১৬ ডিসেম্বর ২০১১। বিজয় দিবসে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অ্যাকোনকাগুয়া চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন ওয়াসফিয়া নাজরীন। ২৬ মার্চ ২০১২। বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুরু করলেন এভারেস্ট জয়ের অভিযান।স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে পৃথিবীর সাত মহাদেশের সাত পর্বতচূড়া—সেভেন সামিট জয়ের যে অভিযান ওয়াসফিয়া শুরু করেছিলেন, তার উদ্দেশ্য ছিল বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরা, আর তা মাথা উঁচু করেই। তাই বিশেষ দিনে তাঁর অভিযান সম্পন্ন বা শুরু করাটা বিশেষ মাত্রাই যোগ করে।বৈশাখে তরুণদের নিয়ে ‘ছুটির দিনে’র এই বিশেষ আয়োজনে ওয়াসফিয়ার নাম যখন নির্বাচিত হলো, তখন তিনি নেপালে। শুরু করে দিয়েছেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করার অভিযান। যোগাযোগ হলো ফেসবুকে। বার্তা দিয়ে রাখা, পরে যখন ওয়াসফিয়া ইন্টারনেটের আওতায় আসেন, তখন ফিরতি বার্তাটা দিয়ে দেন। ‘আপনারা লিখতে লিখতে আমি বেসক্যাম্পে থাকব। লুকলা থেকে ২৬ মার্চ শুরু করেছিলাম, স্বাধীনতা দিবস উদ্যাপন করতে।’ ১ এপ্রিলের বার্তায় জানিয়েছিলেন ওয়াসফিয়া নাজরীন। ৮ এপ্রিল তাঁর ফেসবুক স্ট্যাটাস থেকে জানা গেল, তিনি বেসক্যাম্পে পৌঁছে গেছেন।মানবতা কর্মী, উন্নয়নকর্মী, পর্বতারোহী—ওয়াসফিয়ার অনেক পরিচয়। এখন সব ছাপিয়ে পর্বতারোহী, অভিযাত্রী পরিচয়টাই এগিয়ে। ওয়াসফিয়া সবার নজরে আসেন গত বছরের ২৬ মার্চ, যখন তিনি অনলাইনে ঘোষণা দেন সেভেন সামিট জয় করার। এর কয়েক মাস পর বাংলাদেশ অন সেভেন সামিটের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এ অভিযানে সমর্থন জানায় মুক্তিযুদ্ধ জাদুঘর। আমরা সবাই জানতে পারি, বাংলাদেশের এক নারীর পর্বতচূড়া জয়ের অদম্য ইচ্ছার কথা।বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বিশ্বশান্তি, বাংলার নারীর শক্তিমত্তার পরিচয় দুনিয়ার বুকে তুলে ধরা—এ বিষয়গুলো যেন ওয়াসফিয়ার চিন্তাচেতনার অবিচ্ছেদ্য অংশ। তাই তাঁর পর্বতজয় শুধু মানুষের শক্তিমত্তার বিজয় হিসেবে চিহ্নিত হয় না, মানবতাকেই যেন তুলে ধরে। এবার এভারেস্ট জয় করার ব্যাপারে কতটা আশাবাদী? ফেসবুকে ওয়াসফিয়ার বার্তাটা কিন্তু অন্য রকম। জানান, ‘আমার মনে হয়, প্রকৃতির কোনো কিছুই জয় আমাদের পক্ষে সম্ভব নয়। তাই এত বড় কোনো দাবি আমি করতে চাই না।’সেভেন সামিটের সাতটি চূড়ার মধ্যে ইতিমধ্যে দুটি জয় করা হয়ে গেছে ওয়াসফিয়ার। গত বছরের জুলাইতে ইউরোপের সর্বোচ্চ পর্বত এলবার্স অভিযানে অবশ্য সফল হননি, চূড়ার মাত্র ৩০০ মিটার নিচ থেকে নেমে আসতে হয়েছিল তাঁকে। তবে ২ অক্টোবর জয় করেন আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমানজারো। আর অ্যাকোনকাগুয়ার কথা তো শুরুতেই বলা হলো।এখন ওয়াসফিয়া আছেন পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্ট অভিযানে। তাঁর সঙ্গে আছেন দুজন—স্যানগে শেরপা ও নিমা গুরমি শেরপা। ‘আমরা দক্ষিণ দিক (সাউথ ফেস) দিয়ে এভারেস্ট অভিযান করছি। কারণ, এই দিকটা অনেক বেশি দুর্গম। ’ কঠিনটাই বেছে নিয়েছেন ওয়াসফিয়া।ছোটবেলা থেকেই ঘুরছেন নানা জায়গায়—ওয়াসফিয়ার জন্ম ফেনীতে। এরপর খুলনায়। পাঁচ বছর বয়সে চট্টগ্রামে। সেখানেই শুরু পাহাড়ের সঙ্গে সখ্য। আজকের পর্বতারোহীর জন্ম চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের পাহাড়চূড়ায় চড়ে চড়ে। আরেকটু বড় হলে ২০০০ সালে ওয়াসফিয়া চলে যান যুক্তরাষ্ট্রে, পড়াশোনা করতে। দুরন্ত জীবনের যেন শুরু। ‘আটলান্টায় পড়াশোনা শুরু করি। ধীরে ধীরে মানবতার পক্ষে নানা আন্দোলনে সক্রিয় হয়ে পড়ি।’ আন্দোলনের প্রকাশটাও আলাদা—কখনো যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড নিয়ে দড়ি বেঁধে ৩৫০ মিটার উঁচু দালানে ওঠানামা করেছেন, আবার কখনো বোঝা নিয়ে দেয়াল বেয়েছেন। এসবের পাশাপাশি খরস্রোতা পাহাড়ি নদীতে রাবারের নৌকা চালানো, গ্লাইডারে ওড়া—রোমাঞ্চকর সব কর্মকাণ্ড যেন ওয়াসফিয়ার রক্তেই মিশে আছে। সেভেন সামিট শুরুর আগে ভারত, ভুটান, নেপাল আর তিব্বতের পর্বতে পর্বতে অভিযান করেছেন। নিজেকে প্রস্তুত করেছেন আরও উঁচুতে ওঠার জন্য। তবে শুধু অভিযানই নয়, তিনি চান বাংলাদেশের নারীদের এগিয়ে নিতে, নারীশক্তিকে সবার সামনে তুলে ধরতে। ‘আমরা মহাদেশের পাহাড়গুলো অতিক্রম ছাড়াও সংহতির জন্য বিভিন্ন কাজ করছি। যেমন ধরুন, এই এভারেস্ট অভিযানে সমর্থন দিয়েছে এভারেস্ট উইমেনস সেভেন সামিট ইকো-অ্যাকশন দল। এই দলটি হলো নেপালের প্রথম নারী সেভেন সামিট দল এবং ২০০৮ সালের সবচেয়ে সফল এভারেস্ট বিজয়ী দল।’ হিমালয়ান ক্লাইমেট ইনিশিয়েটিভ (এইচসিআই), যারা ২১ বার এভারেস্টজয়ী আপা শেরপাকে নিয়ে কাজ করছে, তারাও ওয়াসফিয়ার কর্মসূচির সঙ্গে আছে।ওয়াসফিয়া প্রতিষ্ঠিত বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশন বিশ্বাস করে, পুরুষতান্ত্রিকতার জন্য পৃথিবী অনেক ভারসাম্যহীন হয়ে আছে। তাই ওয়াসফিয়া বলেন, ‘প্রকৃতির সঙ্গে সম্পর্কের মাধ্যমে আমরা (নারী ও পুরুষ) সেই ডিভাইন ফেমিনিটির সঙ্গে সম্পর্ক ফিরে পেতে পারি। কাজেই আমাদের এই ফাউন্ডেশন থেকে আমরা মানুষের ভেতরটা জাগিয়ে তোলার প্রশিক্ষণ দিতে চাই। অ্যাকোনকাগুয়া—যেটি এশিয়ার বাইরে সবচেয়ে উঁচু পর্বত, সেটির ইতিহাসে লেখা হয়েছে বাংলাদেশ থেকে প্রথম সেটি একজন নারী অতিক্রম করেছেন। আমার মনে হয়, এটি শুধু বাংলাদেশেই নয়, আমাদের নারীদের ক্ষমতার কথা বিশ্বের দরবারে তুলে ধরেছে।’এই মুহূর্তে হিমালয়ের দুর্গম পথে ওয়াসফিয়া যে অভিযানে রয়েছেন, সেখানে শুধু তাঁর একার ক্ষমতাই তুলে ধরা হচ্ছে না, বাংলাদেশের মেয়েদের ক্ষমতাও প্রকাশ পাচ্ছে সবার সামনে। আর আমরা সেই প্রত্যাশায় দিন গুনছি, যেদিন সংবাদপত্রের শিরোনাম সংবাদে লেখা হবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতচূড়া জয়ী বাংলাদেশি নারীর নাম।