ওস্তাদ নীরদবরণ বড়ুয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতগুরু ওস্তাদ নীরদবরণ বড়ুয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ আগস্ট নগরের থিয়েটার ইনস্টিটিউট গ্যালারিতে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করে শ্রুতি অঙ্গন বাংলাদেশ। বেনু কুমার দের সভাপতিত্বে ও উইলিয়াম ডি সাংমার পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে দেন মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
এর আগে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন আর্য্য সংগীত সমিতির অধ্যক্ষ উস্তাদ মিহির লালা। উদ্বোধনের সময় শ্রুতি অঙ্গনের শিল্পীরা সমবেত কণ্ঠে নীরদবরণ রচিত শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বেহাগ রাগে বিলম্বিত ও দ্রুত ত্রিতালে খেয়াল পরিবেশন করেন সৈকত দত্ত। এ সময় তবলা ও হারমোনিয়ামে ছিলেন শিবু মজুমদার ও নিলয় দত্ত। পাহাড়ি রাগে বেহালায় সুরের মূর্ছনা তোলেন শিল্পী সন্দীপন দাশ। তবলায় ছিলেন শ্যামল দাশ। শিব রঞ্জনী বিলম্বিত খেয়াল গেয়ে সবাইকে মুগ্ধ করেন লিটন দাশ। তবলায় ছিলেন পাভেল বড়ুয়া, তানপুরায় ছিলেন কাঁকন মজুমদার, হারমোনিয়ামে ছিলেন নিপা দত্ত। শেষে উস্তাদ মাসুদ হোসেন রাগ মেঘমল্লার পরিবেশন করেন। এ সময় হারমোনিয়ামে ছিলেন রতন রাহা আর তবলায় ছিলেন সুরজিৎ সেন। বিজ্ঞপ্তি