ওয়াসার ভুতুড়ে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ফয়’স লেক এলাকার বাসিন্দা এ কে এম কামাল উদ্দিন আহমেদের বাসায় ২০১১ সালের জুলাই মাসে ওয়াসার পানির বিল আসে ২৭৪ টাকা। আগস্টে এ বিল দেওয়া হয়েছিল ১৭১ টাকা। কিন্তু এ বছর জানুয়ারি মাসে ওই বাসার পানির বিলে হঠাৎ টাকার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৮৫৭ টাকা। অথচ শীতকাল হিসেবে জানুয়ারি মাসে পানির ব্যবহার কমে যাওয়ায় বিলও কম হওয়ারই কথা। এরপর গত এপ্রিল মাসে বিল দেওয়া হয় এক হাজার ৮০ টাকার।জানা যায়, এ ধরনের দু-একটি নয়, শত শত ভুতুড়ে বিল ওয়াসা থেকে গ্রাহকের কাছে পাঠানো হচ্ছে। ওয়াসার পানির দাম বাজারের অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের পানির দামের তুলনায় অনেক কম। তাই বেশির ভাগ গ্রাহকই এ নিয়ে তেমন ঘাঁটাঘাঁটি করেন না। এতে বিল তৈরির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকও পার পেয়ে যান বলে মনে করেন ভুক্তভোগীরা। এ জন্য হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকেরা।জানা যায়, যে সময় থেকে কামাল উদ্দিনের বাসায় বিলের টাকার পরিমাণ ক্রমশ বেড়েছে সে সময়ের মধ্যে ওই বাড়ির আয়তন বাড়েনি। ওয়াসাও পানির বিল বাড়ায়নি। পানি সরবরাহও রয়েছে আগের মতোই। তাই কামাল উদ্দিনের পরিবারের পক্ষ থেকে ওয়াসা কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে অভিযোগ করা হয়। এরপর ওয়াসার পানি ব্যবস্থাপনা বিভাগ থেকে ফোন করে ওই পরিবারকে যোগাযোগ করার অনুরোধ জানিয়ে বলা হয়, ‘বিল নিয়ে মাঝেমধ্যে এ ধরনের ভুল বোঝাবুঝি হয়। অভিযোগ এলে এসব ঠিকও করে দেওয়া সম্ভব।’ওয়াসার বাণিজ্যিক বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, গত এক মাসে ওয়াসার বিল আদায় অন্য মাসগুলোর চেয়ে বেড়েছে। ওয়াসার নিয়মিত আদায়ের পরিমাণ সাড়ে তিন কোটি টাকার মতো। এপ্রিল মাসে তা চার কোটি টাকা ছাড়িয়ে গেছে। চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ গত তিন বছরে নানাভাবে পানির উৎপাদন ১৭ কোটি লিটার থেকে ২০ কোটি লিটারে উন্নীত করেছে বলে দাবি করে আসছে। নগরের বিভিন্ন স্থানে একাধিক গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে পানির এ উৎপাদন বাড়ানোর দাবি করে আসছে সংস্থাটি। পানির উৎপাদন বাড়ার সঙ্গে ওয়াসার আয় বাড়ার বিষয়টিও সম্পৃক্ত। কিন্তু দেখা যায়, যে পরিমাণ পানির উৎপাদন বেড়েছে বলে দাবি করা হচ্ছে, আয়ের খাত সে পরিমাণ বাড়েনি। এ অবস্থায় ওয়াসা থেকে অতিরিক্ত গ্রাহকসেবা না বাড়ালেও মাস শেষে বাড়তি বিলের কাগজ ধরিয়ে দেওয়া হচ্ছে বলে গ্রাহকদের অভিযোগ। এ প্রসঙ্গে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ওয়াসা একটি পুরোপুরি সেবাধর্মী প্রতিষ্ঠান। সে লক্ষ্যেই আমরা কাজ করে থাকি। এ ক্ষেত্রে পানির বিল নিয়ে কেউ ইচ্ছে করে অনিয়ম করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘গ্রাহকেরা অভিযোগ করলে আমরা তা গুরুত্ব সহকারে বিবেচনা করি। কারণ, কম্পিউটার পদ্ধতিতে বিল তৈরির ব্যাপারে ওয়াসার সুনাম রয়েছে।’জানা যায়, চট্টগ্রাম ওয়াসার বর্তমান গ্রাহকসংখ্যা প্রায় ৫২ হাজার। এসব গ্রাহকের মাসিক পানি ব্যবহার দেখে মিটারের হিসাব নিয়ে কম্পিউটার শাখায় জমা দিতে হয়। ওয়াসার নিজস্ব পরিদর্শকেরাই এ কাজ করে থাকেন। পরিদর্শকদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে কম্পিউটার বিভাগ ওই বিল তৈরি করে। নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্যিক বিভাগের এক কর্মকর্তা জানান, মিটারের তথ্য সংগ্রহের জন্য পরিদর্শকদের নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। সব গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে ওই তথ্য সংগ্রহ করতে হয় তাঁদের। কিন্তু দেখা যায়, অনেক পরিদর্শক অনুমানের ওপর ভিত্তি করে কিছু তথ্য কম্পিউটার বিভাগে জমা দেন। এ কারণে ওই ভুল তথ্যের ওপরই একটি ভুতুড়ে বিল তৈরি করে গ্রাহককে দেওয়া হয়।