ওয়ানগালায় গারো পাহাড়ের প্রতিধ্বনি

মাথায় খুটুপ নামের কারুকাজ করা তাঁতে বোনা লাল কাপড়ের পাগড়ি। তার ওপর মুরগির পালক গোঁজা। পরনে গারোদের ঐতিহ্যবাহী গাঢ় লাল রঙের পোশাক, যাকে বলা হয় দকমান দা। কোমরে রুপার রেকমাচু অর্থাৎ বিছা। উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী গারো তরুণী প্রমা চিশিম এমন ঝলমলে সাজে এসেছিল ওয়ানগালা উৎসবে যোগ দিতে।
১৩ নভেম্বর জামালখান ক্যাথলিক চার্চে বসেছিল গারোদের ফসলের উৎসব ওয়ানগালার আসর। উৎসবে বাবা-মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে এসেছিল প্রমা। সে বলে, ‘বছরে একবার ওয়ানগালার সময় এখানকার গারো ভাইবোনদের সঙ্গে একটা দিন খুব আনন্দে কাটে। মনে হয় ফিরে গেছি গারো পাহাড়ের অতীতের দিনগুলোতে।’
চট্টগ্রামে হাজার তিনেক মান্দি ভাষাভাষী গারো সম্প্রদায়ের মানুষজনের বসবাস। কয়েক বছর ধরে ঢাকার মতো এখানেও ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহ্যবাহী পোশাক পরে, নেচে-গেয়ে উৎসবে শামিল হন গারোরা।
সকালে গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু অনুষ্ঠান। বর্তমানে খ্রিষ্ট রীতিতে অনুষ্ঠান শুরু হলেও মূলত গারোদের আদি ধর্ম সাংসারেকের দেব-দেবীদের তুষ্ট করার উৎসব এটি। সূর্য দেব মিসি ও দেবী সালজংকে প্রণতি জানান কিষান-কিষানিরা। দেব-দেবীকে নৈবেদ্য দিয়েই তবে নতুন ফসল ঘরে তোলা হয়। এ জন্য মুরগি বলি, পূজা, খানাপিনা ও নাচ-গান চলে দিনভর। গারো পাহাড়ে এই অনুষ্ঠান একসময় তিন দিন ধরে হতো। আর এখন নগরে এক দিনে এসে ঠেকেছে।
ওয়ানগালা মানে এক শ ঢোলের উৎসব। দামা বা ঢোলের ধ্বনি-প্রতিধ্বনিতে একসময় মুখরিত হতো পুরো গারো পাহাড়। পুরুষ ও নারীরা দুটি আলাদা সারিতে নাচের তালে তালে সারা গ্রামে ঘুরতেন। সেই উৎসবের স্মৃতি কিছুটা হলেও যেন জেগে উঠল জামালখান গির্জা প্রাঙ্গণে।
সকালে উৎসব উপলক্ষে শুরু হওয়া শোভাযাত্রায়ও বেজেছে ঢোল মাদল। শোভাযাত্রায় নেতৃত্ব দেন গারো সমাজের প্রধান বা নকমা প্রলয় প্যাট্রিক ম্রং। ক্যাথলিক গির্জা প্রাঙ্গণে শামিয়ানা টানিয়ে চেয়ার পেতে দর্শকদের বসার ব্যবস্থা করা হয়েছিল। মূল মঞ্চের পাশে সাংসারেক রীতিতে তৈরি করা হয়েছে পূজার বেদি। সেখানে দেব-দেবীকে মুরগি ও ফসল নৈবেদ্য দেওয়া হয়।
উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল সাংস্কৃতিক আসর। গারো তরুণ-তরুণীরা জুমচাষের নাচের মাধ্যমে তুলে ধরেন ফসল বোনা থেকে ফসল তোলার গোটা সময়টা। নাটকীয় এই নাচে ছিল অভিনয়ও। সেখানে গারো গ্রামীণ জীবনের নানা খুনসুটি, সুখ-দুঃখের কথাও উঠে আসে। এরপর গারো ব্যান্ড দল পরিবেশন করে বেশ কিছু গান। আসর জমে ওঠে ‘সিনয়া নামবা নামচাঙা’ গানের মধ্য দিয়ে। সবাই সুরে সুরে গাইতে থাকেন এই গান। অর্থ জানতে চাইলে একজন অনুবাদ করলেন, ‘গারো ছেলেরা গারো মেয়েদের ভালোবাসে।’ গান গেয়ে আসর জমিয়েছেন সায়ন্তী মাংসা, জাদু রিছিল, টগর ড্রং ও অ্যান্থনি রেমা। তবে আসরে দর্শকদের গারো লোকগীতি শুনিয়ে মাতিয়ে তোলেন জনসন ম্রি। ‘আংচিং উমুক, আংচেং না’ অর্থাৎ আয় রে আয়, সবাই মিলে আনন্দ করি, নাচি গাই।
আরজু সাংমা, বিটিও সাংমা ও সঞ্জয় রেমা তিন তরুণ উৎসবে মাদলের তালে তালে নেচে গেয়ে একাকার। তাঁদের কেউ পারলারে কেউ–বা ইপিজেডে চাকরি করেন। কেমন লাগছে প্রশ্ন করতেই বললেন, ‘ভীষণ ভালো। এই একটা দিনের জন্য অপেক্ষা করি সারা বছর।’ এরপর আর কথা বলা সম্ভব হলো না। আরেকটি গান শুরু হতেই তাঁরা আবার উচ্ছ্বাসের স্রোতে হারিয়ে গেলেন।