চট্টগ্রামের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে এখনো বিনা মূল্যের তারবিহীন ইন্টারনেট সংযোগব্যবস্থা ওয়াইফাই প্রযুক্তি চালু হয়নি। ফলে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা। একটি নির্দিষ্ট এলাকায় কিছু কম্পিউটারের মধ্যে তারহীন প্রযুক্তিতে ইন্টারনেটসেবা দেওয়ার কাজে ব্যবহূত হয় ওয়্যারলেস ফিডেলিটি বা ওয়াইফাই প্রযুক্তি। গত দশকের শুরুর দিকে বিশ্বের বিভিন্ন দেশে এ প্রযুক্তি চালু হয়। ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও চালু হয়েছে ওয়াইফাই নেটওয়ার্ক। সেদিক থেকে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়গুলো বেশ পিছিয়ে আছে। নগরের বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ নেই। এ নিয়ে বেশ ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাঁদের প্রশ্ন, অনেক বেশি টিউশন ফি দিয়েও কেন ওয়াইফাই সুবিধা পাওয়া যাবে না? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস) ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই সুবিধা নেই। ক্লাস না থাকলে শিক্ষার্থীরা ল্যাবে গিয়ে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পান। এ ক্ষেত্রে প্রয়োজনের সময় অনেকেই ইন্টারনেট ব্যবহার করতে পারেন না। ইউআইটিএসের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী জুলফিকার হাফিজ আক্ষেপ করে বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি টাকা দিয়ে পড়ার পরও প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করতে না পারাটা দুঃখজনক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই নেটওয়ার্ক থাকলেও সেটা সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত নয়। তাই প্রযুক্তি থাকা সত্ত্বেও সাধারণ শিক্ষার্থীরা পাচ্ছেন না এর সুফল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিকস ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের ছাত্র হিল্লোল দে বলেন, ‘সর্বাধুনিক প্রযুক্তি ও নিত্যনতুন আবিষ্কারের খবর রাখতে হয় আমাদের। ইন্টারনেট ঘেঁটে অনেক তথ্য বের করতে হয়। সে ক্ষেত্রে ওয়াইফাই নেটওয়ার্ক সংযুক্ত হলে অনেক সুবিধা হতো।’ খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সীমিত পরিসরে ওয়াইফাই নেটওয়ার্ক চালু আছে, যা শুধু শিক্ষক ও অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা ব্যবহার করতে পারেন। অপরদিকে, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি), সাদার্ন বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইইউবিসি), ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান উইমেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে ওয়াইফাই সুবিধা। এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিন ও রাতের যেকোনো সময় ব্যবহার করতে পারছেন ইন্টারনেট। এ প্রসঙ্গে এশিয়ান উইমেন বিশ্ববিদ্যালয়ের আইটি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘বিশ্বকে হাতের মুঠোয় রাখতে ইন্টারনেট সেবার বিকল্প নেই। তাই ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে এই সেবা ছাত্রীদের কাছে পৌঁছে দিতে আমরা সচেষ্ট।’