ওয়াসার পানির ফেসবুক স্ট্যাটাস থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের এই নাতিশীতোষ্ণ প্রহরে তেলকে আমার তৈলাক্ত শুভেচ্ছা। জন্মের পর থেকেই তেলের দেমাগ দেখে আসছি। চোখে কত স্বপ্ন ছিল, বুকজুড়ে কত আশা ছিল, তেলের সঙ্গে আয়েশ করে মনের সাধ মিটিয়ে মিশ খাব। কিন্তু ওই এক দামের কারণে, ‘ক্লাস কনফ্লিক্টের’ ধুয়ো তুলে বারবার তা এড়িয়ে গেছে সে! মিশি মিশি করেও অমিশুকই থেকে যায় শেষ পর্যন্ত। আর দূর থেকে দুষ্টুজনেরা অট্টহাসিতে মেতে উঠে বলে গেছে, ‘তেলে আর জলে কোনো দিন মিশ খায় না। কোনো দিন না!’ কিন্তু দুষ্টুজনের সেই ‘কোনো দিন’ শেষ হতে চলল বলে। পত্রিকার খবর মারফত জেনেছেন নিশ্চয়ই, ওয়াসা আমার ‘দাম’ বাড়িয়েছে। তাও যেনতেন নয়, একেবারে লাফিয়ে বাড়ানো যাকে বলে। এ জন্য ওয়াসাকে জানাই লাল সালাম! তেলের মতো আমাকে পাওয়ার জন্য আমজনতার নাকের জল চোখের জল এক হবে এখন! আহা, ভাবতেই আবেগে কারও চোখ থেকে একটা গড়ান দিয়ে আসতে ইচ্ছে করছে! হে তেল, আসো না শ্রেণিবিভেদ ভুলে আমরা একে অন্যের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাই! এখন নিশ্চয়ই আমার সঙ্গে মিশতে তোমার আপত্তি নেই?

তেলের কমেন্ট

প্রিয় ওয়াসার জল, সাহস তো তোমার কম না! সামান্য ওয়াসার পানির ফোঁটা হয়ে তুমি তেলের ফোঁটার সঙ্গে মিশতে চাও! আয়নায় নিজের দুর্গন্ধময়, নোংরা চেহারা দেখেছ কখনো? ভালো করে শুনে রাখো, যতই লাফিয়ে-ঝাঁপিয়ে দাম বাড়ানো হোক না কেন, তেলে আর জলে কোনো দিনই মিশ খাবে না। নেভার এভার!