায় আছেন, কীভাবে আছেন, আফগানিস্তানে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন বাহিনী বহু চেষ্টা করেও তা জানতে পারেনি। ওসামাকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে দেশটি পাঁচ কোটি ডলার পুরস্কারও ঘোষণা করে। বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী ওসামা আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের পর্বতসংকুল কোনো স্থানে লুকিয়ে আছেন। এমন ধারণা থেকেই ব্যক্তিগত উদ্যোগে তাঁকে ধরতে বের হন মার্কিন নাগরিক গ্যারি।যুক্তরাষ্ট্র থেকে গত ৩০ মে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন গ্যারি। ডেনভার বিমানবন্দরে তাঁকে বিদায় জানান ভাই স্কট ফকনার। ৩ জুন গ্যারি পাকিস্তানে পৌঁছান। পর্যটক হিসেবেই তিনি পাকিস্তানে যান। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী চিত্রল এলাকার স্থানীয় একটি হোটেলে ওঠেন গ্যারি। পরে সেই হোটেল থেকে উধাও হন। পাকিস্তানের পুলিশ ১৫ জুন জানায়, গ্যারি ব্রুকস ফকনার নামের একজন মার্কিন নাগরিককে তারা আটক করেছে। স্থানীয় পুলিশের কর্মকর্তা মুমতাজ আহমদ খান বলেন, আফগানিস্তান সীমান্তের কাছে চিত্রল জেলা থেকে গ্যারি ব্রুকসকে অস্ত্রসহ আটক করা হয়। তাঁর কাছে একটি পিস্তল, একটি ছোড়া, একটি তরবারি, একজোড়া হাতকড়া ও ‘নাইট-ভিশন গগলস’ (রাতে অন্ধকারে দেখার চশমা) পাওয়া যায়। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে গ্যারি জানান, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের অনেক বড় ক্ষতি হয়েছে। তাই তিনি ওসামা ও তাঁর সঙ্গীদের খুঁজে বের করতে পাকিস্তানে এসেছেন। তিনি ‘ঈশ্বরের নির্দেশে’ ওসামাকে হত্যা করতেই এসেছেন। পুলিশের কর্মকর্তা মুমতাজ বলেন, ‘আমাদের ধারণা, ওসামাকে হত্যা করার উদ্দেশ্যেই গ্যারি এখানে এসেছেন।’ পুলিশ জানায়, কিডনি ও উচ্চরক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন এই মার্কিন। তবে মানসিকভাবে নাকি তিনি যথেষ্টই চাঙা।কথাবার্তা শুনে সন্দেহ হওয়ায় পাকিস্তান পুলিশ গ্যারির মানসিক স্বাস্থ্য পর্যন্ত পরীক্ষা করে দেখে। তবে ভাই স্কট বলেছেন, গ্যারি উন্মাদ নন। বরং তিনি একজন দেশপ্রেমিক ও ঈশ্বরে বিশ্বাসী। পুরস্কার পাওয়ার লোভেও তিনি ওসামাকে ধরতে বের হননি। স্কট বলেন, গ্যারি নাইন-ইলেভেনের ঘটনায় ওসামার প্রতি চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। মানসিক স্বাস্থ্য পরীক্ষার ফল যা-ই হোক, শেষ পর্যন্ত স্বাস্থ্যগত কারণে গ্যারি ফকনারকে ছেড়ে দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।স্কট আরও জানিয়েছেন, ওসামাকে ধরার উদ্দেশে গ্যারি এর আগে আরও অন্তত ছয়বার পাকিস্তানে গেছেন। এ সময় তিনি উর্দু ভাষা শেখার চেষ্টা করেন। পাকিস্তানে গেলে স্থানীয় পোশাক পরতেন। স্থানীয় মানুষের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য লম্বা দাড়িও রাখেন। কিন্তু সীমান্তের ওই অঞ্চলের স্থানীয় ভাষা পশতু। গ্যারির ভুলভাল উর্দু, হালফ্যাশনের চশমা ও পায়ের আমেরিকান জুতাই বলে দিত তিনি বিদেশি। তা ছাড়া খ্রিষ্টান বলে গ্যারি নামাজও পড়তেন না। সব মিলিয়ে চাইলেও স্থানীয় মানুষের সঙ্গে মিশে যেতে পারেননি তিনি।প্রশ্ন হলো, গ্যারি ওই এলাকায় ওসামাকে দেখে থাকলে তা সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থা সিআইএ কিংবা পেন্টাগনকে জানিয়ে পুরস্কার নেননি কেন? এর জবাবে গ্যারির ভাই স্কট জানান, পেন্টাগন গ্যারিকে বলত তখনই কাজে ক্ষান্ত দিতে। সেটা গ্যারি মানতে পারতেন না। ওসামাকে খুঁজে বের করতে তাঁর প্রবল উৎসাহ ছিল। স্কট বলেন, ‘গ্যারি আপনার-আমার মতো নয়। নিজের ওপর প্রবল বিশ্বাসের কারণে তাঁর মধ্যে কোনো ভীতি ছিল না।’ গ্যারি পাকিস্তানে রওনা হওয়ার দিন বিমানবন্দরে নাকি স্কটকে জানান, তিনি মৃত্যু চান না, কিন্তু মরতে জন্য প্রস্তুত আছেন।সর্বশেষ খবর হলো, মুক্তি পাওয়ার পর দেশে ফিরে গিয়েই গ্যারি ফকনার বলেছেন, ওসামাকে ধরার অভিযানে ক্ষান্ত দিচ্ছেন না তিনি। তাঁর কাজ চলবে। নিজের কিডনির সমস্যার কথা উল্লেখ করে গ্যারি বলেন, ‘আপনারা জানেন, আমার ডায়ালাইসিস করতে হয়। কেউ যদি আমাকে একটা কিডনি দান করেন তাহলে আমি কাজটা শেষ করতে পারি।...এটা আমার ব্যক্তিগত ব্যাপার নয়। এটা যুক্তরাষ্ট্রের তথা সারা বিশ্বের মানুষের জন্য। এ ধরনের লোক আমাদের ভীত করে রাখবে তা হতে দেওয়া যায় না।’