ওয়াই-ফাইয়ের হাওয়ায় ভেসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াইফাই হচ্ছে তারবিহীন উচ্চগতির ইন্টারনেট সেবা। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বিনা মূল্যে ওয়াইফাইয়ের সুবিধা ভোগ করতে শুরু করেছে। সমপ্রতি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের উদ্যোগে পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে এ সেবা চালু করা হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগ ভবনে ওয়াইফাই রাওটার স্থাপন করার ফলে ওই ভবনের আশপাশে প্রায় ১০০ মিটার দূরত্ব পর্যন্ত শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। এ ছাড়া ওই ভবনে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগসহ সাতটি কম্পিউটার। প্রতিদিন বিকেল হলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের ক্লাস শেষ করে ল্যাপটপ নিয়ে এসে বন্ধু-বান্ধবী মিলে ইন্টারনেট ব্রাউজ করা শুরু করে দেন। আর সেই সঙ্গে চলে গান আর আড্ডা।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আঁকা, তৃপ্তি, মারুফ, সমীর, শাওন ও সাগর জানান, ‘ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পেরে খুবই ভালো লাগছে। তা ছাড়া এটা আবার একবারে বিনা মূল্যে। তাই তো আমরা হুমড়ি খেয়ে পড়ছি। বর্তমান প্রযুক্তির যুগে ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও কি কল্পনা করা যায়!’ ভেটেরিনারি অনুষদের ত্রিণা, সুতপা, মেহেদী জানান, ‘বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা আর অ্যাসাইনমেন্টের চাপে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময়ই পাওয়া যায় না। এখানে আড্ডা আর শিক্ষা দুটোই চলছে একসঙ্গে। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আমরা বর্তমান বিশ্বের যেকোনো প্রান্তের খবরাখবর দ্রুত জানতে পারছি।’শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ে ওয়াইফাই-সুবিধা দ্রুত সমপ্রসারণ করা হোক ।ওয়াইফাই সংযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক মমিনুল হক বলেন, ‘শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত করার লক্ষ্যে এই ওয়াইফাই-সুবিধা দেওয়া হয়েছে। ভবিষ্যতে সমগ্র বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই-সুবিধা সমপ্রসারণ করার প্রচেষ্টা আমাদের রয়েছে ।’