ওয়ালটন নেবে ৩০০ টেকনিশিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালটন গ্রুপ
ওয়ালটন গ্রুপ

ওয়ালটন গ্রুপ সম্প্রতি টেকনিশিয়ান পদে মোট ৩০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি গত ২৫ মার্চ চাকরিবাকরি পাতায় প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী টেকনিশিয়ান (রেফ্রিজারেটর), টেকনিশিয়ান (এয়ারকন্ডিশনার) ও টেকনিশিয়ান (টেলিভিশন) এই তিন পদের প্রতিটিতে ১০০ জন করে মোট ৩০০ জন টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদনের প্রক্রিয়া। চলবে ১৬ এপ্রিল ২০১৬ পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

টেকনিশিয়ান (রেফ্রিজারেটর), টেকনিশিয়ান (এয়ারকন্ডিশনার) ও টেকনিশিয়ান (টেলিভিশন) এই তিন পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম এসএসসি অথবা সমমানের যেমন ভকেশনাল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (রেফ্রিজারেটর অ্যান্ড এসি) পাস হতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। তবে সংশ্লিষ্ট কাজে আবেদনকারীর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং টেকনিশিয়ানের (টেলিভিশন) ক্ষেত্রে সিআরটি, এলইডি, থ্রিডি ও থ্রিডি স্মার্ট টেলিভিশন সার্ভিসিংয়ের কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

বাড়তি যোগ্যতা

আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার পাশাপাশি মোটরসাইকেল চালানো, কম্পিউটার চালানো (বিভিন্ন অফিস অ্যাপ্লিকেশন যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল), ই-মেইল, ইন্টারনেট ব্রাউজিং করতে পারা ইত্যাদি বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া আবেদনকারীকে দেশের ভেতরে যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া

টেকনিশিয়ান পদে আবেদনের জন্য আবেদনকারীকে ১৬ এপ্রিলের মধ্যে জীবনবৃত্তান্ত, সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ফার্স্ট সিনিয়র উপপরিচালক, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, ২২৪/বি, খিলগাঁও চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯ এই ঠিকানায় আবেদন করতে হবে। এ ছাড়া অনলাইনে [email protected]  এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমেও আবেদন করা যাবে। তবে উভয় ক্ষেত্রেই জীবনবৃত্তান্তে প্রার্থীর মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।