
রাত দুটো বেজে দশ। সুনসান নীরবতা থাকার কথা। তার বদলে এখানে মানুষের কোলাহল। তবে একটু চাপা কোলাহল। আলোকোজ্জ্বল করিডরে ব্যস্ত-উদ্বিগ্ন মানুষরে ভিড়। মাথার ওপরে বিরামহীনভাবে ঘুরে চলা বুড়ো সিলিং ফ্যানগুলোর মতো মানুষগুলোও ক্লান্তিহীন। তাদের কালি পড়া-লালচে চোখ জানান দিচ্ছে তারা আরও একটি নিদ্রাহীন রাতের জন্য তৈরি।
আদিকালের জেনারেটরে একঘেয়ে শব্দ আর মাথার ওপরে ফ্যানের ক্যাঁচক্যাঁচ শব্দ ছাপিয়ে মাঝেমধ্যে শোনা যাচ্ছে কোনো এক বৃদ্ধার বুকফাটা আর্তনাদ। তার কোনো আত্মীয় কি মারা গেছে? হয়তো বা। তবে তাতে কারও কোনো ভাবান্তর হচ্ছে না।
যেখানে প্রতিনিয়তই লেখা হয় শেষনিশ্বাসের গল্প; মৃত্যু সেখানে শুধু একটি শব্দ। খুব সাধারণ একটি ব্যাপার। জীবন এখানে শুধু আরেকটি নতুন সূর্য দেখার ক্লান্ত ইচ্ছা। শেষনিশ্বাসের গল্পগুলো এখানেই লেখা হয়। কিংবা কখনো লেখা হয় নতুন পথচলার গল্প। মৃত্যুকে সাময়িকভাবে পরাজিত করার কাব্য!
ওয়ার্ড ছয়ের ২৩ নম্বর বিছানায় এক ভদ্রলোক যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার অবস্থা খুব একটা ভালো না। চিকিৎসক পরিষ্কারভাবে কিছু বলতে চাচ্ছেন না। তবে এর মধ্যেই লোকটার বড় ছেলে বাবাকে বেশ কয়েকবার হাসিমুখে মিথ্যা আশ্বাস দিয়ে ফেলেছে। না, কিছুই হয়নি তার বাবার। কী আর হবে! হয়তো কাল-পরশুই রিলিজ হয়ে যাবে বাবা। না হলে বটবৃক্ষ হয়ে তাদের মাথার ওপর ছায়া দেবে কে!
কখনো কখনো মিথ্যাই সুন্দর, মিথ্যাই সত্য।
বৃদ্ধার চিৎকার এখন আর শোনা যাচ্ছে না। বোধ হয় তিনি জ্ঞান হারিয়েছেন আবার। শোক সামলে উঠতে বেশ সময় লাগবে তার। তবে আস্তে আস্তে ঠিকই সামলে উঠবে। কদিন পর ঠিক একইভাবে তার জন্যও হয়তো কেউ চোখে পানি ফেলবে। বিদায়বেলায় অন্য কারও বুকফাটা আর্তনাদে ভারী হবে চারপাশ।
কিন্তু দিন শেষে একটি কথাই ধ্বনিত হবে আবারও...
জীবন কারও জন্য থেমে থাকে না।
সাদমান মুজতবা
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ