ওয়াসিম আরেংয়ের সুখ-দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমেশ্বরী নদীটিতে এখন বিপুল স্রোত। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসছে জল। আকাশে প্রখর সূর্য, কিন্তু নদীর ধারে শীতল হাওয়া। বিরিশিরি থেকে নৌকা পার হলেই সুসং দুর্গাপুর। সেখানে আছে সাদা মাটির পাহাড়। আর আছে গারো গুচ্ছগ্রাম। বিজয়পুর বিডিআর চৌকিতে গিয়েও দেখা যায় বাংলাদেশের শেষ সীমানা।বড় একটি দল আমাদের। নদী পার হয়ে আটটি রিকশা নিয়ে চলেছি। তারই একটি চালাচ্ছিলেন ওয়াসিম আরেং। নদীর ধার দিয়ে কিছুদূর চলার পর ওয়াসিমের রিকশার নিচেই পা চলে গেল এক ছাগলের বাচ্চার। ‘ম্যা ম্যা’ করে আকাশ-বাতাস কাঁপিয়ে ডাকতে থাকল সেটা। আর বলা নেই-কওয়া নেই, কোথা থেকে ছুটে এলেন এক নারী। ওয়াসিমের গুষ্টি উদ্ধার করতে শুরু করলেন। থেমে গেল সব রিকশা। জমে গেল ভিড়। ওই নারী অনেকক্ষণ ধরে যা বললেন, তাতে বোঝা গেল, ছাগলের বাচ্চাটার পা ভেঙে গেছে, ক্ষতিপূরণ না দিয়ে ওয়াসিম কোথাও যেতে পারবেন না। তাঁকে বোঝানো হলো, রিকশাগুলো ফিরবে তিন ঘণ্টার মধ্যেই। এরপর বিষয়টির ফয়সালা হবে।রোদ বাড়ছে। রিকশাগুলো সারিবদ্ধভাবে চলেছে। অন্য রিকশাচালকেরাও ওয়াসিমকে গাল দিচ্ছে। বলছে, রিকশা চালানোর সময় চোখ থাকে কোনদিকে? আর কারও রিকশার চাকার তলে তো কিছু পড়ে না।ওয়াসিম নীরবে রিকশা চালিয়ে যান। রিকশা চালাতে গিয়ে ওর হাতের পেশি, পায়ের পেশি কেঁপে কেঁপে ওঠে।কোনো এক সময় কথা বলা হয় তাঁর সঙ্গে। নামটি তো আগেই জানা হয়েছে। এবার জানা গেল গারো আদিবাসীদের প্রতিনিধি তিনি।‘আপনি পড়াশোনা করেছেন?‘করেছি। ক্লাস সিক্স পর্যন্ত।’‘আর পড়েননি কেন?’‘পড়ি নাই, আর্থিক সমস্যা।’‘আপনার বয়স কত?’‘সাতাইশ।’‘বিয়ে করেছেন?’‘জি। তিন বছর আগে। বউয়ের নাম জিতা থিগেদি। সেও গারো।’‘আপনারা থাকেন কোথায়?’‘বামনপাড়া।’‘কবে থেকে রিকশা চালান?’‘দশ-বারো বছর। কৃষিও করি।’‘দিনে আয় করেন কত?’‘রিকশা চালায়ে তিন-চার শ টাকা কামাই হয়।’‘সকালে কী খেয়ে বের হন?’‘ভাত খায়া বের হই। আমার বউ রান্না করে। তিন বেলা ভাত খাই। শাকসবজি খাই। মাছ-মাংস কম খাই।’‘ঢাকায় যান?’‘হ্যাঁ, যাই। মাঝে মাঝে যাই। ওখানে আমি আর আমার বউ একসময় কাজ করছিলাম।’‘কোথায়?’‘বউ কাজ করছে পারলারে, পারসোনায়। আমি একটা বায়িং হাউসে।’‘ফিরে আসলেন কেন?’‘বাড়িতে একটু সমস্যা ছিল।’‘আপনার কি মনে হয়, আপনি সুখী?’হাস্যোজ্জ্বল মুখে বললেন, ‘মোটামুটি সুখী।’‘রিকশা চালাতে ভালো লাগে, নাকি অন্য কিছু করলে ভালো হতো?’‘অন্য কিছু হলে ভালো হতো, কিন্তু এখন তো কাজকাম নাই।’‘কৃষি করেন?’‘জি, করি।’‘কী ফলান?’‘ধান।’সুসং দুর্গাপুরের বিভিন্ন দ্রষ্টব্য স্থান দেখে ফেরার পথে সেই জায়গাটিতে এসে একটু কেঁপে ওঠে বুক। এখন তো ওয়াসিমের বিচার হবে!কিন্তু কিসের কী! দেখি, সেই ছাগ-শিশুটি দিব্যি হেঁটে বেড়াচ্ছে।—জা. রে. নূ