১৩ আগস্টের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ দিয়েছেন খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং মেধাবী চিত্রগ্রাহক ও গণমাধ্যম-ব্যক্তিত্ব মিশুক মুনীর। তাঁদের সঙ্গে আরও প্রাণ দিয়েছেন ক্যামেরা ও প্রোডাকশন সহকারী ওয়াসিম, তারেক মাসুদের ব্যক্তিগত গাড়িচালক মুস্তাফিজ এবং মাটির ঘর নির্মাণকর্মী জামাল ঘরামী। অধিক পরিশ্রম করে স্বল্প আয় ঘরে তোলা এই মানুষগুলো হারিয়ে গেলেন বেশ নীরবেই। বস্ফািরিত জনসংখ্যার এই দেশে প্রাণের দাম কমে আসছে ক্রমান্বয়ে। আর তাঁরা যদি হন শ্রমিক শ্রেণীর লোক, তাহলে কুলীন সমাজের মনোযোগ আকর্ষণ দূরে থাক, প্রার্থনার ভাগটুকুও তাঁদের জন্য সমানভাবে পড়ে না। একসঙ্গে কিছুকাল কাজ করার অভিজ্ঞতা থেকে কিছুটা মায়া তৈরি হয়ে গিয়েছিল সবার জন্যই। হয়তো তাঁদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার পরিমাণটা বেশি বলেই আজ খানিকটা নীচু হয়ে আসছে মাথা। আজ শুধু সামান্য কিছু শব্দের বিনিময়, তোমাদের জন্য। ওয়াসিমের বয়স ৪৫-এর কাছাকাছি হলেও শরীর দুর্বল হওয়ার কারণে দেখতে একটু বেশিই মনে হতো। ছেলেবেলায় নায়ক হওয়ার শখ হয়েছিল কি না জানা হয়নি কখনো। পিতৃপ্রদত্ত মোতালেব হোসেন নামটা পাল্টে ওয়াসিম হয়ে গিয়েছিল কোনো এক ফাঁকে। আমরা তাঁকে ওয়াসিম ভাই বলেই ডাকতাম। তারেক ভাই (তারেক মাসুদ) মাঝেমধ্যে ঠাট্টার ছলে জিজ্ঞেস করতেন, ‘ওয়াসিম, তুমি তো মনে হয় আমার বড় হবে! সত্যি করে বলো তোমার বয়স কত?’ ওয়াসিম ভাই লজ্জাবনত চোখে হেসে বলতেন, ‘আমি আপনার ছোট তারেক ভাই, অনেক ছোট।’ ওয়াসিমের ৪৫ বছর জীবনের ২৫টি বছরই কাটিয়ে দিয়েছেন চলচ্চিত্রের আঙিনায়। জেনেছিলাম, তানভীর ভাইয়ের (তানভীর মোকাম্মেল) হুলিয়া ছাড়া প্রতিটি ছবিতেই কাজ করেছেন ক্যামেরার পেছনে। তারেক ভাইয়ের মুক্তির গান ছাড়া প্রতিটি ছবিতেই কাজ করেছেন কখনো প্রোডাকশন সহকারী, কখনো চিত্রগ্রাহকের সহকারী হিসেবে। পেশাগত জীবনে এর বেশি নিজের উত্তরণ তিনি ঘটাতে পারেননি। তাই আগাগোড়া চলচ্চিত্রপ্রাণ একজন মানুষ হলেও শেষাবধি একজন চলচ্চিত্রকর্মী হিসেবে সামান্য সম্মানটুকু আমাদের কাছ থেকে অর্জন করতে পারলেন না। আমরা পারিনি তাঁকে সে সম্মান জানাতে। আত্মীয়স্বজনের হাতে লাশ তুলে দেওয়া পর্যন্তই আমাদের ভূমিকা সমাপ্ত হলো। ২৬ বছরের মুস্তাফিজ অডিওভিশনে (তারেক ও ক্যাথরিন মাসুদের প্রতিষ্ঠান) গাড়িচালক হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেলেন ২০০৯-এর শেষ ভাগে। আমরা তাঁকে গাড়িচালক হিসেবে চিনলেও গত দুই বছরে তিনিও পুরোদস্তুর চলচ্চিত্রকর্মী হয়ে উঠেছিলেন। শুধু গাড়িচালনা নয়, ক্যামেরা সহকারী থেকে শুরু করে, প্রজেকশন পর্যন্ত ছিল তাঁর দৌরাত্ম্য। চলচ্চিত্র নির্মাণপ্রক্রিয়ার প্রযুক্তিগত সব বিষয়েই তাঁর দখল ছিল, ছিল সক্রিয় অংশগ্রহণ। রানওয়ের দেশব্যাপী ভ্রমণে বেশ কয়েকটি প্রদর্শনীতে ল্যাপটপ চালিয়ে প্রদর্শন করার দক্ষতা তিনিও অর্জন করেছিলেন। কিন্তু শেষাবধি গাড়িচালক পরিচয়টাই তাঁর চূড়ান্ত থাকায় তাঁকেও যথেষ্ট সম্মান দিতে পারলাম না। তৃতীয় আরেকজন প্রাণ দিলেন প্রথম দিন কাজে যোগ দিতে এসেই। জামাল মাটির ঘর নির্মাণের দক্ষ কারিগর ছিলেন। এটি তাঁর পারিবারিক পেশা। প্রস্তাবিত চলচ্চিত্র কাগজের ফুল-এর সেট নির্মাণে গাজীপুরের কাপাসিয়া থেকে তারেক ভাই তাঁকে আনিয়েছিলেন নিজের ভাবনার পরিণত রূপ দেখার আশায়। জামাল মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করেছিলেন ১৭ বছরের রুমাকে। রেখে গেছেন দুই বছরের সন্তান রুমন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামী হঠাৎ হারিয়ে যাওয়ায় তাঁর স্ত্রী দিশেহারা প্রায়। ওয়াসিম ভাই শেষ সময়টায় স্বল্পভাড়ায় থাকার জন্য টঙ্গীর কাছে একটা মেসে জায়গা করে নিয়েছিলেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ছোট বাসালিয়া গ্রামে। রেখে গেছেন স্ত্রী ও দুই পুত্র-কন্যা। কষ্টেসৃষ্টে মেয়েটির বিয়ে দিয়েছিলেন। ছেলেটি লেখাপড়া করতে না পারা বেকার। চলচ্চিত্রের কাজ কমে যাওয়ায় নিজের উপার্জনে আর সংসার চালাতে পারছিলেন না। তাই তাঁর স্ত্রী বাধ্য হয়েই কাজ নিয়েছিলেন একটি পোশাক তৈরির কারখানায়। কিন্তু অনভিজ্ঞ শ্রমিক হওয়ায় সংসারে অর্থের জোগান দিতে পেরেছেন সামান্যই। এখন স্বামীহারা হয়ে হতাশার মধ্যেই নিমজ্জন। কার কাছে যেন শুনেছেন, ওয়াসিমের পকেটে থাকা ছেঁড়া মানিব্যাগটি কেউ কুড়িয়ে পেয়েছেন। পকেটে একটা ছবিসহ ৫০০ টাকার একটা নোট ছিল। সেই মানিব্যাগটা ফিরে পাওয়ার জন্য তিনি দিন গুনছেন। সেই ৫০০ টাকা স্বামীর ছবিটার চেয়ে একটুও কম গুরুত্বপূর্ণ হবে না তাঁর কাছে। কারণ, উপোস থাকার অভিজ্ঞতা যার আছে সে জানে, এক কেজি চালের মূল্য স্মৃতির মূল্যের চেয়ে একটুও কম নয়। ঝালকাঠির গৌরবপাশা গ্রামে মুস্তাফিজের বাড়ি। তারেক ভাই আদর করে ডাকতেন ‘মুশ্তাফিশ’। সদ্য কৈশোর উত্তীর্ণ এই তরুণের দাফন হয়েছে তাঁর পৈতৃক ভিটার পাশেই। ভালোবেসে অল্প বয়সে বিয়ে করেছিলেন মামাতো বোন পপিকে। কিশোরী স্ত্রীর কোলে বিয়ের পরের বছরই আসে এক কন্যা। টেলিভিশনের নাটক দেখে নাম রেখেছিলেন ‘মাইশা’। গাড়ি চালনায় খানিক বিরতি পেলেই ফোনে কথা বলতেন প্রিয়তমা স্ত্রীর সঙ্গে, শুনতে চাইতেন সন্তানের কণ্ঠস্বর। দুঃখজনক কারণে মুস্তাফিজের মৃত্যুর পর তাঁর স্ত্রী শ্বশুরবাড়ির অবস্থানটি হারিয়ে ফেলে। এখন শিশুকন্যা নিয়ে বাবার বাড়িতে বাক্হীন অবস্থায় দিন কাটাচ্ছে বলে জানালেন তার এক আত্মীয়। আমরা কেউ কি তাঁদের পাশে দাঁড়াতে পারব? আমাদের কারও কি সময় হবে?ওয়াসিম ভাই, মুস্তাফিজ, জামাল—মহাসড়কের মরণফাঁদে তোমরাও অমর। মেধাবী প্রাণের সঙ্গে তোমাদের শ্রমক্লান্ত দেহ একই সঙ্গে শূন্যে মিলিয়ে গেছে। তোমাদের কি আমরা সম্মানের সঙ্গে বিদায় জানাতে পারলাম? আমাদের নাগরিক মন, আমাদের শ্রেণীচেতনা হয়ত অতটা উদার হতে জানে না। তোমরা আমাদের ক্ষমা করো। প্রসূন রহমান: লেখক, নাট্যকার ও চলচ্চিত্রকর্মী। সহকারী পরিচালক: নরসুন্দর, রানওয়ে এবং প্রস্তাবিত কাগজের ফুল।