ওড়িশি নৃত্যসন্ধ্যা ‘পরম্পরা’
ভারতের উড়িষ্যা রাজ্যের ধর্মীয় আচারের অংশ হিসেবে ওড়িশি নাচের চর্চা শুরু হলেও এটি এখন স্বতন্ত্র এক শিল্পমাধ্যম। লুপ্তপ্রায় এই নৃত্যকলাকে গত শতকে চর্চা ও গবেষণায় তুলে আনেন পদ্মবিভূষণ উপাধি পাওয়া নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্র। তিনি যে শিখাটি জ্বালিয়ে দেন তা আজও টিকিয়ে রেখেছেন তাঁর শিক্ষার্থীরা। এভাবে তৈরি হয়েছে নাচের অনন্য এক পরম্পরা।এ সময়ের খ্যাতনামা নৃত্যগুরু দীপক রায় ওড়িশি নাচের তালিম নিয়েছিলেন কেলুচরণ মহাপাত্রের কাছ থেকে। চট্টগ্রামে এবার দীপক রায় নাচলেন তাঁরই শিষ্য তমোঘ্না দের সঙ্গে। গুরু-শিষ্যের পরম্পরার মধ্য দিয়েই যে ওড়িশি নাচ টিকে থাকবে, এই উপলব্ধিও সঞ্চারিত করলেন দর্শকদের মাঝে।ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের উদ্যোগে ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে ‘পরম্পরা’ শীর্ষক এই ওড়িশি নৃত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ ও নৃত্যশিল্পী নির্দেশক শর্মিলা বন্দ্যোপাধ্যায়। অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের সভাপতি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের পরিচালক প্রমা অবন্তী। ওড়িশি একাডেমি, মাস্কাট (ওমানের রাজধানী)-এর পক্ষে আয়োজকদের উত্তরীয় পরিয়ে দেন দীপক রায়। উল্লেখ্য ওড়িশি একাডেমি মাস্কাটের শিক্ষক দীপক রায় ও তাঁর শিষ্য তমোঘ্না দে সম্প্রতি চট্টগ্রামে আসেন। নগরের নৃত্যশিল্পীদের নিয়ে ১৭ জুলাই দীপক রায় একটি কর্মশালাও পরিচালনা করেন। গুরু দীপক রায় ও শিষ্য তমোঘ্না দে পাঁচটি পর্বে নাচ পরিবেশন করেন। এর মধ্যে ছিল মঙ্গলাচরণ বা সম্ভাষক নৃত্য, নটরাজ শিব স্মরণে বটুকেশ্বর নাচ, শাস্ত্রীয় রাগকে অবলম্বন করে চক্ষু সঞ্চালন, দেহভঙ্গিমার নাচ পল্লবী। প্রতিটি পর্বে চমৎকার নেচেছেন তমোঘ্না দে। তাঁর অসাধারণ নৃত্যশৈলী দর্শকদের মুগ্ধ করে। কৃষ্ণলীলার একটি অংশ পরিবেশন করেন দীপক রায়। তাঁর সাবলীল উপস্থাপনা মুগ্ধতার অন্য স্তরে নিয়ে যায় দর্শককে।নাচের ফাঁকে ফাঁকে কেলুচরণ মহাপাত্রের জীবন ও ওমানের রাজধানী মাস্কাটে দীপক রায়ের নৃত্য পরিবেশনার ওপর তথ্যচিত্র প্রদর্শিত হয়।