ওয়াসফিয়ার স্টাইল
হাতে সব সময় হাতঘড়ি। কানে চারটি ছিদ্র, তার একেকটিতে একেক রকম গয়না। নিজস্ব একটা স্টাইল আছে ওয়াসফিয়ার। বাংলাদেশের এভারেস্টজয়ী দ্বিতীয় নারী ওয়াসফিয়া নাজরীনের পোশাক, গয়না, খাওয়া-দাওয়া থেকে ফ্যাশনের অনুষঙ্গ নিয়ে নকশার সঙ্গে কথা বলেছেন এবার। সাধারণ সময়ে তিনি এই নিয়মানুসারে চলেন। অবশ্য পাহাড়ে যাওয়ার আগে আগে প্রস্তুতির সময় এই নিয়মনীতি অনেকটাই বদলে যায়।ফিটনেস ঠিক রাখতে হলে‘সাধারণত সকাল ছয়টা-সাতটার মধ্যে ঘুম থেকে উঠি। শরীর ও মনের প্রশান্তির জন্য এক ঘণ্টা মেডিটেশন করি। ইয়োগা করি প্রতিদিন। এ ছাড়া হাঁটা, সাইক্লিং, দৌড়ানো, পুশআপ ও ডাম্বেল দিয়েও ব্যায়াম করা হয়। এরপর চিনি ছাড়া যেকোনো তরতাজা ফলের রস খাই। কাঁচা আম কিংবা তরমুজের রস আমার প্রিয়। মাঝেমধ্যে গাজর, আপেল বা এই দুটো মিলিয়ে রস করি। সঙ্গে একটু আদা মিশিয়ে নিলে স্বাদটা মজার হয়। শাকসবজি সেদ্ধ করে নিয়ে স্মুদি বানাই। শরীরের জন্য এটি খুবই ভালো। রাতের খাবার আটটার মধ্যে খাওয়ার চেষ্টা করি। বেশি রাত জাগলে ক্ষুধা পায়। তখন ফলের সঙ্গে টক দই খেয়ে নিই। ফলের মধ্যে আম প্রিয়।’ জানালেন ওয়াসফিয়া।সারা দিনের খাবারের তালিকায় কী থাকে, সেটাও জানালেন তিনি, ‘সকালের নাশতায় ডিম, ব্যানানা মিল্কশেক, লাল আটার রুটি ও মধু দিয়ে রং চা চাই। দাওয়াত ছাড়া সাধারণত ভারী ধরনের খাবার খাই না। দুপুরে ও রাতে লাল আটার রুটিই খাওয়া হয়। কখনো ভাত খেলে লাল চালের ভাত খাই। সাদা চালের ভাতে শর্করার ভাগ বেশি থাকায় মোটা হওয়ার আশঙ্কা থাকে। ভাত বা রুটি যা-ই খাই না কেন, কালিজিরার ভর্তা থাকতে হবে। অনেক সবজি, সালাদ থাকে আমার খাবারের তালিকায়। মাংসের চেয়ে মাছ খেতে বেশি ভালো লাগে। ছোট মাছ হলে তো কথাই নেই। আরেকটি জিনিস না হলে খাওয়া অসম্পূর্ণ থেকে যায়। দুপুর বা রাতের খাবারের পর দুধ, চিনিসহ এক কাপ চা না হলে চলেই না। আচার বা যেকোনো ভর্তা হলে আর কিছু লাগে না। কচুর লতি, শুঁটকি, মিষ্টিকুমড়া ভীষণ প্রিয়। জাঙ্ক খাবার সব সময় এড়িয়ে চলি। বাইরে খেতে হলে চটপটি, ফুচকা ও হালিম খাওয়া হয়। কম তেল-মসলা যুক্ত খাবার খাই। কিন্তু অনেক ঝাল খেতে ভালোবাসি।’ত্বকের যত্নে...ওয়াসফিয়ার মতে, ত্বক ভালো রাখার একমাত্র উপাদান হলো পানি। প্রচুর পানি খেলে শরীরের টক্সিন বের হয়ে যায়। রুক্ষতা থাকে না। সতেজ থাকে ত্বক। ত্বকের যত্নে প্রাকৃতিক নানা জিনিসই পছন্দ করেন। কোনো ধরনের মেকআপ, ক্রিম ব্যবহার করেন না। শুধু শীতে ময়েশ্চারাইজার ব্যবহার করেন। ঠোঁটে ভ্যাসলিন লাগান। ফলের রস, শরবতের মতো তরলজাতীয় খাবার খান বেশি। আর কোনো ধরনের দুশ্চিন্তা করেন না। ত্বকের যত্ন বলতে এটুকুই।পোশাক‘শাড়ি আমার পছন্দের তালিকার শীর্ষে, বিশেষ করে দেশি তাঁতের শাড়ি। এ ছাড়া যেকোনো অনুষ্ঠান বা পরিবেশ অনুযায়ী জামদানি, অ্যান্ডি ও র সিল্কের শাড়ি পরতে ভালো লাগে। টাঙ্গাইলে গেলে অনেক শাড়ি কিনে ফেলি। আর পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের তাঁতে বোনা কাপড় কিনেও পোশাক বানানো হয়। দেশি ফ্যাশন হাউসের মধ্যে বিবি রাসেলের বিবি প্রোডাকশনের পোশাক পরি। ক্যাজুয়াল পোশাকের মধ্যে জিনস-ফতুয়া, ট্রেকিং ট্রাউজার আরামদায়ক। সালোয়ার-কামিজও পরা হয় মাঝেমধ্যে। তবে স্কার্ফ খুব প্রিয়। বাসায় বাটিক বা নরম সুতি কাপড় লুঙ্গির মতো করে পরি। রাতে ঘুমানোর আগে ঢিলেঢালা পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি। নীল, সাদা রঙের পোশাক বেশি পছন্দ।’ বললেন ওয়াসফিয়া। সাজসজ্জা‘এভারেস্ট অভিযান শেষের পর চুলের কাটের নাম দিয়েছি এভারেস্ট কাট।’ হেসে বললেন ওয়াসফিয়া। ‘কখনোই মেকআপ করি না। চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করি। শাড়ি পরলে অবশ্যই টিপ পরি। অনেক সময় বিবি রাসেলের রিকশাচিত্র আঁকা বড় টিপও পরা হয়। সঙ্গে ঝোলা ব্যাগ ব্যবহার করি। এ ছাড়া নিয়মিত ভ্রু প্লাক করি। আর মাঝেমধ্যে মাথা ঠান্ডা রাখতে তেল ব্যবহার করি চুলে।’গয়নাপোশাকের সঙ্গে মিলিয়ে গয়না পরতে ভালোবাসেন তিনি। নানা দেশের নানা জাতির ঐতিহ্যবাহী গয়না সংগ্রহ করার শখ তাঁর। বললেন, ‘আমার মায়ের কানে নয়টি ছিদ্র আছে। নানির কানে ছিল চারটি। আমার কানেও চারটি। একটি ছিদ্রের মধ্যে ফুলও গয়না হিসেবে পরা যায়। চারটি ছিদ্রের মধ্যে মাঝের দুটিতে সব সময় দুল পরা থাকে। একটিতে রুপার ছোট দুল ও অন্যটিতে ‘প্রেয়ার হুইল’-এর আদলে তৈরি টারকোয়েজের দুল। কানের সর্বশেষ ছিদ্রে পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না পরি। যেকোনো ধরনের অ্যান্টিক গয়না, কাঠ, কড়ি, মাটি, সুতা, পালক, রুপা ও টারকোয়েজের গয়না প্রিয়।’ওয়াসফিয়া ডান হাতের আঙুলে দুটি আংটি ও বাঁ হাতে একটি আংটি সব সময় পরেন। গলায় মালা পরে থাকেন। নাকে ছোট্ট নাকফুল। বাঁ হাতে পরেন প্রিয় ঘড়ি। গয়নার মধ্যে নূপুর ও বিছা ভীষণ পছন্দ।স্যান্ডেল‘ফ্যাশনের থেকে আরামকেই গুরুত্ব দিই। কখনোই উঁচু হিলের স্যান্ডেল পরি না। ফ্ল্যাট স্যান্ডেলেই স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে ব্যাংকক থেকে কেনা বার্কেনস্টক স্টাইলের স্যান্ডেলটি সব পোশাকের সঙ্গে পরি। এর বাইরে নানা ধরনের কেডস পরি।’