পটিয়ায় উপজেলা ও ইউনিয়নভিত্তিক প্রতিদিনের প্রয়োজনীয় তথ্য কীভাবে আপলোড করবে সেই বিষয়ে চার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রকল্পের আওতায় ২০ থেকে ২৩ জুলাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওয়েব পোর্টাল তৈরির লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের কম্পিউটার কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় উপজেলার বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা, ২১টি ইউনিয়নের সচিব ছাড়াও তথ্য সেবাকেন্দ্রের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। ২০ জুলাই সকালে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি দাশ। কর্মশালাটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েব ডেভেলপার আমিনুল ইসলাম শামীম। তাঁকে সহায়তা করেন পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার।