ওয়াসার প্রকল্পে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের ভৌত কাজ শুরুর পর থেকে গত দুই বছরেরও কম সময়ে তিনজন পরিচালক বদল হয়েছেন। আগামী সপ্তাহে অবসরে যাবেন বর্তমান প্রকল্প পরিচালক। ঘন ঘন পরিচালক পরিবর্তন হওয়ায় প্রকল্পের কাজের গতি স্তিমিত হয়ে গেছে।জানা যায়, সরকারি বিধান অনুযায়ী যাঁর চাকরির মেয়াদ কমপক্ষে ছয় বছর এখনো বাকি আছে, তিনিই প্রকল্পের পরিচালক হতে পারবেন। এ নিয়ম মেনেই সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাহী প্রকৌশলী অথবা তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের প্রকল্প পরিচালক করা হয়। কিন্তু শুরু থেকেই চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পরিচালক করা হয়েছে প্রধান প্রকৌশলীকে। দেখা যায়, চাকরিজীবনের শেষ দিকে এসে একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বল্প সময়ের জন্য প্রধান প্রকৌশলীর দায়িত্ব পান। এ সময় দাপ্তরিক কাজ গুছিয়ে আনতেই তিনি ব্যস্ত থাকেন। ফলে প্রকল্পের কাজে মনোযোগ দিতে পারেন কম। আবার ঘন ঘন প্রকল্প পরিচালক বদলের কারণে স্বাক্ষর মিলিয়ে ব্যাংক থেকে টাকা তোলার কাজটিও কঠিন হয়ে যায়। একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে নতুন প্রকল্প পরিচালকের স্বাক্ষর সত্যায়িত করে আনতে দুই মাসের মতো সময় লেগে যায়।চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, প্রকল্পের পরিচালক নিয়োগ সম্পর্কে সরকারের সুস্পষ্ট নীতিমালা আছে। কিন্তু কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পরিচালক নিয়োগ দেওয়ার সময় এ নিয়ম মানা হয়নি। এখানে প্রধান প্রকৌশলীকে প্রকল্পের পরিচালক হিসেবে রাখার বিধান রাখা হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এ প্রস্তাব অনুমোদন করে। একজন প্রধান প্রকৌশলী অবসরে গেলে প্রকল্পের কোনো কাজ করতে পারেন না। প্রধান প্রকৌশলী পদে কর্মকর্তাদের দ্রুত আসা-যাওয়ার কারণে প্রকল্প পরিচালকের পদটি হয়ে গেছে আলংকারিক। প্রকল্পসংক্রান্ত কাগজে স্বাক্ষর দেওয়া ছাড়া তাঁর আর কোনো কাজ থাকে না। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্পের পরামর্শককে মূল কাজ করতে হয়।ফজলুল্লাহ বলেন, ‘একনেকের ওই অনুমোদনটি পরিবর্তন করার চেষ্টা করেছিলাম। কিন্তু তা সময়সাপেক্ষ ব্যাপার জেনে আর অগ্রসর হয়নি। এর চেয়ে প্রকল্পটির কাজ কত তাড়াতাড়ি শেষ করা যায়, সেদিকে মনোযোগ দিয়েছি।’চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা যায়, কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয় ২০০৫ সালে। তবে প্রকল্পের ভৌত অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয় ২০০৯ সালে। তখন প্রকল্পের পরিচালক ছিলেন ওয়াসার তৎকালীন প্রধান প্রকৌশলী সফিকুল ইসলাম। ২০০৯ সালের ২৮ নভেম্বর তিনি অবসরে গেলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সফিউল্যাহ প্রধান প্রকৌশলীর দায়িত্ব নেন। তিনি ২০১১ সালের ২২ মার্চ পর্যন্ত প্রধান প্রকৌশলী ছিলেন। এরপর চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সদস্য সৈয়দ তৌহিদুর রহমান ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন। তিনি ৪ অক্টোবর ওয়াসার জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুশতাক উদ্দিন আকতার নতুন প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নিয়েছেন। মুশতাক উদ্দিন আখতার প্রথম আলোকে বলেন, কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পরিচালক পদে একজন নির্বাহী প্রকৌশলী পর্যায়ের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া উচিত। এতে কাজের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা তার পক্ষে সম্ভব হবে। তিনি কাজটি উপভোগ করতে পারবেন, আবার ব্যর্থতার দায়ও তার ওপর বর্তাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রকল্প পরিচালকের সেভাবে চিন্তার সুযোগ নেই।চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা যায়, নগরের পানির চাহিদা দৈনিক ৬০ কোটি লিটারেরও বেশি। কিন্তু ওয়াসা সরবরাহ করতে পারে মাত্র ২০ কোটি লিটার। এর মধ্যে মোহরা পানি শোধনাগার প্রকল্প থেকে সাড়ে নয় কোটি লিটার এবং ৭৩টি গভীর নলকূপ থেকে অবশিষ্ট পানি সরবরাহ করা হয়। ১৯৮৮ সালের পর চট্টগ্রাম ওয়াসা ভূ-উপরিভাগের পানি শোধন করে সরবরাহের কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি। ওয়াসার প্রকৌশলীদের ধারণা, পানীয় জলের সংকটের কারণে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পটি ওয়াসা ও চট্টগ্রামের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে নগরে দিনে ১৩ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে বলে প্রকল্প সূত্রে জানা গেছে। চট্টগ্রাম শহর থেকে অন্তত ২৫ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা নামক স্থানে কর্ণফুলী নদীর পাড়ে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ইতিমধ্যে প্রকল্পের জলাধার নির্মাণ ও প্ল্যান্ট বসানোর কাজ দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।