ওয়ালটন নেবে ২০০ সিকিউরিটি গার্ড
ওয়ালটন গ্রুপে ২০০ জন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে। নিয়োগের বিজ্ঞপ্তিটি গত ২৭ মের প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি দ্বিতীয় পৃষ্ঠায় ছাপা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এ পদে আবেদন করতে হলে আবেদনকারীকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। আর উচ্চতা থাকতে হবে ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা আছে।
এ পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদের ফটোকপি, ইউনিয়ন পরিষদ/সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ প্রতি সপ্তাহের সোমবার ও বুধবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে নিয়োগ শাখা, এইচআরএম, পিআর অ্যান্ড অ্যাডমিন বিভাগ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর এই ঠিকানায় সশরীরে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে।