ওয়ার্ক-বিজনেস ভিসার নামে নতুন প্রতারণা থেকে সাবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের জুন মাসে কাতারে এসেছিলেন রাসেল মিয়া। মানিকগঞ্জের সোহাগ নামের এক ব্যক্তির কাছ থেকে তিন লাখ টাকায় তিনি ভিসা কিনেছিলেন। এরপর আড়াই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তিনি কাতারের পরিচয়পত্র হাতে পাননি। পরিচয়পত্র না পেলেও তিনি একটি প্রতিষ্ঠানে কাজ করেন।
১১ মাস বেতন দেওয়ার পর প্রতিষ্ঠানটি রাসেল মিয়ার বেতন নিয়ে গড়িমসি শুরু করে। এরপর কেটে যায় আরও ছয় মাস। বেতন না পেয়ে তিনি অন্যত্র চলে যাবেন বলে প্রতিষ্ঠানটির কাছে নিজের পরিচয়পত্র চান। কিন্তু প্রতিষ্ঠানটি তাঁর পরিচয়পত্র দেয়নি। বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন তিনি। এরপর জানা গেল, যে ভিসা ব্যবহার করে তিনি প্রায় আড়াই বছর ধরে কাতারে কাজ করেছেন, সেটি ওয়ার্ক-বিজনেস ভিসা।
মেয়াদ মাত্র এক মাসের। আদালতের রায়ে বকেয়া বেতন পাওয়ার পর দেশে ফিরে যাওয়া ছাড়া সোহাগের সামনে এখন আর কোনো পথ খোলা নেই। শুধু রাসেল মিয়া নন, তাঁর মতো অনেক বাংলাদেশি ওয়ার্ক-বিজনেস ভিসায় কাতারে এসে বিপদে পড়ছেন। সানাইয়া এলাকায় অবস্থিত লিউনিস ইলেকট্রো মেকানিক্যাল কোম্পানিতে রাসেলের মতো ওয়ার্ক-বিজনেস ভিসায় প্রায় ৫০ জন বাংলাদেশি এসেছেন। এঁরা সবাই রাসেলের মতো কাতারে অবৈধভাবে আছেন। অবৈধ বসবাসের কারণে এ দেশে সব ধরনের আইনি সহায়তা থেকেও তাঁরা বঞ্চিত। পুলিশের কাছে আত্মসমর্পণ করে দেশে ফেরত যাওয়া ছাড়া আর কোনো পথ নেই তাঁদের সামনে।
রাসেল মিয়া যে ভিসায় কাতার এসেছেন, তাতে ইংরেজিতে ভিসার মেয়াদ লেখা ছিল এক মাস। জানতে চাইলে তিনি জানালেন, আড়াই বছর ধরে তাঁর সঙ্গে ভিসার একটি কাগজ ছিল। কিন্তু ভিসার কাগজে মেয়াদ কত দিন তিনি দেখেননি। বিষয়টি তিনি বোঝেননি। ওয়ার্ক-বিজনেস ভিসা বলে কিছু একটা এভাবে বিক্রি হয় বা এর মেয়াদ এক মাস—এটিও কেউ তাঁকে বলেননি।
লিউনিস ইলেকট্রো মেকানিক্যাল কোম্পানির মতো কাতারের আরও অনেক প্রতিষ্ঠানে ওয়ার্ক-বিজনেস ভিসায় বাংলাদেশিরা এসেছেন। এ রকমই একটি দোহা কোম্পানি। ওই প্রতিষ্ঠানে ওয়ার্ক-বিজনেস ভিসায় গত বছর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ২১ জন বাংলাদেশি এসেছেন। কাতারে আসার পর এক মাস করে তিন দফায় তাঁদের মেয়াদ বাড়ানো হয়। পরে যখন তাঁরা জানতে পারেন, এরপর আর মেয়াদ বাড়ানো হবে না, তখন তাঁরা কাতারে থাকা দালালকে ধরেন। এরপর বাগ্বিতণ্ডা আর মারামারির পর পুলিশ সবাইকে আটক করে দেশে পাঠিয়ে দেয়।
ওই ২১ জনের একজন দিদার। বাংলাদেশ থেকে তিনি প্রথম আলোকে বলেন, মাসুদ করিম চৌধুরী নামের একজন চট্টগ্রামে থেকে এসব ভিসা বিক্রি করে থাকেন। বিক্রির সময় মাসুদ তাঁদের বুঝিয়েছিলেন, কাতারে গিয়ে এই ভিসা পরিবর্তন করা যাবে। তাঁর কথায় বিশ্বাস করে তাঁরা ভিসা কিনে কাতারে আসেন। অবশেষে সে দেশ থেকে তাঁদের খালি হাতে ফিরতে হয়েছে।
দিদার বলেন, ‘মার্কেটে কাজ দেওয়া হবে মর্মে প্রতিশ্রুতি দিয়ে আমাদের নেওয়া হয়েছিল। অথচ থাকার জায়গাটুকু তারা দিতে পারেনি। আমরা খোলা ছাদে ছিলাম। দেশ থেকে টাকা নিয়ে ওই তিন মাস সেখানে পার করেছি।’
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের একটি ট্রাভেল এজেন্সি ও দোহার একটি অফিস যোগসাজশ করে ওয়ার্ক-বিজনেস ভিসার নামে বাণিজ্য করছে। দুই পক্ষের দালালেরা এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আর কাতারে এসে সর্বস্ব হারিয়ে বিপদে পড়ছেন বাংলাদেশিরা।
দোহায় বাংলাদেশি-অধ্যুষিত নাজমা, ন্যাশনালসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর ভিসা নিয়ে অহরহ বাগ্বিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটছে। যাঁরা এসেছেন, তাঁরা ভিসার দালালকে খুঁজে বেড়াচ্ছেন। ভুক্তভোগী এমন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিসা বিক্রির সময় তাঁদের যা বোঝানো হয়েছে, তা বাস্তবতার পুরো বিপরীত। এখন তাঁরা অর্থ ফেরত চান।
কাতারে ওয়ার্ক-বিজনেস ভিসার এমন প্রতারণার শিকার বাংলাদেশির সংখ্যা কয়েক শ ছাড়িয়েছে। তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচ করে এমন এক মাসের মেয়াদি ভিসায় যাঁরা কাতারে আসছেন, তাঁরা না পারছেন ভিসার মেয়াদ বাড়াতে, না পারছেন অন্যত্র ভিসা পরিবর্তন করতে। কারণ, কাতারের আইন অনুযায়ী, শর্ত সাপেক্ষেÿএমন ভিসা এক মাস করে সর্বোচ্চ তিন দফায় মেয়াদ বাড়ানো যেতে পারে। কিন্তু এই ভিসা পরিবর্তনযোগ্য নয়; বরং মেয়াদ শেষে ভিসাধারীকে অবশ্যই দেশে ফেরত যেতে হবে।
ভুক্তভোগী কয়েকজন জানান, দেশে থাকাকালে তাঁরা দালালকে ভিসায় এক মাস মেয়াদ লেখা থাকার কারণ জিজ্ঞেস করেছিলেন। তখন দালালেরা তাঁদের বুঝিয়েছিল, কাতারে যাওয়ার পর ভিসার মেয়াদ এক বছর করে বাড়ানো হবে। পরে অন্যত্র ভিসা পরিবর্তনও করা যাবে। এ মিথ্যা তথ্যে বিশ্বাস করে কাতারে এসে কঠিন বাস্তবতার মুখে পড়ে দুই কূল হারিয়েছেন।
অনেক ভুক্তভোগী জানান, কাতারে এসে তাঁরা আর স্থানীয় বাংলাদেশি দালালদের কারও দেখা পান না। যেসব মুঠোফোন নম্বর দেয় তারা, সেগুলোও দ্রুত বদলে ফেলে দালালেরা। প্রথম আলোকে ভুক্তভোগীরা কয়েকজন দালালের মুঠোফোন নম্বরও দেন। কিন্তু সেসব নম্বরে ফোন করে বন্ধ পাওয়া গেছে।
কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর সিরাজুল ইসলাম বলেন, ওয়ার্ক-বিজনেস ভিসায় যাঁরা কাতারে আসেন, তাঁদের কোনো কাজ করার অনুমতি নেই। এ ধরনের ভিসার মেয়াদ বাড়ানো কিংবা অন্য ভিসায় পরিবর্তন করারও সুযোগ নেই। বরং নির্ধারিত মেয়াদ শেষে ভিসাধারীকে অবশ্যই দেশে ফিরে যেতে হবে।
সিরাজুল ইসলাম বলেন, ‘এ ধরনের ভিসার নামে যারা কাতার থেকে বাংলাদেশে প্রতারণার বাণিজ্য চালাচ্ছে, ইতিমধ্যে আমরা তাদের কয়েকজনকে শনাক্ত করে কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করেছি। পাশাপাশি পুরো ব্যাপারটি দূতাবাসের পক্ষ থেকে দেশে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে জানানো হয়েছে।’