ওয়াসার সংযোগ আছে পানি আসে না
‘ওয়াসা থেকে সংযোগ নিয়েছি ১০ বছর আগে। প্রথম তিন দিন পানি পেয়েছিলাম। এরপর থেকে পানির দেখা মেলে না। এখন সপ্তাহে এক হাজার টাকা দিয়ে পানি কিনে কোনো রকমে বেঁচে আছি। তাই পানি নিয়ে কষ্টের আলাপ আর করতে চাই না।’ পানিসংকটের কথা বলতে গিয়ে অনেকটা হতাশ ভঙ্গিতে এসব কথা বললেন হালিশহর বি-ব্লকের (লেন-৭, সড়ক-২, বাসা-১) বাসিন্দা মো. শাহীন সরকার। এ ব্লকের ২-১০ নম্বর লেন ঘুরে দেখা গেছে, ওই এলাকায় পানির জন্য হাহাকার চলছে। ভুক্তভোগীরা জানান, এলাকার ঘরে ঘরে ওয়াসার সংযোগ থাকলেও লাইনে পানি আসে দুই সপ্তাহ পর, কোনো সময় এক মাস পর। বি-ব্লকের বাসিন্দা মো. সাদেক, ইয়াছিন আলী, মো. ফোরকান মিয়াসহ অনেক ভুক্তভোগী জানান, মাসজুড়ে এক ফোঁটা পানি না এলেও ওয়াসা বিল নিচ্ছে। ব্লকের ৩ নম্বর লেনের বাসিন্দা গৃহবধূ হোসনে আরা রশিদ ক্ষোভের সুরে বলেন, ‘আমার পরিবারে সদস্য ১০জন। এক মাসে চার হাজার টাকার পানি কিনে দৈনন্দিন কাজ সারতে হয়।’ গৃহবধূ বিলকিছ (৬ নম্বর লেনের বাসিন্দা) বলেন, ‘আমার প্রয়াত স্বামী দেলোয়ার খান আট বছর আগে ওয়াসাতে অনেক দৌড়ঝাঁপ করে সংযোগ নিয়েছিলেন। প্রথম এক মাস পানি ঠিকভাবে পেয়েছিলাম। এরপর পানি অদৃশ্য হয়ে গেছে।’ চৌধুরীপাড়া, ফুল চৌধুরীপাড়া, নাওয়ারিশ খাঁ চৌধুরী বাড়ির একাধিক বাসিন্দা বলেছেন, ওয়াসার লাইনে পানি নেই দীর্ঘদিন। ভাউজারের মাধ্যমে পানি সরবরাহের আবেদন করলে অনেক সময় এক মাসেও পানি পাওয়া যায় না। সরেজমিন দেখা গেছে, নাওয়ারিশ খাঁর বাড়ির একটি পুকুর থেকে আট-নয়টি শিশু পানি সংগ্রহ করে এলাকার বিভিন্ন জায়গায় বিক্রি করছে। নিম্নআয়ের রফিকুল হক, সালামত আলী ও দুলালচন্দ্র বলেন, ‘যাঁদের সামর্থ্য আছে তাঁরা টাকা দিয়ে পানি কিনছেন। আমাদের ভরসা পুকুরের পানি। ফিটকিরি দিয়ে পানি খাওয়ার উপযোগী করেই পান করতে হচ্ছে।’ ওয়াসা সূত্র জানায়, হালিশহর এ-ব্লক ও বি-ব্লকে প্রায় পাঁচ শতাধিক গ্রাহক রয়েছে। এ ব্লকের ব্যবসায়ী দিলদার আলী বলেন, ‘পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ওয়াসার লোকজনদের কাছে একাধিকবার গেলেও ফল হয়নি।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা পানির জন্য আন্দোলনে নামব।’ এদিকে, বিভিন্ন মোড়ে মোড়ে সিটি করপোরেশন পানির ট্যাংক স্থাপন করলেও সেগুলোতে পানি নেই। হালিশহর এ এবং বি-ব্লকে পানিসংকটের কথা স্বীকার করে ওয়াসার সদস্য (প্রকৌশল) সৈয়দ তৌহিদুর রহমান বলেন, ‘শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং ওই এলাকার গভীর নলকূপ সংকটের কারণে পানি উৎপাদন চাহিদার তুলনায় কম হচ্ছে। এই সমস্যা দীর্ঘদিনের হওয়ায় আমরা রেশনিং পদ্ধতিতে পানি সরবরাহ দিচ্ছি।’