ওয়েন জিয়াবাও ‘জনগণের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা যায় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি মনে করেন, বৈশ্বিক অর্থনীতি এখন স্থিতিশীল ও দৃঢ়? কিংবা আপনি কি এ নিয়ে উদ্বিগ্ন যে যুক্তরাষ্ট্র আবারও মন্দার দিকে ফিরে যেতে পারে?আমি মনে করি, বৈশ্বিক অর্থনীতি পূর্বাবস্থায় ফিরে যাচ্ছে। যদিও এর প্রক্রিয়া ধীর এবং জটিল। আশা করব, যুক্তরাষ্ট্রের অর্থনীতি দ্রুতই সামলে উঠবে। কারণ যত যাই হোক, মার্কিন অর্থনীতিই বিশ্বের সবচেয়ে বড়। আমি প্রেসিডেন্ট বারাক ওবামার নেওয়া সাম্প্রতিক নীতি ও পদক্ষেপ খেয়াল করে দেখেছি। আমি মনে করি, তা সঠিক পথেই আছে।অর্থনৈতিক সংকট থেকে আপনি কী শিক্ষা নিয়েছেন? আপনি কি যুক্তরাষ্ট্রের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর আস্থা হারিয়েছেন?অর্থনৈতিক সংকট থেকে আমি সবচেয়ে বড় যে শিক্ষা পেয়েছি, তা হলো রাষ্ট্র চালাতে গেলে অর্থনীতির কাঠামোগত সমস্যা মোকাবিলার দিকে নজর দেওয়া খুব জরুরি। চীন বিপুল অগ্রগতি করেছে। তা সত্ত্বেও আমি অন্যতম প্রথম ব্যক্তি যে বলেছে আমাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এখনো ভারসাম্য, সমন্বয় ও টিকে থাকার সক্ষমতার অভাব রয়েছে। সাম্প্রতিক এই আর্থিক সংকট আমার এ ধারণাকেই জোরদার করেছে। আমি বরাবরই মনে করে এসেছি যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভিত্তি খুব দৃঢ়। তাদের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত মেধা এবং ব্যবস্থাপনা-সংক্রান্ত বিশেষজ্ঞ সামর্থ্য রয়েছে। আমার বিশ্বাস, তারা সংকট কাটিয়ে উঠবে।মত প্রকাশের ওপর এত বিধিনিষেধ এবং ইন্টারনেটের ওপর সেন্সর সত্ত্বেও চীন কি একটি শক্তিশালী ও সৃষ্টিশীল রাষ্ট্র হতে পারবে?যেকোনো দেশের জন্য মত প্রকাশের স্বাধীনতা অপরিহার্য। চীনের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনে প্রায় ৪০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী ও ৮০ কোটি মুঠোফোন গ্রাহক রয়েছেন। সমালোচনাসহ অন্যান্য মত ব্যক্ত করার জন্য তাঁরা ইন্টারনেট ব্যবহার করতে পারেন। আমি প্রায়ই বলি, শুধু মত প্রকাশের স্বাধীনতা থাকলে চলবে না; তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে জনগণ সরকারের কাজের সমালোচনা করতে পারে। অবশ্যই সবকিছু করতে হবে সংবিধান ও আইনের আওতার মধ্যে। চীনের মতো একটি বিশাল দেশের জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ।শেনজেনে দেওয়া আপনার একটি ভাষণ শুনে আমি বিশেষ রকম চমৎকৃত হয়েছিলাম। ওই ভাষণে আপনি বলেছিলেন, ‘অর্থনৈতিক সংস্কারের সঙ্গে আমাদের রাজনৈতিক সংস্কারও করতে হবে।’ কিন্তু চীনের অনেক মানুষই বলেন, গত ছয় সাত বছরে যথেষ্ট রাজনৈতিক সংস্কার হয়নি।নিচের চারটি বাক্যের মাধ্যমে আমি আমার রাজনৈতিক আদর্শ সংক্ষেপে তুলে ধরে থাকি। ১. সবাইকে মর্যাদার সঙ্গে সুখী জীবন যাপন করতে দিতে হবে। ২. সবাই যেন নিরাপদ ও নিশ্চিন্ত বোধ করে। ৩. সমাজে যেন সমতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হতে পারে। ৪. সবাই যেন ভবিষ্যতের ওপর আস্থা রাখতে পারে। সমাজে বিভিন্ন ধরনের আলোচনা এবং কিছু সম্ভাব্য প্রতিরোধ সত্ত্বেও আমি এসব আদর্শের ভিত্তিতে অবিচলিতভাবে এগিয়ে যাব এবং নিজের সামর্থ্যের মধ্যে যতটা পারা যায় রাজনৈতিক পুনর্গঠনের কাজ এগিয়ে নেব।রেনমিনবির দাম আরেকটু বাড়ালে ভালো হতো না?এখানে তিনটি বিষয়। প্রথমত, চীন বাণিজ্য উদ্বৃত্তকে লক্ষ্য করে ধাবিত হচ্ছে না। আমরা আমাদের বৈদেশিক লেনদেনে একটি মৌলিক ভারসাম্য চাই। দ্বিতীয়ত, কোনো দেশের বাণিজ্য উদ্বৃত্ত বৃদ্ধির সঙ্গে সে দেশের মুদ্রানীতির যে সম্পর্ক থাকবেই তা ঠিক নয়। তৃতীয়ত, আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতা মূলত কাঠামোগত। যুক্তরাষ্ট্রে যেসব চীনা পণ্য রপ্তানি করা হয়, তার অনেকগুলোই দেশটি নিজে এখন আর উৎপাদন করে না। আমি মনে করি না যে যুক্তরাষ্ট্র এসব পণ্য আবার উৎপাদন শুরু করবে। এমনকি, আপনি যদি এসব পণ্য চীন থেকে না-ও কেনেন, তাহলে তা ভারত, শ্রীলঙ্কা বা বাংলাদেশ থেকে কিনতে হবে।গত কয়েক মাসে আপনি কি এমন কোনো বই পড়েছেন, যা আপনার মনে দাগ কেটেছে?আমার বইয়ের তাকে সব সময় যেসব বই থাকে, তা হলো ইতিহাসবিষয়ক বই। কারণ আমি বিশ্বাস করি, ইতিহাস হচ্ছে আয়নার মতো। চীনা ইতিহাস ও অন্য দেশের ইতিহাস—দুই ধরনের ইতিহাসই আমি পড়তে পছন্দ করি। ভ্রমণের সময় আমি প্রায়ই দুটি বই সঙ্গে রাখি। একটি হচ্ছে অ্যাডাম স্মিথের দ্য থিওরি অব মোর‌্যাল সেন্টিমেন্টস এবং মার্কাস অরেলিয়াসের দ্য মেডিটেশনস। আজকাল অনেক আত্মজীবনী বিক্রি হয়। কিন্তু আমি এসব বই পছন্দ করি না।আপনি রাজনৈতিক সংস্কার অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। আপনি কি বিশ্বাস করেন, চীনা নেতৃত্বের পরবর্তী প্রজন্ম আপনার দর্শনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে?প্রথমে একটি চীনা প্রবাদের অনুকরণে বলব, ইয়াংজি নদীর একের পর এক ঢেউ আসার মতো নতুন প্রজন্ম ব্যতিক্রমহীনভাবে পুরোনোকে ছাড়িয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যৎ চীনা নেতৃত্ব পুরোনোকে ছাড়িয়ে যাবে। দ্বিতীয়ত, মানুষ ও তার শক্তিই একটি দেশের ভবিষ্যৎ ও ইতিহাস নির্ধারণ করে। জনগণের আকাঙ্ক্ষা ও ইচ্ছাকে দমিয়ে রাখা যায় না। যাঁরা এর সঙ্গে তাল মিলিয়ে চলবেন, তাঁরা সাফল্য পাবেন আর যাঁরা এর বিরুদ্ধে যাবেন, তাঁরা ব্যর্থ হবেন। ভাষান্তর : দাউদ ইসলাম