ওয়াসার কর্মীদের যেসব কাজে ব্যবহার করা যায়

সীমান্তের প্রহরী হিসেবে
সীমান্ত পাহারা দেওয়ার জন্য আমাদের চাই ‘অতন্দ্র প্রহরী’। কিন্তু মানুষ তো আর অতন্দ্র হতে পারে না, মানুষের ক্ষুধা থাকে, ঘুম থাকে। যেহেতু মূল কর্মঘণ্টার চেয়ে বেশি সময় তো বটেই, ক্ষেত্রবিশেষে ২৪ ঘণ্টার পুরোটাই ওভারটাইম করতে পারেন, তাই কেবল ওয়াসার কর্মীদেরই ঘুম বলে কিছু না থাকার কথা। সে জন্য ওয়াসার কর্মীদের সীমান্তে প্রহরী হিসেবে নিয়োগ দিলে সীমান্তের সুরক্ষা আরও দৃঢ় হয়ে ওঠার কথা। চাইলে তাঁদের অন্য দেশের সীমান্ত প্রহরী হিসেবেও পাঠানো যায়।
দারোয়ান হিসেবে
দারোয়ানদের কেউ দিনে ঘুমান, রাতে জাগেন। আবার কেউ দিনের শিফটে জাগেন, রাতে ঘুমান। এ জন্য শিফটিং করে দুই শিফট মিলিয়ে একাধিক দারোয়ান রাখতে হয়। সারা দেশে ওয়াসার কর্মীদের দারোয়ান হিসেবে নিয়োগ দেওয়া হলে একাধিক দারোয়ানের প্রয়োজন হবে না। যেহেতু তাঁরা টাইম-ওভারটাইম মিলিয়ে প্রায় সারা দিনই কাজ করতে পারেন, সুতরাং এক দারোয়ানই না ঘুমিয়ে দিনরাত ২৪ ঘণ্টা সার্ভিস দিতে পারবেন। একাধিক দারোয়ান রেখে শিফট ভাগ করে দেওয়ার কোনো দরকারই হবে না!

মন্ত্রী হিসেবে
আমাদের দেশের মন্ত্রীরা অনেক কাজকর্ম করেন। দিনরাত তাঁদের এই মিটিং ওই মিটিং করে দৌড়ের ওপর থাকতে হয়। কিন্তু প্রচণ্ড ব্যস্ততার কারণে তাঁরা মিটিং, সমাবেশ বা কোনো অনুষ্ঠানে গিয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েন। সেই ক্লান্তির অনেক দৃষ্টান্তই ফটোগ্রাফারদের মারফত আমরা এত দিনে দেখে এসেছি। ওয়াসার কর্মচারীদের মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হলে এ ধরনের কোনো বিব্রতকর পরিস্থিতির জন্ম হবে না। তাঁরা দিনরাত টানা টাইমে-বেটাইমে-ওভারটাইমে কাজ করতে পারেন। নো ক্লান্তি, নো ঘুম!
পাইলট হিসেবে
পাইলটরা বড় গুরুত্বপূর্ণ কাজ করেন। পাইলট হুট করে ঘুমিয়ে পড়লে অনেক মানুষের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু পাইলটরাও তো মানুষ, তাঁরা তো আর ওয়াসায় কাজ করে অভ্যস্ত নন যে দিনরাত টানা ওভারটাইম করবেন। সুতরাং ওয়াসার কর্মীদেরই প্রশিক্ষণ দিয়ে পাইলট হিসেবে নিয়োগ দেওয়া যায়। এতে করে দুর্ঘটনার আশঙ্কা শূন্যের কাছাকাছি নেমে আসবে।
রস+আলোর সম্পাদক হিসেবে
মানুষ হাসানো কি আর এতই সোজা! সারা দিন সারা রাত মাথার চুল ছিঁড়ে আইডিয়া মাটি খুঁড়ে বের করে আনতে হয় রস+আলো সম্পাদককে। আইডিয়াবাজদের বস্তাপচা লেখা থেকে বেছে-টেছে কাটছাঁট করে লেখা ‘সাইজে’ আনতে গিয়ে তিনি খাওয়া, ঘুম—কিছুরই সময় পান না। রস+আলোর সম্পাদক হিসেবে ওয়াসার কর্মীদের কাউকে নিয়োগ দিলে এমন শ্রমসাধ্য কাজ তিনি খুব সহজেই করে ফেলতে পারতেন, তা দেশ, দশ ও রসের জন্য সামগ্রিকভাবে মঙ্গলজনক!