
ক্রিকেট খেলার শুরুতে অনেক নিয়মকানুনই জানতাম না। ফুটবলের তুলনায় যথেষ্ট দুর্বোধ্য মনে হতো। তবু এর-ওর কাছে জিজ্ঞেস করে ক্রিকেট-জ্ঞান সমৃদ্ধির চেষ্টা চালাতাম। আমাদের মধ্যে কবীর ভাইয়ের ক্রিকেটপ্রীতি ছিল ভয়াবহ রকমের। রেডিওতে খেলার ধারাভাষ্য শোনা, মাইল দুয়েক দূরের বাজারে গিয়ে ব্যাটারিচালিত টেলিভিশনে খেলা দেখা, পত্রপত্রিকা থেকে খেলার পরিসংখ্যান সংগ্রহে তাঁর উত্সাহ দেখে অবাক হতাম। আইসিসি ট্রফিতে বাংলাদেশ যখন কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়, তখন তিনি তাঁর মাটির ব্যাংক ভেঙে জমানো টাকা দিয়ে রং কিনেছিলেন। রাস্তার মানুষকে রাঙিয়ে দেওয়ার কাজে নেমেছিলাম সেদিন। মুরব্বি গোছের অনেকেই বিষয়টি বুঝতে না পেরে অভিভাবক মহলে নালিশ জানিয়েছিলেন। কারণ, সাদা পাঞ্জাবিতে রং লাগানোর সাহস বিয়েশাদির অনুষ্ঠানেও কেউ করত না, আর এ তো খেলায় জেতা! আমরা কবীর ভাইয়ের দোহাই দিয়ে সেবারের মতো পার পেয়েছিলাম।
কবীর ভাই ক্রিকেটার হবেন—এ বিষয়ে দ্বিমত পোষণ করার মতো মানুষ আমাদের এলাকায় খুব বেশি ছিল না। তিনি নিজেও তা বিশ্বাস করা শুরু করেছিলেন। তাই আমাদের সঙ্গে রাবার বলে ম্যাচ খেলা বাদ দিয়ে প্রায়ই যেতেন কাঠের বলে অনুশীলন করতে। রোজ নিয়ম করে ব্যায়াম করা, গাছের ডালে দড়ি ঝুলিয়ে তার এক প্রান্তে মোজার মধ্যে বল বেঁধে শ্যাডো করা, বাড়ির দেয়ালে ইটের দাগ দিয়ে স্ট্যাম্প এঁকে তাতে বল ছুড়ে মারা—কতভাবেই না চর্চা করতেন! তবু কাঠের বলে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলেন না। অধিকাংশ দিনই বল কুড়িয়ে তুষ্ট থাকতে হতো। আমাদের দাবি ছিল, প্রথম যেদিন ম্যাচ খেলার সুযোগ পাবেন, সবাইকে স্টেডিয়ামে নিয়ে যেতে হবে। জিতে গেলে খাওয়াতে হবে। তিনি সানন্দে রাজি হলেন। সপ্তাহ না ঘুরতেই নিয়মিত একজন বোলার অসুস্থ থাকায় ম্যাচ খেলার জন্য দলে ডাক পড়ল কবীর ভাইয়ের। আমরা হইহুল্লোড় করে স্টেডিয়ামে হাজির হলাম। অপেক্ষা করতে করতে দুপুর হয়ে গেল, কিন্তু প্রতিপক্ষের দেখা নেই! অবশেষে কবীর ভাইয়ের দল ‘ওয়াক ওভার’ লাভ করল। আমরা এ শব্দের সঙ্গে পরিচিত না থাকায় তিনি ব্যাখ্যা করলেন, এটাও একধরনের জয়। বিপক্ষ দল না এলে হাজির থাকা দলকে জিতিয়ে দেওয়া হয়। তিনি মাঠে না নামলে কী হবে, দল তো জিতেছে! তাই বাধ্য হয়েই হোটেলে গিয়ে আমাদের জন্য পকেটের টাকাগুলো বিসর্জন দিলেন! সেই সঙ্গে ধৈর্যটাও। কারণ, এরপর দীর্ঘদিন দলে ডাক না পেয়ে তিনি আবার রাবার বলের খেলায় ফিরে এসেছিলেন!
সোহেল নওরোজ
বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা