ওয়ালটন নেবে ১০০ জন

ওয়ালটন গ্রুপে চারটি পদে মোট ১০০ জন লোক নিয়োগ করা হবে বলে সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি ৫ ফেব্রুয়ারি প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরির চতুর্থ পৃষ্ঠায় ছাপা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ম্যানেজার/সহকারী ম্যানেজার (টেকনো সার্ভিস) পদে ৩০ জন, কল সেন্টার এক্সিকিউটিভ পদে ১০ জন, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদে ৩০ জন এবং টেলিভিশন টেকনিশিয়ান পদের জন্য ৩০ জন লোক নিয়োগ করা হবে। এসব পদে আবেদন করতে হলে আবেদনকারীকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যানেজার/সহকারী ম্যানেজার পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা যেকোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। এ পদের জন্য সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনা (অফিস অ্যাপ্লিকেশন যেমন: এমএস ওয়ার্ড, এক্সেল), ই-মেইল ও ইন্টারনেটের ওপর দক্ষতা থাকতে হবে। আর কল সেন্টার এক্সিকিউটিভ এবং কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদের প্রার্থীরা যেকোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হলেই আবেদন করতে পারবেন। তবে এ দুটি পদে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শুধু কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদে কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, ঝিনাইদহ, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ অঞ্চলের প্রার্থীরা আবেদনে অগ্রাধিকার পাবেন। বিজ্ঞপ্তিতে বলা আছে, এ দুটি পদের প্রার্থীদের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। তবে চুক্তির মেয়াদ শেষে কাজের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে। কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদে শুধু মহিলা প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। অন্যদিকে, টেলিভিশন টেকনিশিয়ান পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা পাস। এ পদের আবেদনকারীদের সিআরটি, এলইডি, স্মার্ট ও থ্রিডি টেলিভিশন সার্ভিসিং কাজে কমপক্ষে ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। তবে অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য থাকবে। সব পদের প্রার্থীদের জন্য বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর এবং বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। এসব পদে আবেদন করতে হলে প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সদ্য তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সিনিয়র সহকারী পরিচালক, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, ২২৪/বি, খিলগাঁও চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯- এই ঠিকানায় পাঠাতে হবে। অথবা ই-মেইল করা যাবে [email protected] এই ঠিকানায়। জীবনবৃত্তান্তে অবশ্যই প্রার্থীর মোবাইল নম্বর ও খামের ওপর পদের নাম উল্লেখ
করতে হবে।